ঢাকা বোর্ড ২০২৫

১. উদ্দীপক

? → নাগরিক → অধিকার ও কর্তব্য → রাষ্ট্র, বিশ্বমানবতা
উত্তর নিয়মনীতি মেনে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা এবং সংশ্লিষ্ট তথ্য জনগণের কাছে উন্মুক্ত ও সহজলভ্য রাখাকে স্বচ্ছতা বলে।
উত্তর ও জবাবদিহিতা প্রয়োজন, কারণ এটি সুশাসন প্রতিষ্ঠা ও সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। জবাবদিহিতা বলতে বোঝায় কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা ও কর্মের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকা। এটি নিশ্চিত হলে ক্ষমতার অপব্যবহার রোধ হয় এবং প্রশাসনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ে। জনগণের অধিকার ও প্রয়োজন অনুসারে কাজ করা সহজ হয়। জবাবদিহিতা থাকলে শাসনব্যবস্থা আরও কার্যকর ও গণমুখী হয়ে ওঠে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূলভিত্তি।
উত্তর লেখচিত্রটির "?" চিহ্নিত স্থানে আমার পাঠ্যবইয়ের পৌরনীতি ও সুশাসন বিষয়টির পরিধিকে ইঙ্গিত করা হয়েছে।
পৌরনীতি ও সুশাসনের আলোচনার কেন্দ্রবিন্দু হলো নাগরিক। একটি রাষ্ট্রের উন্নতি-অবনতি, উত্থান-পতন, সফলতা-ব্যর্থতা নির্ভর করে রাষ্ট্রের নাগরিকের ভূমিকার ওপর। উত্তম নাগরিক রাষ্ট্রের সম্পদ। নাগরিকের উত্তম ও পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই মূলত রাষ্ট্রের উৎপত্তি। এসব কারণে পৌরনীতিকে নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয়। আবার, নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য যেমন অধিকার অপরিহার্য, তেমনি রাষ্ট্রকে সচল, গতিশীল ও প্রাণবন্ত করার জন্য কর্তব্য পালন আবশ্যক। অধিকার ভোগ করতে হলে একজন নাগরিককে যেসব কর্তব্য পালন করতে হয় এবং অধিকার যেভাবে বিভিন্ন ধরনের কর্তব্যের সাথে সম্পর্কিত পৌরনীতি তা আলোচনা করে। তাছাড়া রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস, রাষ্ট্রের উপাদানসমূহ, রাষ্ট্রের উদ্দেশ্য ও কার্যাবলি, সরকারের প্রকৃতি ও শ্রেণিবিভাগ এবং কার্যাবলি প্রভৃতি বিষয় নাগরিক জীবনের সাথে জড়িত। পৌরনীতি এসব বিষয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। এছাড়া নাগরিক জীবন আজ স্থানীয় ও জাতীয় গণ্ডির সীমানা পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশই বর্তমানে প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাহায্য ও সহযোগিতা কামনা করে। এক্ষেত্রে বিশ্বশান্তি ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্যই মানুষ গড়ে তুলেছে জাতিসংঘসহ বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। পৌরনীতি ও সুশাসন এসব প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করে।
উদ্দীপকের লেখচিত্রে দেখানো তথ্যগুলো হলো নাগরিক, অধিকার ও কর্তব্য এবং রাষ্ট্র, বিশ্বমানবতা। এসব তথ্যগুলো পৌরনীতি ও সুশাসনের পরিধিকেই উপস্থাপন করে।
তাই বলা যায়, লেখচিত্রটির "?" চিহ্নিত স্থানে আমার পাঠ্যবইয়ের পৌরনীতি ও সুশাসন বিষয়টির পরিধিকে ইঙ্গিত করা হয়েছে।
উত্তর হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত বিষয়টি তথা পৌরনীতি ও সুশাসন নাগরিককে কর্তব্য সম্পর্কে সচেতন করে সুনাগরিক হিসেবে গড়ে তোলে।
সুনাগরিক সেই ব্যক্তি যিনি নিজ দেশের আইন মেনে চলেন, দায়িত্ব ও কর্তব্য পালনে সচেতন, অপরের অধিকারকে সম্মান করেন এবং রাষ্ট্রের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করেন। আত্মনিয়ন্ত্রণ, বিবেকবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতা- এই গুণগুলো একজন সুনাগরিকের বৈশিষ্ট্য। তিনি দেশপ্রেমিক, শৃঙ্খলাপরায়ণ এবং সমাজকল্যাণে আগ্রহী।
পৌরনীতি ও সুশাসন বিষয়টি একজন নাগরিককে দায়িত্বশীল করে গড়ে তোলে। এটি অধ্যয়নের ফলে নাগরিক নিজ অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয় এবং সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যাবলি বুঝতে পারে। নাগরিকতার সাথে যুক্ত নানা গুণ যেমন উদারতা, সহনশীলতা, সততা ও দায়িত্ববোধ তার মধ্যে বিকশিত হয়। নাগরিকের ভেতরে গোঁড়ামি ও সংকীর্ণতা দূর হয়ে বিচারবোধ ও যুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। ফলে সে সমাজে শৃঙ্খলা বজায় রাখে এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। সুশাসনের উপাদানসমূহ যেমন আইনের শাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ, স্থানীয় সরকারের শক্তিশালীকরণ ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে সে রাষ্ট্রীয় নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত হয়। সে জানে কীভাবে নেতৃত্ব গড়ে তুলতে হয় এবং কোন পথে জাতি উন্নতির দিকে এগোতে পারে। পাশাপাশি সে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা অনুভব করে এবং জনগণের কল্যাণে কাজ করতে আগ্রহী হয়।
পরিশেষে বলা যায়, একজন নাগরিক যখন অধিকার ও কর্তব্যের মধ্যে ভারসাম্য রক্ষা করতে শেখে, তখনই সে সত্যিকার অর্থে সুনাগরিকে পরিণত হয়।

