দিনাজপুর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

সোহানা এ বছর মাধ্যমিক পাস করেছে এবং কলেজে ভর্তি হবে। তার পিতামাতা তাকে বলল, কলেজে ভর্তি হয়ে তুমি এমন একটি বিষয় অধ্যয়ন করবে, যার মাধ্যমে রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান অর্জন করা যাবে এবং যা তোমাকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
উত্তর 'Civis' শব্দের অর্থ 'নাগরিক'।
উত্তর সুশাসন হচ্ছে এমন এক ধরনের শাসন কৌশল যার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং প্রশাসনযন্ত্রের দুর্নীতি রোধ হয়। এ প্রক্রিয়ায় আইনের শাসন বাস্তবায়ন হয়। ফলে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার মধ্যে নাগরিকগণ সুখে-শান্তিতে জীবন ভোগ করতে সক্ষম হয়।
উত্তর উদ্দীপকে উল্লিখিত সোহানার পিতামাতা তাকে 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি অধ্যয়নের কথা বলেছে।
উদ্দীপকে সোহানার পিতামাতা সোহানাকে এমন একটি বিষয় অধ্যয়ন করার কথা বলে যে বিষয়টির মাধ্যমে রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার ও কতর্ব্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে এবং তাকে - একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। অর্থাৎ বিষয়টি পৌরনীতি ও সুশাসনের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা পৌরনীতি ও সুশাসনের বিস্তৃত পরিধি রাষ্ট্র, সরকার, নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞানদান করে এবং সুনাগরিকত্ব হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
পৌরনীতি ও সুশাসন একটি নাগরিকতা সম্পর্কিত বিজ্ঞান। এর সংজ্ঞাসমূহ বিশ্লেষণের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে- নাগরিকের জীবন ও কার্যাবলি যতদূর বিস্তৃত পৌরনীতির আলোচ্য বিষয় ও পরিধি ততদূর প্রসারিত। নাগরিকতা ও সমাজজীবন পৌরনীতির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। নাগরিকতার উদ্ভব, ক্রমবিকাশ ও বিবর্তন, সুনাগরিকতা, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। আবার সমাজ, সামাজিক পরিবর্তন, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলি বিষয়ক আলোচনা 'পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত। পৌরনীতি আইন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি বিষয়ক আলোচনা করে। নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিকসমূহ, বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ এগুলোর গঠন, উদ্দেশ্য ও কার্যাবলি সম্পর্কে আলোচনা পৌরনীতির পরিধিভুক্ত। পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। এছাড়াও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, সরকার, সরকারের বিভিন্ন বিভাগের প্রকৃতি, সংবিধান, নির্বাচন ও নির্বাচকমণ্ডলী, রাজনৈতিক দল ও দলসমূহের কার্যাবলি ও ভূমিকা নিয়ে পৌরনীতি ও সুশাসন বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে। তাই এসব বিষয় পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত।
পরিশেষে বলা যায়, সোহানার পিতামাতা তাকে 'পৌরনীতি ও সুশাসন' অধ্যয়নের কথা বলেছে।
উত্তর যে "উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থাৎ 'পৌরনীতি ও সুশাসন' অধ্যয়ন সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক"- কথাটির সাথে আমি একমত।
শাসন প্রক্রিয়ায় সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ একটি রূপ সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয় ও বর্জনীয় সকল বিষয় সম্পর্কে 'পৌরনীতি ও সুশাসন' বিশদভাবে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রের নাগরিকের অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার ও আমলাতন্ত্র, রাষ্ট্রের উপাদান ও কার্যাবলি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে সচেতন ও সুনাগরিক গঠনে সহায়তা করে। সুশাসন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের সীমিত সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে জনগণের অধিক কল্যাণ নিশ্চিত করা যায়। সুশাসনের অভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যা দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সুশাসন সম্পর্কে বিস্তারিত ধারণা কেবল 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টি অধ্যয়নের মাধ্যমেই সম্ভব। কেননা সুশাসন বা 'Good governance' শব্দটির শাব্দিক ও প্রায়োগিক অর্থ এর সংজ্ঞা ও আলোচ্য বিষয় 'পৌরনীতি ও সুশাসনে' আলোচিত হয়েছে। পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সকল বিষয় পর্যালোচনা করে শাসনব্যবস্থার প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল সমস্যার সমাধানের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার শিক্ষা 'পৌরনীতি ও সুশাসন' প্রদান করে।
সুতরাং উপরিল্লিখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে ও সুশাসন প্রতিষ্ঠায় 'পৌরনীতি ও সুশাসন' বিষয়টির অধ্যয়ন বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে।

২. উদ্দীপক

মি. রবিন শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। হুইল চেয়ার ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না। শারীরিক অক্ষমতা সত্ত্বেও তিনি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে সরকারি চাকরি লাভ করেন। ভোটাধিকার প্রয়োগ ও সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে তিনি সুচারুরূপে নাগরিক দায়িত্ব পালন করেন। তার এসব অধিকার ভোগের ফলে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হয়।
উত্তর 'আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ'- উক্তিটি জন অস্টিনের।
উত্তর আইন ও স্বাধীনতার সম্পর্ক গভীর। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। আইনের অনুপস্থিতিতে স্বাধীনতা থাকে না। কেননা স্বাধীনতা কোনো 'লাইসেন্স' নয়। আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। সভ্য জীবনের প্রয়োজনীয় শর্তাবলি আইনের দ্বারা সুরক্ষিত ও সম্প্রসারিত হয়। এছাড়াও আইন স্বাধীনতাকে যেমন অর্থবহ করে, তেমনি এটি স্বাধীনতাকে ভোগ করার পরিবেশ সৃষ্টি করে দেয়। মোটকথা, আইন ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত নিবিড়।
উত্তর

