১. উদ্দীপক
সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারবে। সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং আর্থসামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়।
উদ্দীপকের বর্ণিত একটি দেশে 'X' নামক রাজনৈতিক দল সরকার গঠন করে ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হয়। বিরোধীদলীয় নেতা-কর্মীদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়। উপরন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকে। শাসক দলের এরূপ কাজে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়। কেননা সুশাসনের অন্যতম অনুসঙ্গ হলো প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এছাড়া গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। যেখানে প্রতিটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের অধিকার রাখে। কিন্তু উদ্দীপকের আবহে এসবই ভূলণ্ঠিত হয়েছে। উপরন্তু শাসক দল বিরোধী দলের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকে। সুতরাং এসব বিষয়গুলো স্পষ্টভাবে সুশাসনের অভাবকে তুলে ধরে।
সুশাসন বলতে এমন শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত থাকে। রাজনৈতিক দলসমূহ সুশাসনের মূল চালিকাশক্তি, কারণ তারা নীতিনির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, সচেতন নাগরিকরাই শাসনব্যবস্থার যথার্থতা মূল্যায়ন করে এবং সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখে।
উদ্দীপকে দেখা যায়, 'X' নামক রাজনৈতিক দল ক্ষমতায় এসে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। বিরোধী দলীয় কর্মসূচিতে বাধা দেওয়া ও মিথ্যা মামলা দায়ের করার মাধ্যমে তারা মতপ্রকাশ ও রাজনৈতিক অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসনের পরিপন্থী। এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলের দায়িত্ব হলো-সংবিধান ও গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধাশীল থাকা, বিরোধীমতের প্রতি সহনশীলতা প্রদর্শন এবং জনগণের কাছে নিজেদের কার্যক্রমের ব্যাখ্যা প্রদান করা। অন্যদিকে, নাগরিকদেরও সচেতন হতে হবে। তারা যেন কেবল ভোটপ্রদানেই সীমাবদ্ধ না থেকে শাসক দলের কাজকর্ম পর্যবেক্ষণ করে, সামাজিক মাধ্যম, গণমাধ্যম বা অন্যান্য শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশ করে। সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিকগণ অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আইনসঙ্গত পথে দাবি উত্থাপন করে সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
সুতরাং, রাজনৈতিক দলের গণতান্ত্রিক আচরণ এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণই একটি রাষ্ট্রে সুশাসনের ভিত শক্ত করে। উদ্দীপকের মতো পরিস্থিতি তখনই প্রতিরোধ করা সম্ভব, যখন রাজনৈতিক নেতৃত্ব হবে দায়িত্বশীল এবং জনগণ থাকবে সচেতন ও সক্রিয়।
২. উদ্দীপক
নাগরিকের কর্তব্য হলো রাষ্ট্র ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করা। প্রতিটি নাগরিকেরই রাষ্ট্রের আইন মেনে চলা, কর প্রদান, জাতীয় সম্পত্তি রক্ষা, সঠিকভাবে ভোটপ্রদান এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করা উচিত। এই কর্তব্যগুলো শুধু আইনগত বাধ্যবাধকতা নয়, বরং নৈতিক দায়িত্বও বটে। একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করলে রাষ্ট্রে শৃঙ্খলা, উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত হয়।