২. উদ্দীপক

'ক' রাষ্ট্র নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য একটি আইন প্রণয়ন করে। এই আইন প্রণয়নের ফলে জনগণ তাদের প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজে জানতে পারবে। ফলে দেশটিতে দুর্নীতি হ্রাস পাবে।
উত্তর আইনগত অধিকার হলো সেসব অধিকার যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত।
উত্তর সামাজিক অধিকার মানুষের মৌলিক চাহিদা পূরণ, সমাজে মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য অপরিহার্য। সামাজিক অধিকারগুলো সাধারণত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের অন্তর্ভুক্ত; যা একটি দেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদে স্বীকৃত। এই অধিকারগুলো ব্যক্তির জীবনযাত্রার মানোন্নয়নে এবং একটি উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া সামাজিক অধিকার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকলের সামাজিক অধিকার প্রয়োজন।
উত্তর উদ্দীপকের 'ক' রাষ্ট্রে তথ্য অধিকার আইনের ইঙ্গিত রয়েছে।
তথ্য অধিকার আইন, ২০০৯ বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ আইন, যা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করে। এই আইনের মাধ্যমে সরকার, স্বায়ত্তশাসিত সংস্থা ও বেসরকারি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ আইন ২০০৯ 'সালের ৫ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি পায় এবং ৬ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয়।
তথ্য অধিকার আইন অনুযায়ী, তথ্য জানার অধিকারকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জনগণ রাষ্ট্রের ক্ষমতার মালিক হওয়ায় তাদের তথ্য জানার সুযোগ দিতে হবে- এই বিশ্বাস থেকেই আইনটি তৈরি হয়। এ আইন কার্যকর হওয়ার ফলে জনগণ প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সচেতন হতে পারে, অন্যায়-অনিয়ম প্রকাশ্যে আসে এবং স্বচ্ছতা নিশ্চিত হয়। ফলে দুর্নীতি কমে, এবং সুশাসনের পথ সুগম হয়। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্র একটি আইন প্রণয়ন করেছে. যার ফলে জনগণ সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবে এবং এতে দুর্নীতি হ্রাস পাবে। এই পরিস্থিতির বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি বাংলাদেশের তথ্য অধিকার আইন, ২০০৯-এর ইঙ্গিত বহন করে।
অতএব, 'ক' রাষ্ট্রে যেই আইনটির কথা বলা হয়েছে, তা তথ্য অধিকার আইন বলেই চিহ্নিত করা যায়।
উত্তর হ্যাঁ, উদ্দীপকের উল্লিখিত আইন তথা বাংলাদেশের তথ্য অধিকার আইন নাগরিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি।
নাগরিক জীবনে তথ্য অধিকার আইন গণতন্ত্রের ভিত্তি মজবুত করে। এই আইন জনগণের জানার অধিকারকে প্রতিষ্ঠিত করে, ফলে রাষ্ট্রের কর্মকাণ্ডে স্বচ্ছতা আসে। নাগরিকরা প্রশাসনিক সিদ্ধান্ত, সেবার মান ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে সচেতন হতে পারে, যা দায়িত্বশীল শাসনের পথ সুগম করে এবং দুর্নীতি হ্রাসে সহায়ক হয়।
'ক' রাষ্ট্রে প্রণীত আইনের ফলে জনগণ প্রয়োজনীয় তথ্য দ্রুত জানতে পারবে- বাংলাদেশেও ঠিক তেমনই তথ্য অধিকার আইন কার্যকর হওয়ায় নাগরিক জীবনে ইতিবাচক প্রভাব পড়ছে। উদাহরণস্বরূপ, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন খাতে তথ্য পাওয়ার সুযোগ বাড়ার ফলে জনসেবায় জবাবদিহি বেড়েছে এবং দুর্নীতির সুযোগ কমেছে। তবে এ প্রভাব পুরোপুরি বাস্তবায়নে কিছু বাধা রয়েছে। শহরকেন্দ্রিক সচেতনতা, প্রযুক্তির ঘাটতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অভাব এবং - তথ্যপ্রদানে অনীহা এখনও বড় সমস্যা। অনেক দপ্তর তথ্য চেয়ে আবেদন গ্রহণেই অনীহা দেখায় বা সময়মতো তথ্য সরবরাহ করে না। তথ্য সংরক্ষণে ডিজিটাল প্রযুক্তি না থাকায় প্রক্রিয়াও ধীরগতির। প্রশাসনিক অভ্যস্ততায় তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক সময় উর্ধ্বতনের অনুমতির অপেক্ষা করতে হয়। উপরন্তু, তথ্য প্রদানে ব্যর্থতার জন্য জরিমানার হার এতই কম যে, তা অধিকাংশ ক্ষেত্রে নিরুৎসাহমূলক নয়। এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তথ্য আইন নাগরিকদের রাষ্ট্রীয় সম্পদ ও সেবার ওপর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে সাহায্য করছে।
সুতরাং, তথ্য অধিকার আইন নাগরিকদের সচেতন, সক্রিয় ও শক্তিশালী করে তোলায় নির্ভরযোগ্য ভূমিকা রাখে- এই আইনের যথাযথ প্রয়োগ নাগরিক জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

৩. উদ্দীপক

'ক' রাষ্ট্রের নাগরিকগণ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারে। যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না। সরকারি সব সুযোগ লাভের সমঅধিকার তাদের রয়েছে।
উত্তর অপরের সুখে সুখী ও দুঃখে দুঃখী হওয়া, বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করাই সহমর্মিতা।
উত্তর সামাজিক ন্যায়বিচার প্রয়োজন সমাজে সমতা, মর্যাদা ও মানবিক অধিকার নিশ্চিত করার জন্য। সামাজিক ন্যায়বিচার এমন একটি নীতি যা প্রতিটি মানুষকে সমান অধিকার, সুযোগ ও মর্যাদা দিতে সাহায্য করে। সমাজে ধনী-গরিব, নারী-পুরুষ বা বিভিন্ন পেশার মানুষের মধ্যে যেন বৈষম্য না থাকে, তা নিশ্চিত করতে সামাজিক ন্যায়বিচার প্রয়োজন। এটি নাগরিকদের মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে এবং সমাজকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখে। তাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সামাজিক ন্যায়বিচার অপরিহার্য।
উত্তর উদ্দীপকের 'ক' রাষ্ট্রের নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে।
রাষ্ট্রীয় শাসনকার্যে অংশগ্রহণের নিমিত্তে যে স্বাধীনতা মানুষ ভোগ করে তাই রাজনৈতিক স্বাধীনতা। আধুনিক গণতন্ত্রের যুগে বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকগণই রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে থাকে। ভোট প্রদানের স্বাধীনতা, নির্বাচিত হওয়ার স্বাধীনতা, সরকারি চাকরি লাভের স্বাধীনতা প্রভৃতি এর অন্তর্ভুক্ত। গণতান্ত্রিক -শাসনব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতার গুরুত্ব অপরিসীম।
উদ্দীপকের 'ক' রাষ্ট্রের নাগরিকগণ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারে। যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না। সরকারি সব সুযোগ লাভের সমঅধিকার তাদের রয়েছে। এরূপ বর্ণনায় স্পষ্টত রাজনৈতিক স্বাধীনতার চিত্র প্রকাশ পেয়েছে।
উত্তর উদ্দীপকের 'ক' রাষ্ট্রের নাগরিকরা রাজনৈতিক সুবিধা ভোগ করে বিধায় রাষ্ট্রে সাম্য প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি।
স্বাধীনতা ও সাম্য একে অপরের পরিপূরক। স্বাধীনতা ছাড়া সাম্য যেমন - অর্থহীন, তেমনি সাম্য ছাড়া স্বাধীনতাও বাস্তবে কার্যকর হয় না। একটির অনুপস্থিতিতে অপরটি বাধাগ্রস্ত হয়। ব্যক্তি ও সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভর, যখন সমাজে সকল নাগরিক সমান অধিকার ভোগের পাশাপাশি স্বাধীনভাবে মত প্রকাশ ও অংশগ্রহণের সুযোগ পায়।
উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রে নাগরিকরা স্বাধীনভাবে প্রার্থী হতে ও ভোট দিতে পারে এবং সরকারি সুবিধা ভোগে সমান সুযোগ পায়। এই পরিস্থিতি সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক। কারণ, রাজনৈতিক অধিকার যখন সকলের জন্য উন্মুক্ত হয় এবং রাষ্ট্র কোনো বৈষম্য করে না, তখন সমাজে সমতার পরিবেশ তৈরি হয়। তবে এটিও মনে রাখা জরুরি যে, শুধু রাজনৈতিক স্বাধীনতা থাকলেই সাম্য নিশ্চিত হয় না। অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাগত সুযোগ-সুবিধায়ও সমতা থাকা প্রয়োজন। যদি কোনো শ্রেণি বা গোষ্ঠী বাস্তবে এসব সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে আইনি বা রাজনৈতিক অধিকার থাকলেও প্রকৃত সাম্য প্রতিষ্ঠিত হয় না। তাই 'ক' রাষ্ট্রের পরিস্থিতি সাম্য প্রতিষ্ঠার একটি ভিত্তি তৈরি করলেও, তা সম্পূর্ণ বাস্তবায়িত হয় তখনই যখন নাগরিকদের মধ্যে আর্থসামাজিক সাম্য নিশ্চিত হয়। স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থিতা নিশ্চিত করা সাম্যের পথ প্রশস্ত করে, তবে সেটির পরিপূর্ণতা নির্ভর করে বাস্তব সুবিধা বণ্টনের ওপর।
অতএব, নাগরিক স্বাধীনতার সুযোগ থাকলে সাম্য প্রতিষ্ঠার সম্ভাবনা থাকে, তবে তা কার্যকর করতে হলে সমাজের প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