উদ্দীপকে 'রাজনৈতিক সাম্য' বিষয়টিকে নির্দেশ করা হয়েছে।

কেননা, সমাজে বা রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি মানুষ জন্ম থেকেই স্বাধীন ও সমঅধিকার সম্পন্ন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান রাজনৈতিক অধিকার ভোগের ক্ষমতাকে রাজনৈতিক সাম্য বলা হয়। রাজনৈতিক অধিকার বলতে ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারি কাজে -অংশগ্রহণ ও সরকারের সমালোচনা করার প্রভৃতি অধিকারকে বোঝায়। আইন ও রাষ্ট্রের চোখে সুস্থ ও শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন প্রত্যেকেই সমান রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ পেলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা রাজনৈতিক সাম্যের পরিচায়ক হিসেবে বিবেচিত হয়। রাজনৈতিক সাম্য হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলভিত্তি।
উদ্দীপকে মি, রবিন শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন বাক্তি। শারীরিক অক্ষমতা সত্ত্বেও তিনি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে সরকারি চাকরি লাভ করেন। ভোটাধিকার প্রয়োগ ও সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে তিনি সুচারুরূপে নাগরিক দায়িত্ব পালন করেন।
তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি, উদ্দীপকে মি. রবিনের এসব অধিকার ভোগের মাধ্যমে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে।

উত্তর মানবিক সমাজ প্রতিষ্ঠায় রাজনৈতিক সাম্যের গুরুত্ব অপরিসীম। কেননা এটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করে।
মানবিক সাম্যব্যবস্থায় সকল ব্যক্তি আইন, রাষ্ট্র এবং রাজনৈতিক দৃষ্টিতে সমান বলে বিবেচিত হয়। রাজনৈতিক সাম্য কেবল ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি মত প্রকাশ, সিদ্ধান্ত গ্রহণ, শিক্ষা ও চাকরি লাভ, সরকারের গঠনমূলক সমালোচনা, সংগঠন ও রাজনৈতিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোধ। অংশগ্রহণের অধিকারকে বোঝায়। এটি সামাজে বৈষম্য, অবিচার ও বৈরিতা হ্রাস করে, যা গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তি গড়ে তোলে। রাজনৈতিক সাম্যের অনুপস্থিতিতে সমাজে ধনী-গরিব, ক্ষমতাবান-ক্ষমতাহীন শ্রেণির ব্যবধান বাড়ে এবং শোষণমূলক কাঠামো টিকে থাকে। ফলে আধুনিক সমাজের কাঙ্ক্ষিত মূল্যবোধ যেমন ন্যায়, সাম্য ও স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়।
তাছাড়া সাম্য ও স্বাধীনতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বস্তুত স্বাধীনতা ও সাম্য একই মুদ্রার বিপরীত দিক। যদি কোনো রাষ্ট্রে রাজনৈতিক সাম্য না থাকে তবে ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক সাম্য বাস্তবায়ন করা সম্ভব নয়। সাম্য সকল অধিকার ও স্বাধীনতার মধ্যে সেতুবন্ধ তৈরি করে।
তাই উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনে রাজনৈতিক সাম্যের গুরুত্ব অপরিসীম।

৩. উদ্দীপক

প্রশ্নচিহ্নিত ঘর ঘর থেকে ডানদিকে তীরনির্দেশিত বিষয়
? প্রথা
? ধর্ম
? ন্যায়বোধ
? আইনসভা
উত্তর জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।
উত্তর সাধারণ অর্থে সামাজিক মূল্যবোধ হলো সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ। ব্যাপক অর্থে সামাজিক মূল্যবোধ হলো সমাজের মানুষের সামাজিক সম্পর্ক ও আচরণ, বিভিন্ন নীতিমালা; বিশ্বাস, দর্শন ও চিন্তাভাবনার মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত উপাদানগুলোর সমষ্টি। সামাজিক মূল্যবোধ সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে বিকশিত হয়।
উত্তর উদ্দীপকে প্রশ্নবোধক '?' চিহ্নিত বিষয়টি আমার পাঠ্যবইয়ে পঠিত 'আইন' বিষয়টিকে ইঙ্গিত করে।
আইন হলো কতকগুলো সুনির্দিষ্ট নিয়মের সমষ্টি যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আইন হলো রাষ্ট্রীয় জীবনে শৃঙ্খলা ও উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র কর্তৃক বিধিবদ্ধ কতকগুলো নিয়মকাঠামোর সমষ্টি যা রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ করা হয়ে থাকে। আইনের উৎস ব্যাপক বিস্তৃত। সমাজে প্রচলিত আচার-অনুষ্ঠান, রীতিনীতি কালক্রমে জনসমর্থন লাভ করে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে আইনে পরিণত হয়েছে। মধ্যযুগে ধর্মীয় ও রাজনৈতিক বিষয়াবলি একই সাথে পরিচালিত হতো। ফলে ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ থেকে আইনের উৎপত্তি হয়েছে। আধুনিককালেও ধর্মীয় অনুশাসন থেকে উদ্ভব আইন অনেক দেশে কার্যকর রয়েছে। ন্যায়বোধ আইনের অন্যতম মূল্যবান উৎস। বিচারকগণ অনেক সময় বিচারকার্য পরিচালনা করতে গিয়ে সামাজিক ন্যায়বোধ ও বিচারবুদ্ধির আশ্রয় গ্রহণ করে থাকেন। আইনের সবচেয়ে গ্রহণযোগ্য ও আধুনিক উৎস হলো আইনসভা বর্তমান সময়ে রাষ্ট্রের প্রয়োজনীয় যাবতীয় আইন প্রণয়ন করে থাকে। আইনসভা প্রয়োজনীয়তা অনুযায়ী নাগরিকদের জন্য নতুন আইন প্রণয়। করে এবং পুরাতন আইনসংশোধন অথবা বাতিল করে। এক্ষেত্রে অবশ্য জনমতকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়।
সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রশ্নবোধক '?' চিহ্নিত বিষয়টি 'আইন'কে নির্দেশ করে কেননা আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে আইনসভা। এছাড়াও প্রথা, ধর্ম ও ন্যায়বোধ আইনের গুরুত্বপূর্ণ উৎস।
উত্তর "উদ্দীপকে বর্ণিত বিষয়টি অর্থাৎ 'আইনের' সাথে নৈতিকতার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও মধুর” কথাটি যথার্থ এবং সঠিক।
আইন ও নৈতিকতা পরস্পরের পরিপূরক। প্রাচীনকালে আইন ও নৈতিকতার মধ্যে কোনো পার্থক্য করা হতো না। প্লেটো-অ্যারিস্টটলের সময়ে আইন নীতিশাস্ত্রের ওপর প্রতিষ্ঠিত ছিল। যুগের বিবর্তনে রাষ্ট্র আলাদা সত্তা হিসেবে প্রকাশ পাওয়ার পর থেকে আইন ও নৈতিকতা আলাদা বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এ দুটি বিষয়ের মধ্যে সম্পর্কের গভীরতা লক্ষণীয়। কেননা উভয়ই মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন ও নৈতিকতা উভয়ের লক্ষ্য হলো মানব কল্যাণ। আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আর নৈতিকতা মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে। কালের বিবর্তনের সাথে সাথে নৈতিকতা ও আইনের পরিবর্তন হয়ে থাকে। ন্যায়-অন্যায়বোধ থেকে অনেক আইনের জন্ম হয়েছে। বস্তুত আইন ও নৈতিকতা উভয়ই এক। উভয়ই সমাজকল্যাণ সাধন করতে ইচ্ছুক। মানুষের নৈতিকতা যদি উচ্চমানের না হয় তবে কোনো রাষ্ট্রের আইন উন্নতমানের হতে পারে না। আইনের উদ্দেশ্য সুনাগরিক সৃষ্টি করে রাষ্ট্রের শান্তি ও ন্যায়নীতি প্রতিষ্ঠা করা আবার নৈতিকতার উদ্দেশ্যও সৎ ও ন্যায়বান মানুষ সৃষ্টি করে সমস্যা ও রাষ্ট্রীয় জীবনের সার্বিক উন্নয়ন ও নীতিবোধ প্রতিষ্ঠা করা।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত আইন বিষয়টির সাথে নৈতিকতার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও মধুর।