উদ্দীপকে সোহেল বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে চাকরির জন্য অপেক্ষা না করে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি এগ্রোফার্ম গড়ে তোলে। সেখানে হাঁস-মুরগি, গবাদিপশু ও মাছ চাষের পাশাপাশি ঘাস উৎপাদন করে সে স্বনির্ভর হয়ে ওঠে। এর মাধ্যমে সোহেল তার অর্থনৈতিক কর্তব্য পালন করেছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে সহায়ক। এছাড়া সে তার আয়ের অংশ থেকে নিয়মিত সরকারকে আয়কর প্রদান করে, যা একজন নাগরিকের আইনগত কর্তব্যের অংশ। সোহেলের মতো একজন দায়িত্বশীল নাগরিক দেশের অর্থনৈতিক কর্তব্য পালনের মাধ্যমে সহজেই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। কেননা, দেশের উন্নয়নে যে ব্যয় হয় তার বেশিরভাগ আসে নাগরিকের অর্থনৈতিক কর্তব্য পালনের মাধ্যমে।
"সোহেলের এ ধরনের কার্যক্রমের ফলে রাষ্ট্রের উন্নতি ত্বরান্বিত হবে।"- মন্তব্যটি যথার্থ।
রাষ্ট্রের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে হলে শুধু সরকারের পক্ষ থেকেই নয়, বরং নাগরিকদেরও তাদের কর্তব্য যথাযথভাবে পালন করতে হয়। নাগরিকরা তাদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করলে রাষ্ট্রের অগ্রগতি অনেকাংশেই ত্বরান্বিত হয়। একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল নাগরিক রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ।
উদ্দীপকের সোহেল বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে চাকরির জন্য অপেক্ষা না করে ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজেই উদ্যোক্তা হিসেবে কর্মজীবন শুরু করেছে। সে হাঁস-মুরগি, গবাদিপশু ও মাছ চাষের মতো কৃষিনির্ভর উৎপাদনমূলক খাতে বিনিয়োগ করেছে এবং ঘাসের চাষ করেও প্রাণিসম্পদ খাতকে সহায়তা করেছে। এর ফলে শুধু নিজের কর্মসংস্থান নয়, বরং অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। অর্থনীতির প্রবাহে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সে - দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তদুপরি, সে আয়কর প্রদান করে রাষ্ট্রের রাজস্ব ভান্ডার সমৃদ্ধ করছে, যা রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পে ব্যবহার হয়। আমরা জানি, নাগরিক কর্তব্যের -মধ্যে আয়কর প্রদান একটি অন্যতম আইনগত ও অর্থনৈতিক কর্তব্য। সোহেল তা যথাযথভাবে পালন করে একজন আদর্শ নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। তার উদ্যোগ দেশের উৎপাদনশীলতা বাড়ায়, বেকারত্ব কমায় এবং রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়তা করে, যা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করে।
সুতরাং বলা যায়, সোহেলের এই অর্থনৈতিক দায়িত্বশীলতা নিঃসন্দেহে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতার পথে একটি কার্যকর পদক্ষেপ। তার মতো নাগরিকরা যদি এরূপ দায়িত্বশীলতার পরিচা দেয়, তবে রাষ্ট্রের উন্নয়ন শুধু দ্রুততরই হবে না, বরং তা টেকসই ও সমন্বিত উন্নয়নে রূপ নেবে।
৩. উদ্দীপক
কেন্দ্রের '?' চিহ্নিত ঘর থেকে নিচের চারটি বিষয়ের দিকে তীর নির্দেশ করা হয়েছে।
| ওপর থেকে ক্রম | বিষয় |
|---|---|
| ১ | জনমত |
| ২ | আইনসভা |
| ৩ | ধর্ম |
| ৪ | বিচারকের রায় |
আইন হলো সমাজে শৃঙ্খলা, ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য গৃহীত কিছু নির্দিষ্ট ও সর্বজনস্বীকৃত নিয়মকানুন। এটি মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে এবং সকল নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য হয়। আইন সামাজিক সহাবস্থানের ভিত্তি, যার পেছনে রাষ্ট্রের কর্তৃত্ব ও বলবৎ করার ক্ষমতা থাকে।