৪. উদ্দীপক

সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় দেশের সব অঞ্চলের সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ তহবিলে টাকা দেওয়ার জন্য লাইন পড়ে যায়। খাবার, পানি, বস্ত্র ও ওষুধ নিয়ে মানুষ ছুটে যায় বন্যার্তদের কাছে। এটি ছিল এদেশের মানুষের মানবতাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উত্তর অন্যের অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী কাজ করার সুযোগকে স্বাধীনতা বলে।
উত্তর অর্থনৈতিক সাম্য বলতে উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে সমান সুযোগ প্রদান করাকে বোঝায়। অর্থনৈতিক সাম্যের ক্ষেত্রে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র, সকল মানুষ কাজ করার ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে। এছাড়াও অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্যও মূল্যহীন এবং অর্থনৈতিক সাম্য নিশ্চিত করা সম্ভব হলে যেকোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা অনেকটা সহজ হয়ে যায়। এজন্যই অর্থনৈতিক সাম্য প্রয়োজন।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত মানুষের কর্মকান্ডে সামাজিক মূল্যবোধ ফুটে উঠেছে।

সামাজিক মূল্যবোধ হলো মানুষের মানবিক আচরণ ও পারস্পরিক সম্পর্কের ভিত্তি। সহানুভূতি, সহমর্মিতা, দানশীলতা, আতিথেয়তা, শৃঙ্খলা ও আত্মত্যাগের মতো গুণাবলি সামাজিক মূল্যবোধের অন্তর্গত। এই মূল্যবোধ ব্যক্তি ও সমাজকে নৈতিকভাবে পরিচালিত করে এবং অন্যের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। সামাজিক মূল্যবোধ মানুষকে সংঘবদ্ধ, সহনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।

সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দেশের সর্বস্তরের মানুষ দান, সেবা ও সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নিয়েছে। কেউ অর্থ সহায়তা করেছে, কেউ খাদ্য, পানি ও ওষুধ নিয়ে দুর্গত এলাকায় ছুটে গেছে। এসব কর্মকাণ্ড নিছক করুণা বা আনুষ্ঠানিক দায়িত্ব পালনের বহিঃপ্রকাশ নয়; বরং মানুষের প্রতি দায়িত্ব, সহানুভূতি ও সহমর্মিতার বাস্তব প্রকাশ। সামাজিক মূল্যবোধ অনুযায়ী, অন্যের দুঃখে পাশে দাঁড়ানো এবং তাদের বিপদে সাহায্য করা একটি নৈতিক দায়িত্ব। এখানে আত্মত্যাগ, দানশীলতা ও মানবতার সঠিক অনুশীলন ঘটেছে। এই উদ্যোগ প্রমাণ করে, দেশের মানুষ এখনও সামাজিক দায়িত্ব ও নৈতিক চেতনায় উজ্জীবিত। এ ধরনের আচরণ সমাজে পারস্পরিক বিশ্বাস ও সহানুভূতির বন্ধন দৃঢ় করে তোলে এবং সমষ্টিগতভাবে সমাজকে আরো মানবিক করে তোলে।

তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো দেশের জনগণের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে সামাজিক মূল্যবোধের একটি উজ্জ্বল প্রতিফলন।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত মানুষের কর্মকাণ্ড সামাজিক ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।
সামাজিক ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। মূল্যবোধ মানুষকে সচেতন, সহানুভূতিশীল, দায়িত্বশীল এবং পরস্পরের কল্যাণে ব্রতী করে তোলে। যখন একটি সমাজে সহানুভূতি, সহমর্মিতা, দায়বদ্ধতা, মানবিকতা ও নাগরিক কর্তব্যবোধ বিকশিত হয়, তখন সেই সমাজে পারস্পরিক সহাবস্থান, সম্মান ও সমতার ভিত্তিতে সামাজিক ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা লাভ করে।
উদ্দীপকে দেখা যায়, দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। কেউ অর্থ দান করেছে, কেউ খাবার, পানি ও ওষুধ নিয়ে ছুটে গেছে দুর্গত মানুষের পাশে। এই কর্মকাণ্ড মানবতাবোধ ও সামাজিক দায়িত্ববোধের জাগ্রত রূপ। এটি নাগরিক সচেতনতা, কর্তব্যবোধ, সহানুভূতি ও সহমর্মিতার বাস্তব প্রকাশ, যা সমাজে সুশাসনের মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক। ব্যক্তি ও সমাজ যখন কেবল নিজের স্বার্থ নয়, অন্যের কষ্ট উপলব্ধি করে কর্মে ঝাঁপিয়ে পড়ে, তখন সেটিই সামাজিক ঐক্যের ভিত্তি গড়ে তোলে। পাশাপাশি, সব শ্রেণি-পেশার মানুষ যখন দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, তখন সকলের প্রতি সমান মর্যাদা ও সহানুভূতি প্রদর্শিত হয়, যা সামাজিক ন্যায়বিচারেরই প্রতিফলন। এখানে কেউ জাতি, ধর্ম বা আর্থিক অবস্থার বিচারে আলাদা হয়নি; বরং একটি সামষ্টিক দায়িত্ববোধ থেকে কাজ করেছে। ফলে সমাজে শ্রেণি-পার্থক্য, দূর হয় এবং সাম্যবোধ দৃঢ় হয়।

অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মানুষের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ঐক্য, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এটি একটি সুস্থ, সহানুভূতিশীল ও মূল্যবোধনির্ভর সমাজ গঠন প্রতিষ্ঠার ইঙ্গিত দেয়।

৫. উদ্দীপক

‘ক’ সংগঠন ‘খ’ সংগঠন
স্বৈরাচার প্রতিরোধ সকল সদস্য সমভাবাপন্ন
গণতন্ত্র সুদৃঢ়করণ অভিন্ন স্বার্থের দ্বারা আবদ্ধ
রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ সরকারি নীতি প্রভাবিত করে
নির্বাচনে প্রার্থী মনোনয়ন ক্ষমতা দখলের অভিলাষ নেই
উত্তর যে নেতৃত্ব এক ব্যক্তি বা দলের হাতে সর্বময় ক্ষমতা কেন্দ্রীভূত করে রাজনৈতিক ও সামাজিক জীবন নিয়ন্ত্রণ করে এবং ভিন্নমত দমন করে, তাকে সর্বাত্মকবাদী নেতৃত্ব বলে।
উত্তর গণতান্ত্রিক নেতৃত্ব জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার উপর আস্থা স্থাপন করে গড়ে ওঠে। একজন গণতান্ত্রিক নেতা মানুষের মুক্তি ও স্বাধীনতায় বিশ্বাসী। গণতান্ত্রিক নেতৃত্ব একজনের নিয়ন্ত্রণে না থেকে অনেক মানুষের নিয়ন্ত্রণে থাকে। এতে প্রত্যেক অংশগ্রহণকারী সংগঠনের একজন মূল্যবান সদস্য হিসেবে গুরুত্ব অনুধাবন করে। এসব কারণে গণতান্ত্রিক নেতৃত্ব প্রয়োজন।
উত্তর উদ্দীপকে উল্লিখিত 'ক' নামক সংগঠনটি হলো রাজনৈতিক দল।
রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয়, রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা অর্জনে আগ্রহী এবং রাজনৈতিক একক হিসেবে কাজ করে। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে সরকারি ক্ষমতা অর্জন করে দলের লক্ষ্যগুলো জনগণের সমস্যার আলোকে বাস্তবায়ন করা।
উদ্দীপকের 'ক' সংগঠনটি সম্পর্কে বলা হয়েছে, এটি স্বৈরাচার প্রতিরোধ করে, গণতন্ত্র সুদৃঢ়করণ, রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ, নির্বাচনে প্রার্থী মনোনয়ন। এ সকল তথ্যগুলো স্পষ্টভাবে রাজনৈতিক দলকে উপস্থাপন করে। কারণ রাজনৈতিক দল জনগণকে একত্রিত করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় সমস্যা সমাধান ও গণতন্ত্র সুদৃঢ়করণে ভূমিকা পালন করে। এছাড়া জনমতের দিকে লক্ষ রেখে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন ও প্রচার, নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং জয়লাভের চেষ্টা করে।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'খ' নামক সংগঠনটি হলো একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠী। সুশাসন প্রতিষ্ঠায় একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অগ্রগণ্য। চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি সংগঠিত সামাজিক গোষ্ঠী, যারা নিজস্ব স্বার্থ কিংবা জনস্বার্থ রক্ষার্থে সরকারের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। তারা সরকারের নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়ে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনসম্মত ও গঠনমূলকভাবে সক্রিয় এই গোষ্ঠীগুলো গণতন্ত্র ও সুশাসনের বিকাশে শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করে।

সুশাসন প্রতিষ্ঠায় চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অগ্রগণ্য। কারণ তারা একদিকে যেমন জনগণের স্বার্থ ও দাবি সরকারে পৌঁছে দেয়, অন্যদিকে সরকারের অগণতান্ত্রিক আচরণের সমালোচনার মাধ্যমে শাসকদের দায়িত্বশীল হতে বাধ্য করে। তারা সরকারের নীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় মতামত প্রদান করে জনঅংশগ্রহণ বৃদ্ধি করে, ফলে আইন হয় গণমুখী। এছাড়া শাসন বিভাগের কর্মকান্ডে নজর রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। সরকারের যেকোনো স্বৈরাচারী প্রবণতা রোধে গণআন্দোলনের মাধ্যমে তারা সক্রিয় ভূমিকা পালন করে, যা জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ। তারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে, যাতে করে অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া কার্যকরভাবে সরকারের কাছে পৌঁছায়। প্রয়োজনে তারা দুর্যোগে সক্রিয় থাকতে পারে, জনমত গঠনে সাহায্য করে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হয়। এসব কর্মপরিধির মাধ্যমে তারা কেবল জনগণের স্বার্থই রক্ষা করে না, বরং একটি জবাবদিহিমূলক ও জনমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক শক্তিতে পরিণত হয়।

সুতরাং বলা যায়, আইনসম্মত ও জনকল্যাণমুখী কার্যক্রমে সক্রিয় চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠায় একটি অপরিহার্য ভূমিকা পালন করে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

তবে সংকীর্ণ গোষ্ঠীস্বার্থে অবৈধ চাপ সুশাসনের পরিপন্থী। তাই সুশাসনে এসব গোষ্ঠীর ইতিবাচক অবদান আইনসম্মত, স্বচ্ছ ও জনকল্যাণমুখী কার্যক্রমের ওপর নির্ভর করে।