৪. উদ্দীপক

মি. ডন একটি উন্নত রাষ্ট্রের নাগরিক। তার দেশের জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশ, সম্পত্তি ভোগ এবং চুক্তি করার অধিকার লাভ করেন। রাষ্ট্র জনগণের অন্যান্য অধিকারেরও নিশ্চয়তা প্রদান করে।
উত্তর বাংলাদেশে তথ্য অধিকার আইন ২০০৯ সালে প্রণীত হয়।
উত্তর

মানুষ হিসেবে প্রত্যেক ব্যক্তির জন্মগত মর্যাদা, স্বাধীনতা ও বিকাশের জন্য স্বীকৃত সর্বজনীন অধিকারকে মানবাধিকার বলে।

জাতীয়তা, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অন্য পরিচয় নির্বিশেষে এ অধিকার মানুষের জন্য প্রযোজ্য। রাষ্ট্রীয় স্বীকৃতি ও আন্তর্জাতিক মানবাধিকার নীতি এসব অধিকার সুরক্ষায় ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মি. ডনের দেশের জনগণের 'সামাজিক অধিকার' ভোগ করার প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা, স্বাধীনভাবে মত প্রকাশ, সম্পত্তি ভোগ ও চুক্তি করার অধিকার সামাজিক অধিকারভুক্ত।

অধিকার বলতে মানুষের আত্মবিকাশ ও আত্মোন্নয়নের জন্য কতকগুলো মৌলিক সুযোগ-সুবিধা যা সকলের জন্য আবশ্যক। সকল অধিকারের নৈতিক অথবা আইনগত ভিত্তি রয়েছে। সামাজিক জীব হিসেবে মানুষ সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃক্ত কতকগুলো অধিকার ভোগ করে। রাষ্ট্রীয় সীমানার মধ্যে প্রত্যেক নাগরিকের সম্পত্তি ভোগের অধিকার আছে। সমাজস্থ মানুষ ন্যায়সংগতভাবে একে অপরের সাথে চুক্তি সম্পাদন করে। সম্পত্তি ও লেনদেনের চুক্তি করা নাগরিকের সামাজিক অধিকার। চুক্তির শর্ত সংরক্ষণ করার ব্যাপারে রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকি সৃষ্টি না করে ব্যক্তি যেকোনো মাধ্যমে মতামত বা বক্তব্য প্রকাশ ও প্রচার করতে পারাকে মতামত প্রকাশের অধিকার বলা হয়। মত প্রকাশের মাধ্যমে নাগরিকবৃন্দ। রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করার সুযোগ পায়। এছাড়া জীবনধারণের অধিকার, চলাফেরার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতার অধিকার, সভাসমিতির অধিকার, ধর্মচর্চা ও পালনের অধিকার নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত।

উদ্দীপকে মি. ডন একটি রাষ্ট্রের নাগরিক। তার দেশের জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশ, সম্পত্তি ভোগ ও চুক্তি করার অধিকার লাভ করেন। রাষ্ট্র জনগণের অন্যান্য অধিকারেরও নিশ্চয়তা প্রদান, করে। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, মি. ডন-এর দেশের জনগণ সামাজিক অধিকার ভোগ করছেন।

উত্তর সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় "সামাজিক অধিকার" অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় 'সামাজিক অধিকার' অপরিহার্য। সামাজিক অধিকার বলতে স্বাভাবিক জীবনযাপনের জন্য সহায়ক, জীবন রক্ষা ও নিরাপত্তার জন্য কতকগুলো মৌলিক অধিকারের সমষ্টিকে বোঝায়। এসব অধিকার মানুষের মৌলিক চাহিদা পূরণ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ভিত্তি গড়ে তোলে। এসব অধিকার নিশ্চিত হলে সমাজে মানুষ বৈষম্য বা বঞ্চনার শিকার না হয়ে সমান সুযোগ লাভ করে এবং ব্যক্তি ও রাষ্ট্রের উন্নয়ন সাধন করতে পারে। সামাজিক অধিকার মানুষের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। যার ফলে নাগরিকরা সক্রিয়ভাবে সমাপ্ত ও রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। এটি সামাজিক স্থিতিশীলতা ও সংহতি রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে। সুন্দর সমাজ কেবল প্রযুক্তিগত বা অবকাঠামোগত উন্নয়নের ওপর ভিত্তি করে গড়ে ওঠে না, বরং মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সমান অধিকার নিশ্চিত করার ভিত্তিতেই গড়ে ওঠে।
তাই পরিশেষে বলা যায়, সুন্দর মানবিক সমাজ প্রতিষ্ঠা ও টেকসই সমাজ গঠনের জন্য রাষ্ট্রের আইনের মাধ্যমে স্বীকৃত সামাজিক অধিকারের গুরুত্ব ব্যাপক ও অপরিহার্য।