উদ্দীপকে জনমত, আইনসভা, ধর্ম এবং বিচারকের রায়- এই চারটি উপাদানের কথা উল্লেখ করা হয়েছে, যা আইন গঠনের গুরুত্বপূর্ণ উৎস। 'সমাজে যখন কোনো সমস্যা দেখা দেয়, তখন জনমতের মাধ্যমে সে বিষয়ে আলোচনা তৈরি হয়। আইনসভা সেই জনমতের ভিত্তিতে আইন প্রণয়ন করে। ধর্মীয় বিধান সমাজে প্রচলিত রীতিনীতিকে আইনের কাঠামো দেয়। বিচাগ্রকের রায়ও কখনো কখনো নতুন আইনের দিক নির্দেশ করে। তাই এসব উৎসগুলো আইনকে উপস্থাপন করে। সুতরাং আইন শুধু একটি কাগজে লেখা নিয়ম নয়, বরং এটি সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রীয় কাঠামোর মিশ্রণ। জনস্বার্থ, ন্যায়বিচার, ধর্মীয় মূল্যবোধ ও নীতিনৈতিকতার সমন্বয়ে আইনের ভিত গড়ে ওঠে। আইন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের একটি কাঠামো হলেও এর মূলশক্তি হলো সামাজিক গ্রহণযোগ্যতা।
উক্ত বিষয়টির তথা আইনের সাথে নৈতিকতার গভীর সম্পর্ক রয়েছে।
আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত ও বলবৎকৃত বাধ্যতামূলক নিয়মকানুন, যা নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণ করে। নৈতিকতা হলো ব্যক্তি ও সমাজে প্রচলিত উচিত-অনুচিত, ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের একটি মানদণ্ড, যা মানুষের বিবেক ও চেতনার সঙ্গে সম্পর্কযুক্ত। উভয়ই সমাজজীবনের শৃঙ্খলা ও কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কেননা উভয়েরই উৎপত্তি সামাজিক প্রথা, ধর্ম ও ন্যায়বোধ থেকে। এরা পরস্পর পরিপূরক হিসেবে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে। আইন 'যেমন সুনাগরিক গঠনে ভূমিকা রাখে, নৈতিকতাও - তেমনভাবে সৎ ও ন্যায়বান মানুষ গঠনে সহায়তা করে। উভয়ের আলোচ্য বিষয় মানুষ ও সমাজ; মানুষের আচরণ নিয়ন্ত্রণই এদের প্রধান লক্ষ্য। তবে কিছু মৌলিক পার্থক্যও রয়েছে। যেমন- আইনের পেছনে রাষ্ট্রের শক্তি থাকায় তা বলবৎযোগ্য ও বাধ্যতামূলক, অথচ নৈতিকতা ব্যক্তিগত বিবেকের বিষয় হওয়ায় তা প্রয়োগযোগ্য নয়। তাছাড়া আইন সাধারণত বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, আর নৈতিকতা- অন্তরজগতে কাজ করে। অনেক সময় আইনের মাধ্যমে সমাজের প্রচলিত নৈতিকতা পরিবর্তিত হয়, আবার নৈতিকতা আইনের গ্রহণযোগ্যতা নির্ধারণেও ভূমিকা রাখে। নৈতিকতার মান উন্নত হলে আইনও কার্যকর ও মানবিক হয়।
সুতরাং বলা যায়, আইন ও নৈতিকতা উভয়ই সমাজজীবনের অপরিহার্য উপাদান। তারা একে অন্যের বিকল্প না হলেও একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। সুস্থ সমাজ গঠনে উভয়ের ভারসাম্যপূর্ণ বিকাশ প্রয়োজন।
৪. উদ্দীপক
উদ্দীপকে বর্ণিত জ্ঞান অর্জনের জন্য রোদসীর পৌরনীতি ও সুশাসন বিষয়টি অধ্যয়ন করা প্রয়োজন।
নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পৌরনীতি নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। যেমন- নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক সম্পর্কে আলোচনা করে। এসব বিষয়ের জ্ঞান একজন নাগরিককে সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক মনোভাবাপন্ন হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করে।
উদ্দীপকের একাদশ শ্রেণির শিক্ষার্থী রোদসী পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন সম্পর্কিত বিষয়ে জ্ঞান অর্জনে আগ্রহী। এছাড়া সে রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে ইচ্ছুক। এসব বিষয়ে জ্ঞান অর্জনের জন্য রোদসীর পৌরনীতি ও সুশাসন বিষয়টি অধ্যয়ন করা প্রয়োজন। কেননা, এ বিষয়টি নাগরিক জীবনের সঠিক দিকনির্দেশনা প্রদান করে। নাগরিকের বর্তমান, ভবিষ্যৎ বা অতীত সকল সময়ের নাগরিক জীবনের যাবতীয় সমস্যা, নাগরিকের ধরন এবং নাগরিকের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে পৌরনীতি ধারণা প্রদান করে। এছাড়া এটি পাঠের মাধ্যমে নাগরিকের মাঝে সুনাগরিকতার গুণাবলি এবং গণতান্ত্রিক চেতনা জাগ্রত হয়, যা একটি গণতান্ত্রিক আদর্শের সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