৬. উদ্দীপক

মি. জামান একজন শিল্পপতি। তিনি অনেকগুলো কলকারখানার মালিক ও ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত কাজের সাথে জড়িত। মি. জামান প্রতিবছর তার আয়ের সঠিক হিসাব করে সরকারকে কর দিয়ে থাকেন। এছাড়া তার কারখানায় নারী-পুরুষ উভয় ধরনের শ্রমিক একই মজুরি পেয়ে থাকে।
উত্তর নৈতিক অধিকার বলতে আমরা সেসব অধিকারকে বুঝি, যা মানুষের বিচারবুদ্ধি ও ন্যায়বোধ থেকে উদ্ভূত।
উত্তর তথ্য অধিকার নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সঠিক তথ্য ব্যতীত কোনো কাজ বা পরিকল্পনার সঠিক বাস্তবায়ন সম্ভবপর নয়। তথ্য ব্যক্তিগত জীবনে যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাষ্ট্রীয় জীবনেও অপরিহার্য অংশ হয়ে রয়েছে। সঠিক তথ্য না থাকলে আইন বিভাগের আইন প্রণয়ন, শাসন বিভাগের সিদ্ধান্ত গ্রহণ এবং বিচার বিভাগের বিচারকার্য সম্পন্ন করা সম্ভব নয়। মূলত তথ্যের অবাধ প্রবাহ ব্যতীত আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায় না। এসব কারণে তথ্য অধিকার প্রয়োজন।
উত্তর উদ্দীপকের মি. জামান অর্থনৈতিক কর্তব্য পালন করেন।
অর্থনৈতিক কর্তব্য হলো রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও রাষ্ট্রকে আর্থিক সহায়তা প্রদান করা। নাগরিকদের আয় অনুযায়ী কর প্রদান, রাষ্ট্রীয় অর্থ সহায়তায় অংশগ্রহণ এবং অর্থনৈতিক নিয়মনীতি মেনে চলা অর্থনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। এ দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত হয়।
উদ্দীপকে বর্ণিত মি. জামান একজন শিল্পপতি হিসেবে তার ব্যবসায় ও আয়ের সঠিক হিসাব করে প্রতি বছর সরকারকে কর প্রদান করেন। এর মাধ্যমে তিনি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তার অর্থনৈতিক কর্তব্য পালন করছেন। কর প্রদানের অর্থ হলো রাষ্ট্রকে নাগরিক কল্যাণে ব্যয় করার জন্য অর্থ জোগান দেওয়া, যা নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করে। যদি নাগরিকরা কর না দেয়, তবে রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজ ব্যাহত হয়। মি. জামান নিয়মিত কর প্রদান্নে মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্থনৈতিক সহযোগিতা করছেন, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার এই দায়িত্বশীল আচরণ অন্যান্য নাগরিকদেরও অর্থনৈতিক 'কর্তব্য পালনে সচেতন হতে অনুপ্রাণিত করে।
উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. জামানের এরূপ কর্তব্য পালন রাষ্ট্রে নাগরিকের অধিকার ভোগ নিশ্চিত করে- উক্তিটি যথার্থ।

নাগরিকের অধিকার ও কর্তব্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। একজন নাগরিক রাষ্ট্রের কাছ থেকে যেসব অধিকার পায়, তা ভোগের জন্য তাকে কিছু কর্তব্য পালন করতে হয়। যেমন- ভোটাধিকার প্রয়োগ, কর প্রদান, আইন মেনে চলা ইত্যাদি। অধিকার ও কর্তব্য, পরস্পর নির্ভরশীল; একটি ছাড়া অন্যটি পূর্ণতা পায় না। তাই রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, অধিকার ও কর্তব্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

রাষ্ট্র নাগরিককে অধিকার দেয়, কিন্তু সে অধিকার বাস্তবায়নের জন্য। নাগরিককে তার কর্তব্য পালন করতেই হয়। যদি কেউ কেবল, অধিকার দাবি করে কিন্তু কর্তব্য পালন না করে, তবে রাষ্ট্রের পক্ষে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব হয় না। উদাহরণস্বরূপ, কর প্রদান না করলে রাষ্ট্রের উন্নয়ন থেমে যাবে, ফলে শিক্ষা, স্বাস্থ্য বা নিরাপত্তার অধিকারও বাধাগ্রস্ত হবে। আবার কেউ যদি আইন না মানে, তবে অন্যের জীবন বা সম্পদের নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে। এভাবে একজন নাগরিকের কর্তব্য পালন অন্য নাগরিকের অধিকারকে সুরক্ষা দেয়। একইভাবে, ব্যক্তি সমাজ থেকে অধিকার পায় এবং সমাজের প্রতি কর্তব্য পালন করে। তাই অধিকার ও কর্তব্য শুধু ব্যক্তিগত ব্যাপার নয়, বরং সামাজিক ও রাষ্ট্রীয় কল্যাণের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। কর্তব্য পালনের মাধ্যমেই নাগরিক রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখায়, যার ফলে রাষ্ট্র তাকে অধিকার দিতে বাধ্য থাকে।

সুতরাং বলা যায়, অধিকার ও কর্তব্য পরস্পরের পরিপূরক। কর্তব্য পালনের মাধ্যমেই নাগরিক তার অধিকার ভোগের উপযুক্ততা অর্জন করে।

৭. উদ্দীপক

জনাব রফিক 'ক' অঞ্চলের একজন নামকরা অধ্যাপক। জ্ঞান ও শিক্ষা-দীক্ষার পাশাপাশি উদারতা ও দায়িত্ববোধের জন্য নিজ এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি তিনি আসন্ন জাতীয় নির্বাচনে নিজ এলাকার প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উত্তর কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে।
উত্তর রাজনৈতিক দল জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটায় জনসাধারণকে সংগঠিত করে ও রাজনৈতিক তথ্য। প্রচারের মাধ্যমে। রাজনৈতিক দল জনগণের মাঝে রাজনৈতিক চেতনা বৃদ্ধির জন্য সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। তারা দেশের গুরুত্বপূর্ণ সমস্যা ও নীতিমালা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করে, যাতে মানুষ বুঝতে পারে তাদের অধিকার ও দায়িত্ব কী। দলগুলো গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক শিক্ষা দিয়ে মানুষকে যুক্তরাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রণোদিত করে। এর ফলে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি হয়, যা দেশের গণতান্ত্রিক উন্নয়নে সহায়ক হয়।
উত্তর উদ্দীপকের জনাব রফিক বিশেষজ্ঞসুলভ নেতৃত্বের অধিকারী।
বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব হলো এমন এক ধরনের নেতৃত্ব, যেখানে কোনো ব্যক্তি তার অসাধারণ জ্ঞান, পেশাগত দক্ষতা ও শিক্ষা-দীক্ষার মাধ্যমে সমাজে মর্যাদা অর্জন করেন। এই নেতারা সাধারণত অন্যকে প্রভাবিত করার চেষ্টা করেন না, বরং তাদের ব্যক্তিত্ব, মেধা ও দক্ষতার কারণে সমাজের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের অনুসরণ করে।
জনাব রফিক একজন জ্ঞানী, দায়িত্বশীল এবং উদার মানসিকতার অধ্যাপক, যিনি নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয়। তিনি পেশাগতভাবে একজন শিক্ষক এবং সমাজে তার শিক্ষা ও নৈতিক গুণাবলি দ্বারা খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন, যা তার নেতৃত্বের নতুন পরিসরকে নির্দেশ করে। তার এই. নেতৃত্ব রাজনৈতিক হলেও, তা মূলত বিশেষজ্ঞসুলভ নেতৃত্বের পরিণতি। তিনি তার ব্যক্তিগত মেধা, শিক্ষাগত সাফল্য ও সমাজের প্রতি দায়বদ্ধতা দিয়ে জনগণকে প্রভাবিত করছেন। তার জনপ্রিয়তা কোনো রাজনৈতিক প্রচার নয়, বরং মানুষের আস্থা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। অতএব, জনাব রফিক বিশেষজ্ঞসুলভ নেতৃত্বের অধিকারী, যিনি তার মেধা ও গুণের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন।
উত্তর উদ্দীপকে জনাব রফিকের মধ্যে বিদ্যমান গুণাবলি ছাড়া একজন নেতার আরও অনেক গুণ থাকা প্রয়োজন বলে আমি মনে করি।
জনাব রফিক শিক্ষিত, উদার ও দায়িত্বশীল ব্যক্তি হওয়ায় সমাজে তিনি সুপরিচিত। তবে একজন আদর্শ নেতার আরও কিছু গুরুত্বপূর্ণ গুণ থাকা জরুরি। যেমন- একটি জাতিকে নেতৃত্ব দিতে হলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদৃষ্টি থাকা আবশ্যক। সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার ও কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাস অপরিহার্য। উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও দরকার, যা সংকট মোকাবিলায় সহায়ক। পাশাপাশি নিরপেক্ষতা ও ন্যায়নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায্যতা নিশ্চিত হয়। পারদর্শিতা ও গভীর জ্ঞানও একটি দক্ষ নেতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। সর্বোপরি, মানবীয় দিক ও সহানুভূতির মনোভাব থাকা চাই, যাতে নেতার নির্দেশনাকে অনুসরণ করতে জনগণ আগ্রহী হয় এবং পারস্পরিক বিশ্বাস গড়ে ওঠে।
সুতরাং জনাব রফিকের ইতিবাচক বৈশিষ্ট্য থাকলেও একজন যোগ্য নেতার অতিরিক্ত কিছু গুণাবলি অর্জন করা প্রয়োজন, যা তাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠা করবে।