৫. উদ্দীপক

প্রশ্নচিহ্নিত ঘর ঘর থেকে ডানদিকে তীরনির্দেশিত কাজ
? আইন মান্য করা
? ভোটাধিকার প্রয়োগ করা
? নিয়মিত কর প্রদান করা
উত্তর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।
উত্তর

সংবিধানে বিশেষভাবে স্বীকৃত এবং আইনগতভাবে সুরক্ষিত অধিকারগুলোকে মৌলিক অধিকার বলে।

এই অধিকার ব্যক্তির মর্যাদা, স্বাধীনতা ও বিকাশের সুরক্ষা দেয়। প্রয়োগ, প্রতিকার ও সংবিধানসম্মত সীমা সংশ্লিষ্ট রাষ্ট্রের সাংবিধানিক বিধান অনুযায়ী নির্ধারিত হয়; শুধু জরুরি অবস্থাই সব অধিকারের একমাত্র সীমা নয়।

উত্তর উদ্দীপকের ছকে প্রশ্নচিহ্নিত '?' স্থানে আমার পাঠ্যবইয়ের পঠিত নাগরিকের কর্তব্য বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে নাগরিকের যেসব দ্বায়িত্ব পালন করতে হয় তাকে 'নাগরিক কর্তব্য' বলা হয়। নাগরিকগণ রাষ্ট্র থেকে অনেক সুযোগ-সুবিধা ভোগ করার জন্য রাষ্ট্রের প্রতি আনুগত্য ও দায়িত্ব পালন করা নাগরিকের কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা ও আদেশ-নিষেধ মেনে চলা নাগরিকের অন্যতম প্রধান কর্তব্য। সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য রাষ্ট্রের প্রচলিত আইন মান্য করা সকল নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র পরিচালনা ও নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো সরকার কর্তৃক ধার্যকৃত কর নিয়মিতভাবে যথাসময়ে আদায় করা। আবার, সততার সাথে ভোটদান করা নাগরিকের নৈতিক কর্তব্য।
উদ্দীপকে তিনটি বিষয় বলা হয়েছে। যথা- আইন মান্য করা, ভোটাধিকার প্রয়োগ করা ও নিয়মিত কর প্রদান করা। যা নাগরিকের কর্তব্যকে নির্দেশ করে।
তাই পরিশেষে বলতে পারি, উদ্দীপকে প্রশ্নচিহ্নিত "?” স্থানে নাগরিকের কর্তব্যের বিষয়টি যথার্থ।
উত্তর "অধিকার ও ছকে বর্ণিত প্রশ্নচিহ্নিত '?' বিষয়টি অর্থাৎ কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং একে অপরের পরিপূরক” কথাটি যথার্থ এবং সঠিক।
অধিকার ও কর্তব্যের ধারণা পরস্পর সম্পর্কযুক্ত। রাষ্ট্র ব্যক্তিকে আইনসংগত অধিকার প্রদানের মাধ্যমে তার সার্বিক বিকাশে সহায়তা করে। রাষ্ট্রের নিকট থেকে অধিকার পাওয়ার বিনিময়ে কিছু কর্তব্য পালন করতে হয়। এজন্য রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন অধিকার ও কর্তব্য একই মুদ্রার দুই পিঠ। অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি মনে করেন "কর্তব্য সম্পাদনের সাথে সম্পর্কহীন অধিকার দাবির কোনো অর্থ নেই।” অধিকার বলতে কর্তব্য এবং কর্তব্য বলতে অধিকারকে বোঝায়। কারও অধিকার বলতে যেমন তার কর্তব্য বোঝায় তেমনি একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্য বোঝায়। অধিকার ভোগ ও কর্তব্য পালনের মধ্যে সমাজের কল্যাণ নিহিত। সমাজে বসবাসের জন্য মানুষ যেসব দাবি করে সেগুলো সমাজ কর্তৃক গৃহীত হয়ে অধিকার ও কর্তব্য হিসেবে বিবেচিত হয়। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, নাগরিক জীবনে অধিকার ও কর্তব্যের ধারণা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অধিকার ব্যতীত নাগরিক জীবন যেমন কল্পনা করা যায় না, তেমনি কর্তব্য ব্যতীত রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পতিত হবে।
সুতরাং আমরা বলতে পারি, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং একে অপরের পরিপূরক।