উদ্দীপকে নির্দেশিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন, যা সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অদক্ষতা, সুশাসনের জন্য অন্যতম প্রধান শর্ত হলো শাসনকার্যে জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ। আর এজন্য প্রয়োজন রাজনৈতিক জ্ঞান ও সচেতনতা। পৌরনীতি ও সুশাসন নাগরিকদের মাঝে সচেতনতা সৃষ্টি করে। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রতিবন্ধকতা হলো বাকস্বাধীনতায় হস্তক্ষেপ। এছাড়াও রয়েছে সরকারের জবাবদিহিতার অভাব, আইনের শাসনের অভাব, সরকারের পরমতসহিষ্ণুতার অভাব, জনসচেতনতার অভাব ইত্যাদি। এক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন প্রতিটি সমস্যার সমাধান দেয়। সংশ্লিষ্ট ও প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ ধারাবাহিকভাবে প্রতিটি সমস্যার সমাধানকল্পে পৌরনীতি ও সুশাসন কাজ করে। পৌরনীতি নাগরিকদের যেমন অধিকার-কর্তব্য সম্পর্কে জ্ঞান দেয় ও সুশাসন তেমনি সরকারসহ সব প্রতিষ্ঠানের জন্য রয়েছে প্রয়োজনীয় দিক নির্দেশনা। ফলে জনগণ ও সরকারের পারস্পরিক সুষ্ঠু সমন্বয় ও যৌথ উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। এজন্য পৌরনীতি ও সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমরা সাধারণভাবে বলতে পারি, সুশাসন নিশ্চিত করা। এ অর্থে পৌরনীতি যদি হয় তত্ত্বীয়, তাহলে সুশাসন হলো এর ব্যবহারিক দিক। অর্থাৎ, সুশাসন প্রতিষ্ঠার পাথেয় হলো উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ বিষয়টির অর্থাৎ পৌরনীতির জ্ঞান।
সুতরাং বলা যায়, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন বিষয়টি কেন্দ্রীয় ভূমিকায় সর্বদাই অবতীর্ণ থাকে।
৫. উদ্দীপক
উদ্দীপকে জনাব আকমলের বিভাগের সাথে আমার পঠিত সরকারের আইন বিভাগের মিল রয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে, জনাব আকমল বিভাগ প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত যাবতীয় নীতিমালা প্রণয়ন করে থাকে। এসব নীতিমালার আলোকে সবুজ হোসেনের বিভাগ প্রতিষ্ঠানটি পরিচালনা করে। এমনকি জনাব আকমলের বিভাগ অর্থ আয়-ব্যয় সংক্রান্ত যে বাজেট অনুমোদন করে সে অনুযায়ী সবুজ হোসেনের বিভাগ অর্থ ব্যয় করে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে সরকারের আইন বিভাগের চিত্র প্রকাশ পায়। আইন বিভাগ অনেক কাজ করে থাকে তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ কাজ হলো আইন প্রণয়ন, সংবিধান প্রণয়ন ও সংশোধন এবং শাসন সংক্রান্ত কাজ। আইন বিভাগের অন্যতম কাজ হলো আইন প্রণয়ন, যার মাধ্যমে রাষ্ট্রের শাসন কার্যক্রম পরিচালনার জন্য নতুন আইন তৈরি করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পুরনো আইন সংশোধন করা হয়। দ্বিতীয়ত, সংবিধান প্রণয়ন ও সংশোধনের মাধ্যমে আইনসভা রাষ্ট্রের মৌলিক কাঠামো নির্ধারণ করে এবং সময় ও প্রেক্ষাপট অনুযায়ী তা পরিবর্তন করে থাকে। তৃতীয়ত, শাসনসংক্রান্ত কার্যাবলির মাধ্যমে আইনসভা প্রশাসনের কার্যক্রম তদারকি করে ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যাতে শাসনব্যবস্থা জবাবদিহিমূলক থাকে এবং ক্ষমতার অপব্যবহার রোধ করা যায়। এসব কাজ আইন বিভাগের কার্যকর ভূমিকার প্রতিফলন।
উদ্দীপকের সবুজ হোসেনের বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। 'বর্তমানে শাসন বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে'- উক্তিটি যথার্থ।