৮. উদ্দীপক

‘?’ থেকে নির্দেশিত তিনটি কাজ:

  • নাগরিক অধিকার রক্ষা
  • অপরাধীকে শাস্তি ও নিরপরাধীকে মুক্তি দেওয়া
  • আইনের ব্যাখ্যা প্রদান
উত্তর সরকারের আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ আইনকে কার্যকর করবে এবং বিচার বিভাগ উক্ত আইনের ব্যাখ্যা প্রদান করবে। এভাবে সরকারের তিনটি বিভাগ তাদের স্ব-স্ব কাজে ও বিভাগে নিয়োজিত থাকবে এবং এক বিভাগ অন্য কোনো বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এরূপ নীতিই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি।
উত্তর শাসন বিভাগ শাসনকার্য পরিচালনা করার পাশাপাশি বিচারসংক্রান্ত ক্ষমতাও প্রয়োগ করে থাকে। অনেক রাষ্ট্রে শাসন বিভাগের প্রধান উচ্চ আদালতের বিচারপতিদের নিয়োগ দেন। আবার আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি তার দণ্ড হ্রাস, স্থগিত বা মওকুফ করতে পারেন। তাছাড়া শাসন বিভাগ বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করে প্রশাসনসংক্রান্ত বিভিন্ন মামলার বিচারকাজ করতে পারে।
উত্তর উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সরকারের বিচার বিভাগ নির্দেশ করে।
সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইনসমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে, অপরাধীর দন্ড বিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়। এটি সরকারের তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিভাগ। নাগরিকের স্বাধীনতা ও অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালতের সমন্বয়ে গঠিত সরকারের বিভাগ বিভাগ। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণতার ওপরই নির্ভর করে শাসনব্যবস্থার উৎকর্ষতা।
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানের বিভাগটি নাগরিক অধিকার রক্ষা করে, অপরাধীকে শাস্তি ও নিরপরাধীকে মুক্তিদান এবং আইনের ব্যাখ্যা প্রদান করে। এরূপ বর্ণনায় স্পষ্ট হয়ে উঠে যে উক্ত বিভাগটি হলো সরকারের বিচার বিভাগ। কেননা, বিচার বিভাগ সংবিধান মেনে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে নাগরিক অধিকার রক্ষা করে।
উত্তর সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত বিভাগের অর্থাৎ বিচার বিভাগের ভূমিকা অনস্বীকার্য।
একটি রাষ্ট্রে সুশাসন কেবল তখনই প্রতিষ্ঠা সম্ভব যখন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে, আইনের শাসন বজায় রাখে এবং নাগরিকদের অধিকার রক্ষা নিশ্চিত করে। বিচার বিভাগের কার্যকর ভূমিকা রাষ্ট্রে ন্যায়বিচার, নিরাপত্তা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়ক হয়। এটি গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে এবং শাসনব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করে।
বিচার বিভাগ আইনের ব্যাখ্যা ও প্রয়োগের মাধ্যমে অপরাধীকে শান্তি দেয়, নিরপরাধীকে মুক্তি দেয় এবং নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করে। সুশাসনের জন্য আইনের শাসন অপরিহার্য, আর তা নিশ্চিত করতে বিচার বিভাগ অপরিহার্য প্রতিষ্ঠান। বিচার বিভাগের ব্যাখ্যার মাধ্যমে আইনের অস্পষ্টতা দূর হয় এবং ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়, যা সুশাসনের মৌলিক শর্ত। বিচার বিভাগ সরকার বা আইন বিভাগের সংবিধানবিরোধী কার্যক্রমকে পর্যালোচনা করে এবং প্রয়োজনে বাতিল করে দেয়, ফলে রাষ্ট্রের ক্ষমতা স্বেচ্ছাচারিতায় রূপ নেয় না। পাশাপাশি বিচার বিভাগ মৌলিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাগরিকদের স্বাধীনতা রক্ষায় সক্রিয় থাকে। এসব কাজের মাধ্যমে বিচার বিভাগ শুধু বিচার প্রদান করে না, বরং প্রশাসনিক ভারসাম্য ও নৈতিক শাসনের পথ সুগম করে।
সবশেষে বলা যায়, বিচার বিভাগ সুশাসনের জন্য এক অবিচ্ছেদ্য অংশ, যা ন্যায়, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে কার্যকর ও জবাবদিহিমূলক করে তোলে।