৬. উদ্দীপক

মি. 'ক' ও মি. 'খ' একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক। তারা উভয়ে ভিন্ন ভিন্ন সংগঠনের কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। মি. 'ক'-এর সংগঠনটি জনকল্যাণের প্রতি লক্ষ রেখে কর্মসূচি প্রণয়ন করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায়। অপরদিকে, মি. 'খ'-এর সংগঠনটি প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশ নেয় না, কিন্তু নিজেদের স্বার্থরক্ষার জন্য সরকারের সিদ্ধান্তসমূহ প্রভাবিত করার চেষ্টা করে।
উত্তর কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে।
উত্তর কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্লুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশে শেরে বাংলা এ. কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে।
উত্তর উদ্দীপকে বর্ণিত মি. 'খ'-এর সংগঠনটি হলো 'চাপসৃষ্টিকারী গোষ্ঠী'। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠার বহুমুখী ভূমিকা পালন করে।
উদ্দীপকে 'মি. 'খ'-এর সংগঠনটি প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করে না। কিন্তু নিজেদের স্বার্থরক্ষায় সরকারের সিদ্ধান্তসমূহ প্রভাবিত করার চেষ্টা করে। যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কর্মকাণ্ডকে নির্দেশ করে। আর সুশাসন প্রতিষ্ঠায় চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অনেক।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ থাকে। যারা সরকারের ওপর চাপ প্রয়োগ করে সরকারের সিদ্ধান্তকে নিজের অনুকূলে আনার চেষ্টা করে। ব্যবসায়ী সংগঠন, শিক্ষক সমিতি, কর্মচারী ইউনিয়ন, লেখক ফোরাম, শ্রমিক ইউনিয়ন ইত্যাদি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর আওতাভুক্ত। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ হলো সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করা। এই গোষ্ঠীর নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই তবে পর্দার আড়ালে থেকে তারা নিজেদের স্বার্থরক্ষাকারী রাজনৈতিক দলকে সমর্থন করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো সরকারের সকল কর্মকাণ্ডে সতর্ক দৃষ্টি রাখে এছাড়াও আইন প্রণয়ন, সরকারি নীতি প্রণয়ন ও এসবের বাস্তবায়নে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বিশেষভাবে হস্তক্ষেপ করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলাই বাহুল্য যে, সুশাসন প্রতিষ্ঠায় - চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অনেক।
উত্তর উদ্দীপকে বর্ণিত মি. 'ক'-এর সংগঠনটি হলো 'রাজনৈতিক দল'। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।
উদ্দীপকে মি. 'ক' একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক। তিনি একটি সংগঠনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তার সংগঠনটি জনকল্যাণের প্রতি লক্ষ রেখে কর্মসূচি প্রণয়ন করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায়। যা একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে নির্দেশ করে।
আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। গণতান্ত্রিক সরকারব্যবস্থা সংরক্ষণে রাজনৈতিক দল সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সুদৃঢ়করণে রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই। রাজনৈতিক দলগুলো সভা-সমিতি, আলাপ-আলোচনা, দলীয় মিছিল, প্রচারকার্য প্রভৃতি রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে জনগণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলে। আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থা মূলত দলীয় শাসনব্যবস্থা। রাজনৈতিক দল দায়িত্বশীলতার সাথে কাজ করলে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। বিশ্বের অনেক রাষ্ট্রে এখনো সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এর মূল কারণ, অদক্ষ ও অসংগঠিত, রাজনৈতিক দলের বিতর্কিত কার্যক্রম। সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দল সক্রিয় ভূমিকা পালন করে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলি বহুমুখী।
পরিশেষে বলা যায়, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।

৭. উদ্দীপক

মি. 'দীপ্ত' একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। তার বুদ্ধিমত্তা, দূরদৃষ্টি, উদারতা, ব্যক্তিত্ব প্রভৃতি অতি সহজেই জনগণকে আকৃষ্ট করতে পারে। সত্য ও সুন্দরের পূজারি হিসেবে জনগণ তাকে অন্ধভাবে বিশ্বাস করেন। বিশেষ করে তার বক্তব্য জনগণকে নতুন চেতনায় উজ্জীবিত ও ভীষণভাবে অনুপ্রাণিত করে।
উত্তর মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।
উত্তর

একটি রাজনৈতিক ব্যবস্থায় দুটির বেশি দল ক্ষমতা লাভের প্রতিযোগিতায় কার্যকর ভূমিকা পালন করলে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে।

এ ব্যবস্থায় বিভিন্ন আদর্শ ও কর্মসূচির দল নির্বাচনে অংশ নেয় এবং জনগণ বিকল্প বেছে নিতে পারে। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট বা সম্মিলিত সরকার গঠিত হতে পারে; তবে বহুদলীয় ব্যবস্থায় কোনো দলই কখনো একক সংখ্যাগরিষ্ঠতা পায় না—এমন নয়।

উত্তর উদ্দীপকে মি. দীপ্ত'র মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণাবলি প্রকাশিত হয়েছে।
কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তাকে সম্মোহনী নেতৃত্ব বা জাদুকরী নেতৃত্ব বলা হয়। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম এ জাতীয় নেতৃত্বের ধারণা প্রদান করেন। এ ধরনের নেতৃত্ব সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে বিশেষভাবে সহায়তা করে। এ ধরনের নেতৃবৃন্দ তীব্র আকর্ষণ শক্তির অধিকারী এবং জনগণ তাদের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে। ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেরে বাংলা এ. কে. ফজলুল হক প্রমুখ নেতা সম্মোহনী নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ।
উদ্দীপকে মি. দীপ্ত একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। তার বৃদ্ধিমত্তা, দূরদৃষ্টি, উদারতা, ব্যক্তিত্ব প্রভৃতি অতি সহজেই জনগণকে আকৃষ্ট করে। সত্য ও সুন্দরের পূজারি হিসেবে জনগণ তাকে অন্ধভাবে বিশ্বাস করে। বিশেষ করে তার বক্তব্য জনগণকে নতুন চেতনায় উজ্জীবিত ও ভীষণভাবে অনুপ্রাণিত করে। যা সম্মোহনী নেতৃত্বের গুণাবলিকে নির্দেশ করে।
পরিশেষে বলা যায়, মি. দীপ্তর মাঝে বিদ্যমান গুণাবলি সম্মোহনী নেতৃত্বের সাথে সংগতিপূর্ণ।
উত্তর সুশাসন নিশ্চিতকরণে উদ্দীপকে বর্ণিত মি. দীপ্ত'র নেতৃত্ব অর্থাৎ সম্মোহনী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যোগ্য নেতৃত্বের ওপরই নির্ভর করে রাষ্ট্র বা সমাজের সুশাসন। একজন সম্মোহনী বা আদর্শ নেতা' অপরকে প্রভাবিত ও পরিচালিত করে রাষ্ট্র বা সমাজে সুশাসন প্রতিষ্ঠার ভূমিকা পালন করে রাষ্ট্র বা সমাজে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে পারে। নেতৃত্ব যদি হয় গণতন্ত্রকামী ও জনকল্যাণমুখী তবেই সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অতীব জরুরি। যোগ্য নেতৃত্ব - গুণাবলিসম্পন্ন ব্যক্তি আইনের শাসন নিশ্চিতকরণে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকেন। সম্মোহনী নেতৃত্বের গুণাবলিসম্পন্ন নেতা 'রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করেন। যোগ্য নেতা সরকার ও বিরোধী দলের মাঝে সুসম্পর্ক স্থাপনে ইতিবাচক ভূমিকা পালন করে। সুষ্ঠু জনমত সুশাসন প্রতিষ্ঠায় আবশ্যক। সম্মোহনী নেতা বিভিন্ন উপায়ে জনমত সৃষ্টিতে সাহায্য করে এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করে সুশাসন প্রতিষ্ঠায় বিশেষভাবে অবদান রাখেন। জনপ্রশাসন ও অন্যান্য সরকারি অফিস ও বিচার বিভাগকে রাজনীতিমুক্ত রাখতে 'একজন সম্মোহনী নেতার ভূমিকা অনেক। এছাড়াও সুশাসন প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, মৌলিক অধিকার রক্ষা, আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে সম্মোহনী নেতৃত্বের গুণাবলিসম্পন্ন নেতার ভূমিকা অনেক।
তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুশাসন নিশ্চিতকরণে মি. দীপ্তর নেতৃত্ব তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন।