উদ্দীপকে বলা হয়েছে, জনাব সবুজ হোসেন আইন বিভাগের প্রণীত নীতিমালার আলোকে তার বিভাগ প্রতিষ্ঠানটি পরিচালনা করে। এমনকি জনাব আকমলের আইন বিভাগ অর্থ আয়-ব্যয় সংক্রান্ত যে বাজেট অনুমোদন করে সে অনুযায়ী সবুজ হোসেনের বিভাগ অর্থ ব্যয় করে। এ থেকে বোঝা যায় সবুজ হোসেনের বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। বর্তমানে শাসন বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আইনসভায় অনেক সময় অদক্ষ ও অযোগ্য সদস্য নির্বাচিত হন, যারা আইন প্রণয়নের জটিলতা সামাল দিতে পারেন না। ফলে অনেক ক্ষেত্রেই আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব শাসন বিভাগের ওপর বর্তায়।দ্বিতীয়ত, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনকল্যাণমূলক কার্যক্রম যেমন- স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোতে তৎপরতা বেড়ে যাওয়ায় শাসন বিভাগের কার্যক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। তৃতীয়ত, আইনসভা বছরজুড়ে স্বল্প সময়ের জন্য অধিবেশন বসায় এবং আইনের খুঁটিনাটি দিক নিয়ে কাজ করার যথেষ্ট সময় তাদের থাকে না। এতে আইন প্রণয়নের দায়িত্ব প্রায়সময়ই শাসন বিভাগকে অর্পণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক সংকট, জরুরি অবস্থা, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে প্রশাসনিক দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বেড়েছে, যা শাসন বিভাগের ভূমিকাকে আরও দৃঢ় ও প্রসারিত করেছে। জনগণও শাসন বিভাগের সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হওয়ায় তাদের ওপর নির্ভরতা বাড়ছে।
আলোচনার প্রেক্ষিতে, তাই বলা যায়, আধুনিক রাষ্ট্রের জটিলতা, জনগণের চাহিদা এবং প্রশাসনিক দক্ষতার প্রয়োজনীয়তা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যক্রম বৃদ্ধির অন্যতম কারণ। তাই বর্তমান সময়ে শাসন বিভাগের ভূমিকা ক্রমেই কেন্দ্রীভূত ও প্রভাবশালী হয়ে উঠছে।
৬. উদ্দীপক
জনাব আসাদ একটি রাজনৈতিক দলের সদস্য।
রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগণের সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। রাজনৈতিক দলের লক্ষ্য হলো জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এবং জনকল্যাণ সাধন করা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে।
উদ্দীপকে জনাব আসাদ এমন একটি সংগঠনের সদস্য যার উদ্দেশ্য হলো জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। তিনি জাতীয় ও স্থানীয় নির্বাচনে উক্ত সংগঠনের 'প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। এরূপ বর্ণনার মাধ্যমে সহজেই অনুমান করা যায়, জনাব আসাদ একটি রাজনৈতিক দলের সদস্য। কারণ রাজনৈতিক দলের মূল লক্ষ্য হলো জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়া এবং রাষ্ট্র পরিচালনা করা। আর সে লক্ষ্যেই প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করে থাকে।
উদ্দীপকের জনাব সেলিম অপর একটি সংগঠনের সদস্য যার উদ্দেশ্য রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত না হয়ে গোষ্ঠী স্বার্থ আদায়ে সচেষ্ট থাকা। এ থেকে সহজেই অনুমেয় যে জনাব সেলিম একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য। সুশাসন প্রতিষ্ঠায় একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অগ্রগণ্য।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি সংগঠিত সামাজিক গোষ্ঠী, যারা নিজস্ব স্বার্থ কিংবা জনস্বার্থ রক্ষার্থে সরকারের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। তারা সরকারের নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়ে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের প্রতিনিধিত্বকারী এই গোষ্ঠীগুলো গণতন্ত্র ও সুশাসনের বিকাশে শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করে।