৯. উদ্দীপক

সুমন ও শাকিল সরকারের দুটি গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত। সুমনের বিভাগ শাসনকার্য পরিচালনা ও বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। তার বিভাগ প্রয়োজনে আইন সংশোধন, পরিবর্তন কিংবা বাতিলও করতে পারে। আর শাকিলের বিভাগের -কাজ হলো সুমনের বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন করা।
উত্তর যে শাসনব্যবস্থা জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত হয় সে শাসনব্যবস্থাকে গণতন্ত্র বলে।
উত্তর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করা উচিত। পৃথিবীতে যে কয়টি উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র গঠিত হয়েছিল তার মধ্যে একটি প্রধান উদ্দেশ্য হলো ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠা করা ও রক্ষা করা। আর ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠা ও রক্ষা করার জন্য প্রয়োজন একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা। নির্ভীক, নিরপেক্ষ ও স্বাধীন বিচারব্যবস্থা, নাগরিক স্বাধীনতা, আইনের অনুশাসন, সর্বোপরি গণতন্ত্রের স্বার্থে বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। তাছাড়া ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য ও নিরপেক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ প্রয়োজন। আর একারণেই প্রশাসন বা শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা একান্ত আবশ্যক।
উত্তর উদ্দীপকের সুমন আইন বিভাগে কর্মরত।
সরকারের আইন বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আইন বিভাগ বলতে সেই বিভাগকে বোঝায় যেটি রাষ্ট্রপরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে কিংবা প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করে। এ বিভাগটি রাষ্ট্রভেদে এককক্ষবিশিষ্ট আবার দ্বিকক্ষবিশিষ্ট হতে পারে। আইনসভার সদস্যরা জনগণের প্রতিনিধিত্ব করে। সারাদেশ থেকে নির্বাচিত প্রতিনিধিরাই আইনসভায় উপস্থিত হয়ে তাদের পক্ষে নানারকম দাবিদাওয়া পেশ করে ও প্রয়োজনীয় আইন প্রণয়ন ও পদক্ষেপ গ্রহণ করে থাকে।
উদ্দীপকে বলা হয়েছে, সুমনের বিভাগ শাসনকার্য পরিচালনা ও বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। তার বিভাগ প্রয়োজনে আইন সংশোধন, পরিবর্তন কিংবা বাতিলও করতে পারে। এরূপ বর্ণনায় সহজেই অনুমান করা যায়, সুমনের বিভাগটি হলো সরকারের আইন বিভাগ। কারণ সরকারের আইন বিভাগের মূল কাজ হলো আইন প্রণয়ন ও প্রণীত আইনের সংশোধন ও পরিমার্জন করা। এছাড়া এ বিভাগ প্রণীত আইন দ্বারা বিচার বিভাগ ও শাসন বিভাগ তাদের কার্যাবলি পরিচালনা করে থাকে।
উত্তর হ্যাঁ, আমি মনে করি শাকিলের বিভাগ তথা শাসন বিভাগ আইনের বাস্তবায়ন ছাড়াও আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আইন প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে পার্থক্য থাকলেও অনেক ক্ষেত্রে শাসন বিভাগ উভয় ভূমিকাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় শাসন বিভাগ শুধু আইন প্রয়োগেই সীমাবদ্ধ নয়, বরং আইন প্রণয়নের প্রক্রিয়াতেও তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। বিশেষ করে সংসদীয় সরকারব্যবস্থায় এ ভূমিকা আরও স্পষ্ট।
উদ্দীপকের শাকিলের বিভাগ আইনের বাস্তবায়ন করে- এটি শাসন বিভাগের একটি মুখ্য দায়িত্ব। তবে এ দায়িত্ব পালনের পাশাপাশি, শাসন বিভাগ আইন প্রণয়নে কার্যকর ভূমিকা রাখে। সংসদীয় সরকারব্যবস্থায় শাসন বিভাগের প্রধান, যেমন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা একাধারে আইন বিভাগেরও সদস্য। ফলে আইন প্রণয়নের ক্ষেত্রে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এক্ষেত্রে খসড়া আইন প্রস্তাবনা তৈরি, আইনসভায় বিল উত্থাপন এবং তা পাশ করাতে ভূমিকা রাখেন। তাছাড়া রাষ্ট্রপ্রধান আইন প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হন। তিনি আইনসভা আহ্বান ও ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন এবং তার অনুমোদন ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। এমনকি জরুরি পরিস্থিতিতে আইনসভা বন্ধ থাকলে রাষ্ট্রপ্রধান অধ্যাদেশ জারি করে আইনের কাজ চালিয়ে নিতে পারেন। এসব দিক বিবেচনায় দেখা যায়, শাসন বিভাগ শুধু আইন প্রয়োগেই নয়, আইন প্রণয়নেও একটি শক্তিশালী ও প্রয়োজনীয় অংশীদার।
সুতরাং, শাসন বিভাগ কেবল আইন বাস্তবায়নকারী নয় বরং আইন প্রণয়নের ক্ষেত্রেও একটি দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করে থাকে। আইন বিভাগের সঙ্গে এর এই ঘনিষ্ঠ সম্পর্ক আধুনিক রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১০. উদ্দীপক

'ক' রাষ্ট্রের শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট। দায়ী থাকে। এ রাষ্ট্রে সরকারপ্রধানকে কেন্দ্র করে যাবতীয় কার্যাবলি। আবর্তিত হয়। অন্যদিকে, 'খ' রাষ্ট্রে শাসন বিভাগ তার কাজের জন্য। আইন বিভাগের নিকট দায়ী থাকে না এবং রাষ্ট্রপ্রধান সর্বময় ক্ষমতার অধিকারী।
উত্তর রাজতন্ত্র হলো এমন শাসনব্যবস্থা, যেখানে রাজা বা রানি রাষ্ট্রপ্রধানের পদে অধিষ্ঠিত থাকেন।
উত্তর বিচারকদের উপযুক্ত বেতনভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ বিষয়টি বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অধিকারের সাথে সরাসরি সম্পর্কিত। উপযুক্ত পারিশ্রমিক এবং সম্মান পেলে বিচারকরা দুর্নীতিমুক্ত ও স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন, যা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
উত্তর

তাই উদ্দীপকে 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।
রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না। এ সরকারের যিনি রাষ্ট্রপ্রধান তিনিই প্রকৃত শাসক ও নির্বাহীপ্রধান। এ শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি ও মন্ত্রীরা আইনসভার সদস্য নন এবং তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে না। এতে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে।
উদ্দীপকের 'খ' রাষ্ট্রে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না এবং রাষ্ট্রপ্রধান সর্বময় ক্ষমতার অধিকারী। এরূপ বর্ণনায় রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কারণ রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকেন না। তিনি শাসন বিভাগের সর্বময় ক্ষমতা ভোগ করেন। তিনি তার মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়োগ দেন। মন্ত্রীরা তার ইচ্ছা অনুযায়ী স্থায়ী হয়ে থাকে।

এখানে নির্বাহী বিভাগের স্বাতন্ত্র্য বলতে আইনসভার সাধারণ আস্থা-অনাস্থার ওপর নির্ভরশীল না থাকাকে বোঝায়। রাষ্ট্রপতির ক্ষমতা সংবিধান, আইন ও নিয়ন্ত্রণ-ভারসাম্যের ঊর্ধ্বে নয়।