৮. উদ্দীপক

'X' ও 'Y' ভিন্ন ভিন্ন রাষ্ট্রের নাগরিক, 'X'-এর দেশের সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহি করেন না। অপরপক্ষে, 'Y'-এর দেশের সরকারও জনগণের ভোটে নির্বাচিত কিন্তু সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য।
উত্তর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।
উত্তর কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সাধারণ বিষয়সমূহ এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির উদাহরণ।
উত্তর উদ্দীপকে উল্লিখিত 'X' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় একটি প্রধান ধাপ হলো রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বলতে এমন শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিপরিষদের সদস্যগণ আইনসভার সদস্য নন। তাই মন্ত্রিগণকে আইনসভার নিকট জবাবদিহিতা করতে হয় না। বরং তারা তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। রাষ্ট্রপতি নিজ ইচ্ছায়, নিজস্ব পছন্দে তার মন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন। আবার নিজের ইচ্ছে অনুযায়ী কাউকে অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণ কর্তৃক ভোটের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে নির্বাচিত হন বিধায় আইন বিভাগের ইচ্ছা-অনিচ্ছার ওপর তার কার্যক্রম ও কার্যকাল নির্ভর করে না। উদ্দীপকে মি. 'X' একটি রাষ্ট্রের নাগরিক, তার দেশে সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও সরকারপ্রধান এবং সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করেন না, যা রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থাকে নির্দেশ করে। উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, 'X' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।
উত্তর উদ্দীপকে বর্ণিত 'Y' রাষ্ট্রের সরকারব্যবস্থা 'X' রাষ্ট্রের - সরকারব্যবস্থার চেয়ে উত্তম" উক্তিটির সাথে আমি একমত। উদ্দীপকে 'X' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। কেননা, 'X' রাষ্ট্রের সরকার প্রধান এবং মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করেন না। অন্যদিকে, 'Y' রাষ্ট্রে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান। কেননা এই রাষ্ট্রের সরকারপ্রধান এবং মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করতে বাধ্য। আদর্শ রাষ্ট্র গঠনে সরকারের প্রতিটি বিভাগের মধ্যে সহযোগিতা প্রয়োজন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় শাসন ও আইন বিভাগ পরস্পরের থেকে বিচ্ছিন্ন। অন্যদিকে, সংসদীয় সরকারব্যবস্থায় প্রতিটি বিভাগের মধ্যে সম্পর্ক এবং ক্ষমতার ভারসাম্য বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিগণ আইনসভার সদস্য না হওয়ায় আইন প্রণয়ন এবং আইনসংশোধন অপেক্ষাকৃত জটিল। অন্যদিকে, সংসদীয় বা মন্ত্রিপরিষিদ শাসিত সরকারব্যবস্থায় আইন প্রণয়ন ও সংশোধন এবং এসব আইনের বাস্তবায়ন তুলনামূলক সহজ। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিগণ জনগণের প্রতিনিধি না হওয়ার কারণে ক্ষমতার অপব্যবহার এবং স্বৈরাচারী মনোভাব সৃষ্টির সুযোগ রয়েছে। অন্যদিকে, সংসদীয় শাসনব্যবস্থায় জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ বাস্তবায়ন সহজ হয়। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি অপসারণ করা অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ বিষয়। অন্যদিকে সংসদীয় সরকারব্যবস্থায় এটি তুলনামূলক সহজ। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হয়। তাই আমরা বলতে পারি, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা থেকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা উত্তম।