উত্তর উদ্দীপকের 'ক' উল্লিখিত রাষ্ট্রের সরকারব্যবস্থা হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা। আমি মনে করি এটি একটি উত্তম সরকারব্যবস্থা।
আধুনিক গণতান্ত্রিক সমাজে সংসদীয় বা মন্ত্রিপরিষদ সরকারব্যবস্থা সর্বাধিক গ্রহণযোগ্য, যেখানে সরকার জনগণের প্রতি দায়বদ্ধ এবং জনস্বার্থ নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারপ্রধানের নেতৃত্বে পরিচালিত কার্যক্রম যদি আইন বিভাগের কাছে জবাবদিহি হয় এবং জনগণের মতামত প্রতিফলিত হয়, তবে তা নিঃসন্দেহে গণতান্ত্রিক মূল্যবোধের উৎকৃষ্ট উদাহরণ। এই সরকারব্যবস্থা জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক সচেতনতারও বিকাশ ঘটায়।
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলি সরকারপ্রধানকে কেন্দ্র করে পরিচালিত হয় এবং তা আইন বিভাগের নিকট দায়বদ্ধ। এ বৈশিষ্ট্য সংসদীয় সরকারব্যবস্থার অন্যতম গুণ। সংসদীয় ব্যবস্থায় সরকার আইনসভার কাছে জবাবদিহি থাকে বলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ থাকে না। সরকারপ্রধান মন্ত্রিসভাকে নেতৃত্ব দেন এবং আইনসভার আস্থা অর্জন ও রক্ষা করাই তার দায়িত্ব। এ ব্যবস্থায় সরকারের নীতিনির্ধারণে জনমতের প্রতিফলন ঘটে এবং বিরোধী দলের সমালোচনা, প্রশ্নোত্তর ও বিতর্কের মাধ্যমে জনগণ সরকারি কার্যক্রম সম্পর্কে সচেতন হয়। সরকার পরিবর্তন জনগণের ভোটের মাধ্যমে ঘটে বিধায় জনগণের ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে প্রতিফলিত হয়। এছাড়া, সরকারের নমনীয়তা ও সুশাসনের গুণাবলি সংসদীয় ব্যবস্থার বৈশিষ্ট্য। সংসদীয় সরকারে জনমতের গুরুত্ব সর্বোচ্চ এবং ক্ষমতার উৎস জনগণ-এই মূলনীতিকে ভিত্তি করে সরকার পরিচালিত হয়, যা গণতন্ত্রের প্রকৃত চেহারা তুলে ধরে।
সুতরাং, উদ্দীপকে বর্ণিত সরকারব্যবস্থা উত্তম ও সময়োপযোগী। কারণ এটি জনগণের অংশগ্রহণ, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে।

১১. উদ্দীপক

'ক' রাষ্ট্রটি দুটি অংশে বিভক্ত ছিল। তারা আলাদা ভাষায় কথা বলতো। রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী হওয়ায় এক অংশের শাসকরা তাদের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। অন্য অংশের জনগণ শাসকদের এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামে। একপর্যায়ে তা স্বাধিকার আন্দোলনে রূপ নেয় এবং স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
উত্তর মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।
উত্তর জাতিরাষ্ট্র তখনই গঠিত হয়, যখন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একটি জাতি নিজস্ব সার্বভৌম রাষ্ট্র গঠন করে। একটি জাতিরাষ্ট্র গঠনের জন্য সাধারণত একটি জাতির মধ্যে ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ধর্ম ও ঐতিহ্যের ঐক্য থাকে। এই জাতি যখন রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্বাধীন ও স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠা করে, তখনই গঠিত হয় জাতি রাষ্ট্র। জাতির পরিচিতি ও স্বার্থরক্ষায় একক শাসনব্যবস্থা, আইন ও প্রশাসনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। জাতিরাষ্ট্র আধুনিক রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রূপ।
উত্তর

উদ্দীপকে জাতীয়তার ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক উপাদানের কথা বলা হয়েছে।

জাতীয়তা এমন একটি মানসিক বন্ধন, যা জনগণের মধ্যে ঐক্যের অনুভূতি সৃষ্টি করে এবং তাদের একটি অভিন্ন পরিচয়ে আবদ্ধ করে। এই জাতীয়তার ভিত্তি গড়ে ওঠে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, রাজনৈতিক আকাঙ্ক্ষাসহ বিভিন্ন উপাদানের ওপর। কখনো কখনো এ উপাদানগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা বৃহত্তর জাতিসত্তার দাবি জোরালো করে তোলে।

উদ্দীপকে যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে, তা ভাষাসংক্রান্ত বৈষম্যের কারণে সংঘটিত হয়। একটি রাষ্ট্রে দুটি ভাষাভাষী জনগোষ্ঠী থাকলেও রাজনৈতিক কর্তৃত্বে থাকা গোষ্ঠী নিজেদের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয়। অপর গোষ্ঠী নিজেদের ভাষাগত অধিকার রক্ষায় আন্দোলনে নামে, যা পরবর্তীতে একটি স্বতন্ত্র জাতি হিসেবে আত্মপ্রকাশে সহায়ক হয়। এই ঘটনাটিতে 'ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য' জাতীয়তার প্রধান উপাদান হিসেবে প্রকাশিত হয়েছে। অভিন্ন ভাষা মানুষের মধ্যে ভাব বিনিময়, আত্মপরিচয় ও ঐক্যের অনুভূতি সৃষ্টি করে। যখন এই ভাষাগত পরিচয় অবমূল্যায়িত হয়, তখন জাতিসত্তা রক্ষার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে। ভাষাভিত্তিক ঐক্যই তখন জাতীয়তাবোধ জাগ্রত করে। অতএব, উদ্দীপকে ভাষাগত ঐক্য, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্যকে জাতীয়তার মূল চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করা যায়।

উত্তর হ্যাঁ, আমি মনে করি রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যই আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান।
আধুনিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। একটি জনগোষ্ঠী যখন অভিন্ন রাজনৈতিক লক্ষ্য ও আর্থিক স্বার্থে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্র গঠনের দিকে অগ্রসর হয়, তখন তাদের মধ্যে একটি সুদৃঢ় জাতিগত ঐক্য গড়ে ওঠে। এ ধরনের ঐক্য নাগরিকদের মধ্যে পারস্পরিক সংহতি ও সহযোগিতার ভিত্তি তৈরি করে।
রাজনৈতিক আকাঙ্ক্ষা মানুষের স্বাধীনতা, নিরাপত্তা ও প্রতিনিধিত্বমূলক শাসনের দাবি প্রকাশ করে। যখন জনগণ একটি অভিন্ন রাজনৈতিক কাঠামোর অধীনে নিজেদের ভবিষ্যৎ দেখতে চায়, তখন তাদের মধ্যে জাতিগত ঐক্যবোধ জাগ্রত হয়। একইভাবে, অর্থনৈতিক আকাঙ্ক্ষা সমাজের অভিন্ন উন্নয়ন, সমতা ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যাশাকে নির্দেশ করে। যদি জনগণ অর্থনৈতিকভাবে অনিশ্চিত থাকে কিংবা বৈষম্যের শিকার হয়, তবে তারা ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। উদাহরণস্বরূপ, ইতিহাসে দেখা যায় যে বিভিন্ন জাতিগোষ্ঠী একত্রে রাজনীতি ও অর্থনীতিতে অভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এটি প্রমাণ করে, এসব আকাঙ্ক্ষার ঐক্য শুধু একটি আদর্শ নয়, বরং রাষ্ট্র গঠনের এক বাস্তব ও কার্যকর চালিকাশক্তি।
অতএব, বলা যায়, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য আধুনিক রাষ্ট্র গঠনে একটি কার্যকর ও শক্তিশালী ভিত্তি গড়ে তোলে, যা জনগণের মধ্যে স্থায়ী জাতীয় সংহতি সৃষ্টি করতে সক্ষম।