৯. উদ্দীপক

মি. রায়হান সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগে শীর্ষপদে অধিষ্ঠিত আছেন। তার পরিচালনাধীন বিভাগ সরকারি নীতি প্রণয়ন, জনমত গঠন ও বিভিন্ন বিষয়ে অনুসন্ধান ও তল্লাশি কার্যক্রম করে থাকে। সরকারকে জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে উক্ত বিভাগের গুরুত্ব অপরিসীম।
উত্তর রাষ্ট্রের উপাদান ৪টি। এগুলো হলো- ১. জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূখণ্ড, ৩. সরকার ও ৪. সার্বভৌমত্ব।
উত্তর গণতন্ত্র ও একনায়কতন্ত্র সম্পূর্ণ বিপরীতধর্মী শাসনব্যবস্থা। গণতন্ত্র হলো জনগণের মতামতের ভিত্তিতে জনগণের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। যেখানে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার বাছাই, পরিবর্তন ও পরিচালিত হয়ে থাকে। বর্তমানে গণতন্ত্র বলতে প্রতিনিধিত্বমূলক সরকারব্যবস্থাকে বোঝায়।
অন্যদিকে, একনায়কতন্ত্র হলো এক ব্যক্তি, এক দল, বা এক শ্রেণির অথবা তাদের সমর্থিত শাসনব্যবস্থা। অর্থাৎ একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের সরকারব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সকল রাজনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সকল নাগরিকের থেকে আনুগত্য আদায় করে।
উত্তর উদ্দীপকে উল্লিখিত মি. রায়হান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ 'আইনসভা' বা আইন বিভাগের সাথে সম্পৃক্ত।
উদ্দীপকে মি. রায়হান সরকারের গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষপদে আছেন। তার পরিচালনাধীন বিভাগ সরকারি নীতি প্রণয়ন, জনমত গঠন ও বিভিন্ন বিষয়ে অনুসন্ধানী ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করে থাকেন। যা, আইনসভাকে নির্দেশ করে।
রাষ্ট্রের শাসনকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার যে বিভাগ প্রয়োজনীয় আইন প্রণয়ন করে এবং বিদ্যমান আইনসংশোধন ও পরিবর্তন করে তাকে আইনসভা বলা হয়। আধুনিক রাষ্ট্রে আইনসভা নানাবিধ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আইন প্রণয়ন আইনসভার প্রধান কাজ। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইনসংশোধনের দায়িত্ব আইনসভা পালন করে। এক কক্ষবিশিষ্ট আইনসভা সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। অন্যদিকে, দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার উচ্চ কক্ষ ক্ষেত্রবিশেষে নির্বাচনের মাধ্যমে, মনোনয়নের মাধ্যমে রা উত্তরাধিকার সূত্রে গঠিত হয়ে থাকে। বাংলাদেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট এবং এর সদস্যগণ সার্বজনীন, প্রাপ্তবয়স্কদের ভোটের ভিত্তিতে নির্বাচিত হয়ে থাকেন।
উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলতে পারি, মি. রায়হানের পরিচালনাধীন বিভাগ আইন বিভাগের প্রতিনিধিত্ব করছে।
উত্তর সুশাসন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি মজবুতকরণে উক্ত বিভাগের অর্থাৎ আইন বিভাগের স্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য। গণতন্ত্র ও সুশাসনের মূলভিত্তি হলো জনগণের অধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং শাসনসংক্রান্ত জবাবদিহিতা বজায় রাখা। এই উদ্দেশ্যগুলো পূরণে আইন বিভাগের স্বাধীনতা রক্ষা অপরিহার্য। আইন বিভাগের স্বাধীনতা বলে অন্যান্য বিভাগ বা প্রতিষ্ঠান কর্তৃক আইনসভার কর্মকাণ্ডে অযাচিত হস্তক্ষেপ না করাকে বোঝায়। আইনের শাসন প্রতিষ্ঠায় আইন বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে হয়। সুশাসনে মূলনীতি হলো জবাবদিহিতা, স্বচ্ছতা ও মানবাধিকার রক্ষা করা। আইন বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারলে রাষ্ট্রের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা বা ক্ষমতার অপব্যবহারকে চ্যালেঞ্জ করা সম্ভব হয় না। ফলে রাষ্ট্র ক্রমশ ভারসাম্যহীন ও দুর্বল
হয়ে পড়ে। আইন বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আইন বিভাগের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের অভ্যন্তরীণ কাঠামোর একটি অপরিহার্য স্তম্ভ। এটি রক্ষা না করা গেলে জনগণের অধিকার রক্ষা ও সুশাসনের মূল উদ্দেশ্য বাস্তবায়ন হয় না।
তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও সুশাসনের ভিত্তি মজবুতকরণে আইন বিভাগের স্বাধীনতা রক্ষা করা অপরিহার্য।

১০. উদ্দীপক

প্রশ্নচিহ্নিত ঘর ঘর থেকে ডানদিকে তীরনির্দেশিত কাজ
? আইনের ব্যাখ্যা প্রদান
? মৌলিক অধিকার রক্ষা
? সংবিধানের অভিভাবক
উত্তর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
উত্তর যে সরকার কাঠামোতে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বলে। এ ধরনের সরকার কাঠামোতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকার কাঠামোতে আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক অঞ্চল থাকতে পারে তবে তারা কেন্দ্রের প্রতিনিধি 'বা সহায়ক হিসেবে কাজ করে। ফ্রান্স, যুক্তরাজ্য, বাংলাদেশ, জাপান, ইতালি প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার রয়েছে।
উত্তর উদ্দীপকে প্রশ্নবোধক '?' চিহ্নিত স্থানে আমার পাঠ্যপুস্তকের 'বিচার বিভাগের কার্যাবলির' বিষয়টিকে নির্দেশ করে।
উদ্দীপকে প্রশ্নবোধক '?' চিহ্নিত স্থানে তিনটি বিষয়কে নির্দেশ করছে যথা- আইনের ব্যাখ্যা প্রদান, মৌলিক অধিকার রক্ষা এবং সংবিধানকে অভিভাবক, যা বিচার বিভাগকে নির্দেশ করে।
সরকারের তিনটি বিভাগের জন্য বিচার বিভাগ অন্যতম। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আইন বিভাগ প্রণীত আইনসমূহ যথাযথভাবে প্রয়োগের কাজটি বিচার বিভাগ করে থাকে। বিচার বিভাগের মুখ্য দায়িত্ব হলো দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। তবে প্রচলিত আইনে সকল মামলার মীমাংসা করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। ফলে সকল ক্ষেত্রে বিচারকগণ ব্যক্তিগত বিবেকবুদ্ধি, স্বাভাবিক ন্যায়নীতি ও সুবিচারের ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার সংরক্ষক হিসেবেও বিচার বিভাগের ভূমিকা রয়েছে। বিচার বিভাগ সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় পর্যালোচনায় সুপ্রিম কোর্টের ক্ষমতা ও গুরুত্ব রয়েছে। সাংবিধানিক সার্বভৌমত্ব রক্ষা করা বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজ। বিচার বিভাগ সংবিধানবিরোধী কোনো কাজকে বাতিল বলে গণ্য করতে পারে। এছাড়াও বিচার বিভাগ আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলতে পারি, উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে আমার পাঠ্যপুস্তকের বিচার বিভাগেরই প্রতিনিধিত্ব করছে।
উত্তর সরকারের তিনটি বিভাগ অর্থাৎ আইন, বিচার ও শাসন বিভাগের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় বিচার বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।
সরকারের তিনটি বিভাগের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় বিচার বিভাগ মুখ্য ভূমিকা পালন করে। সরকারের তিনটি বিভাগের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা একটি কার্যকর গণতন্ত্রের পূর্বশর্ত। বিচার বিভাগ একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান যার মূল দায়িত্ব হলো সংবিধান ও আইনের ভারসাম্য রক্ষা করা। বিচার বিভাগ সরকারের অন্য দুটি বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সংবিধানের বাইরে গেলে তা বাতিল কিংবা পরিবর্তন করার ক্ষমতা রাখে। আইন বিভাগ সংবিধানবিরোধী অথবা সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করলে বিচার বিভাগ সেটি বাতিল করতে পারে। আবার নির্বাহী বিভাগ যদি ক্ষমতার অপব্যবহার করে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তবে আদালত সেটি বাতিল করতে পারে। এখানে বিচার বিভাগ ক্ষমতার অপব্যবহার রক্ষা করে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা করে। বিচার বিভাগের এই ভূমিকা সরকারব্যবস্থায় 'চেক অ্যান্ড ব্যালেন্স' নিশ্চিত করে, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সুরক্ষিত রাখে। অর্থাৎ বিচার বিভাগ আইন ও সংবিধান রক্ষার পাশাপাশি সরকারের তিনটি বিভাগ আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় বিশেষভাবে অবদান রাখে।

১১. উদ্দীপক

সম্প্রতি মি. আহসান বিদেশের মাটিতে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় বাংলাদেশের বিজয়ে অভিভূত হন এবং নিজ দেশের জন্য গর্ববোধ করেন। এ ঘটনা তার মধ্যে নতুন চেতনার উদ্রেক ঘটায় এবং দেশের জন্য মমত্ববোধ সৃষ্টি করে।
উত্তর Natus শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।
উত্তর ভৌগোলিক ঐক্য বলতে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষের মধ্যে যে একাত্মতাবোধ ও সম্মিলিত পরিচয় গড়ে ওঠে তাকে বোঝায়। এ ধারণাটি একটি জাতি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলা যায়, ভারতের কাশ্মির থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত বিশাল ভূখণ্ডটি ভারতের ভৌগোলিক ঐক্যকে নির্দেশ করে। বিভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতির মানুষ হওয়া সত্ত্বেও এই ভৌগোলিক - ঐক্যকে তাদের একত্রিত করে রেখেছে।
উত্তর উদ্দীপকে মি. আহসানের মধ্যে দেশপ্রেম অনুভূতির প্রকাশ ঘটেছে।
মাতৃভূমির প্রতি ভাবাবেগ, মমত্ববোধ ও অনুভূতিই হলো দেশপ্রেম। এটি হলো এক ধরনের মানসিক চেতনা, যা দেশকে প্রবলভাবে ভালোবাসা, সমর্থন করা এবং দেশকে রক্ষার জন্য শত্রু বা অনিষ্টকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত রাখে। দেশের প্রচলিত আইন মেনে চলা, দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া, জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয়রোধ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রভৃতি দেশপ্রেমের অন্তর্ভুক্ত। এমনকি পৃথিবীর যেকোনো স্থানে অবস্থান করলেও দেশকে সদা অন্তরে শ্রদ্ধার সাথে স্মরণ করা, দেশীয় সংস্কৃতি, রীতিনীতি, আচার-আচরণ প্রভৃতি দেশপ্রেমের প্রতিফলন। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন দেশপ্রেমিক সন্তান তার নিজ মাতৃভূমিকেই বুকে ধারণ। করে পরম আনন্দ লাভ করে।
উদ্দীপকে বর্ণিত মি. আহসানের চরিত্রে দেশের প্রতি গভীর ভাবাবেগ প্রকাশ পেয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেও দেশের জাতীয় দিবসসমূহ উদ্যাপন করেন। যা দ্বারা দেশপ্রেমের সুস্পষ্ট এবং গভীরতা প্রকাশ পায়।
সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. দুর্জয়ের মধ্যে দেশপ্রেম অনুভূতির প্রকাশ পেয়েছে।
উত্তর উদ্দীপকে উল্লিখিত ধারণাটি হলো দেশপ্রেম। দেশপ্রেমের সাথে জাতীয়তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
জাতীয়তাবোধ থেকে দেশপ্রেমের সৃষ্টি হয় এবং জাতীয়তাবোধ ও দেশপ্রেম উভয়ই একপ্রকার মানসিক ধারণা ও অনুভূতি। দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতি মানুষ জন্মলগ্ন থেকেই অনুভব করে, কেননা জন্মসূত্রেই মানুষের সাথে জন্মভূমির সংযোগ গড়ে ওঠে। দেশপ্রেমে বলীয়ান ব্যক্তির কাছে নিজের দেশের চেয়ে বড় কিছু নেই। তাই দেশের জন্য জীবন দিতেও নাগরিকরা পিছপা হন না। দেশপ্রেমে "গড়ে ওঠে ঐক্যবোধ, যা জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ ঘটায়। দেশপ্রেমের মাধ্যমেই নাগরিকদের মনে জাতীয়তাবোধ জন্মায়। জাতীয়তাবাদের বিকাশের জন্য নানা ধরনের উপাদান থাকা আবশ্যক। আবার, দেশপ্রেমের বহিঃপ্রকাশও ঘটে এরূপ বিভিন্ন উপাদানের সমন্বয়েই। যেমন- বাঙালি জাতীয়তাবাদের অন্যতম ভিত্তি হলো ভাষা। আর বাংলা ভাষার জন্য বিপ্লবের মাধ্যমে সংঘটিত ভাষা আন্দোলন একাধারে জাতীয়তাবাদী আন্দোলন ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এভাবে এ উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত জাতীয়তাবাদী আন্দোলনের মূল নিয়ামক হিসেবে দেশপ্রেমকে নির্দেশ করা যায়।
তাই বলা যায়, জাতীয়তাবাদী চেতনা থেকে দেশপ্রেমের সৃষ্টি এবং কখনো কখনো দেশপ্রেম থেকে জাতীয়তাবোধের উৎপত্তি ঘটে। সুতরাং, দেশপ্রেম ও জাতীয়তা একই সূত্রে গাঁথা।।