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী একদিকে যেমন জনগণের স্বার্থ ও দাবি সরকারে পৗঁছে দেয়, অন্যদিকে সরকারের অগণতান্ত্রিক আচরণের সমালোচনার মাধ্যমে শাসকদের দায়িত্বশীল হতে বাধ্য করে। তারা সরকারের নীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় মতামত প্রদান করে জনঅংশগ্রহণ বৃদ্ধি করে, ফলে আইন হয় গণমুখী। এছাড়া শাসন বিভাগের কর্মকাণ্ডে নজর রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। সরকারের যেকোনো স্বৈরাচারী প্রবণতা রোধে গণআন্দোলনের মাধ্যমে তারা সক্রিয় ভূমিকা পালন করে, যা জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ। তারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে, যাতে করে অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া কার্যকরভাবে সরকারের কাছে পৌঁছায়। তারা দুর্যোগে সক্রিয় থাকে, জনমত গঠনে সাহায্য করে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হয়। এসব কর্মপরিধির মাধ্যমে তারা কেবল জনগণের স্বার্থই রক্ষা করে না, বরং একটি জবাবদিহিমূলক ও জনমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক শক্তিতে পরিণত হয়।
সুতরাং বলা যায়, জনগণের প্রতিনিধিত্বকারী ও রাষ্ট্রের নীতিনির্ধারণে প্রভাবশালী এই চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠায় একটি অপরিহার্য ভূমিকা পালন করে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
৭. উদ্দীপক
মৌলিক অধিকার হলো সংবিধান স্বীকৃত ও সংরক্ষিত সেই অধিকার, যা ব্যক্তির মর্যাদা, স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য।
এসব অধিকার রক্ষায় সাংবিধানিক প্রতিকার থাকে। তবে অধিকারভেদে সংবিধানসম্মত যুক্তিসংগত সীমা বা বিশেষ বিধান থাকতে পারে; জরুরি অবস্থা ছাড়া কখনো কোনো অধিকার সীমিত হতে পারে না—এমন সাধারণীকরণ সঠিক নয়।
উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সাথে আমার পাঠ্যবইয়ের দেশপ্রেম বিষয়টি মিল রয়েছে।
নিজ মাতৃভূমির প্রতি মমত্ববোধ, আবেগ ও অনুভূতির নাম হলো দেশাত্ববোধ; স্বদেশপ্রেম বা দেশপ্রেম। তাই দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিই, দেশপ্রেম। এটি জন্মভূমির জন্য মানুষের একধরনের অনুরাগময় ভাবাবেগ। ইংরেজি Patriotism কে দেশপ্রেমের প্রতিশব্দ হিসেবে ধরা হয়। ইংরেজিতে এ শব্দটি সম্পর্কে যে ধারণা দেওয়া হয় তা হলো দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করতে শত্রু বা অনিষ্টকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা।
উদ্দীপকের সুইডেন প্রবাসী আমান চাকরির খোঁজে একটি প্রতিষ্ঠানে গিয়ে বাংলা ভাষাভাষি দুজন লোককে দেখে অত্যন্ত খুশি হয়। আলাপচারিতায় জানতে পারে তাদের উভয়ের স্থায়ী ঠিকানা একই জেলায়। ফলে আমানের চাকরিপ্রাপ্তি সহজ হলো। প্রবাসী আমান উপলব্ধি করল, প্রবাসীরা দেশের সুসংবাদে আনন্দিত হয় এবং দুঃসংবাদে খুব বেশি উদ্বিগ্ন হয়। দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি এই যে সহানুভূতি তা মূলত দেশপ্রেমকে তুলে ধরে। কারণ দেশত্ববোধের কারণেই প্রবাসীরা দেশের সুসংবাদে আনন্দিত হয় এবং দুঃসংবাদে খুব বেশি উদ্বিগ্ন হয়।
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো দেশপ্রেম। দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক অবিচ্ছেদ্য।
জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা এবং এক প্রকার সচেতনতা। জাতীয়তার ধারণা কোনো জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যের সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদের অন্য জনসমষ্টি হতে আলাদা মনে করে তখন সে জনসমষ্টিকে জাতীয়তা বলে। আর জাতীয়তা গঠনের জন্য অনুঘটক হিসেবে কাজ করে হলো দেশের মানুষ দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা, যা দেশপ্রেম হিসেবে পরিচিত। জাতীয়তাবোধ থেকে দেশপ্রেমের সৃষ্টি হয় এবং জাতীয়তাবোধ ও দেশপ্রেম উভয়ই একপ্রকার মানসিক ধারণা ও অনুভূতি। দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতি মানুষ জন্মলগ্ন থেকেই অনুভব করে, কেননা জন্মসূত্রেই মানুষের সাথে জন্মভূমির সংযোগ গড়ে ওঠে। দেশপ্রেমে বলীয়ান ব্যক্তির কাছে নিজের দেশের চেয়ে বড় কিছু নেই। তাই দেশের জন্য জীবন দিতেও নাগরিকরা পিছপা হন না। দেশপ্রেমে গড়ে উঠে ঐক্যবোধ, যা জাতীয়তাবোধের বহিঃপ্রকাশ ঘটায়। দেশপ্রেমের মাধ্যমেই নাগরিকদের মনে জাতীয়তাবোধ জন্মায়। জাতীয়তাবাদের বিকাশের জন্য নানা ধরনের উপাদান থাকা আবশ্যক। আবার, দেশপ্রেমের বহিঃপ্রকাশও ঘটে এরূপ বিভিন্ন উপাদানের সমন্বয়েই। যেমন- বাঙালি জাতীয়তাবাদের অন্যতম ভিত্তি হলো ভাষা। আর বাংলা ভাষার জন্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সংঘটিত ভাষা আন্দোলন একাধারে জাতীয়তাবাদী আন্দোলন ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এভাবে এ উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত জাতীয়তাবাদী আন্দোলনের মূল নিয়ামক হিসেবে দেশপ্রেমকে নির্দেশ করা যায়।
তাই বলা যায়, জাতীয়তাবাদী চেতনা থেকে দেশপ্রেমের সৃষ্টি এবং কখনো কখনো দেশপ্রেম থেকে জাতীয়তাবোধের উৎপত্তি ঘটে। সুতরাং, দেশপ্রেম ও জাতীয়তা একই সূত্রে গাঁথা।
৮. উদ্দীপক
১. মূল্যবোধ হলো ভালো বা মন্দ সম্পর্কে সামাজিক ধারণা;
২. কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায়;
৩. সমাজের মানুষের সাধারণ আচরণ, যাতে আবেগ বিদ্যমান।
জনাব রহিমের কর্মকাণ্ডের সাথে আমার পাঠ্যবইয়ের গণতান্ত্রিক সরকারব্যবস্থার সাদৃশ্য রয়েছে।
গণতন্ত্র হলো জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভারে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। বস্তুত এটি একটি দায়িত্বশীল শাসনব্যবস্থা। এ ধরনের শাসনব্যবস্থায় সকলের মতামতের প্রাধান্য স্বীকৃত হয়। এজন্যই আব্রাহাম লিংকন বলেছিলেন, গণতন্ত্র হলো জনগণের কল্যাণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত ও জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা।
উদ্দীপকের জনাব রহিম একটি যৌথ পরিবারের প্রধান। পরিবারের সকল সিদ্ধান্ত তিনি সকলের মতামতের ভিত্তিতে নিয়ে থাকেন। ফলে তার পরিবারে শান্তি বিরাজ করে। এরূপ বর্ণনার মধ্য দিয়ে মূলত গণতান্ত্রিক সরকারব্যবস্থার প্রতিচ্ছবি ভেসে ওঠে। কারণ গণতান্ত্রিক সরকার জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত। এ সরকারে জনগণের মতামত অনুযায়ী সরকার পরিচালিত না হলে সে সরকার বেশিদিন টিকতে পারে না। এর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি সংখ্যাগরিষ্ঠের শাসনব্যবস্থা। সর্বোপরি এখানে জনগণের সার্বভৌমত্ব স্বীকৃত। এ কারণে সারাবিশ্বে গণতন্ত্র সর্বাধিক জনপ্রিয় একটি শাসনব্যবস্থা।
জনাব রহিম ও জনাব করিমের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ সরকারব্যবস্থা হলো যথাক্রমে গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক। এ দুটি সরকারব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক সরকারব্যবস্থাকে আমি উত্তম মনে করি।
ক্ষমতার উৎসের ভিত্তিতে সরকারের দুটি রূপ দেখা যায়, একটি হলো একনায়কতান্ত্রিক সরকার ও অন্যটি হলো গণতান্ত্রিক সরকারব্যবস্থা। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকারব্যবস্থা যেখানে শাসনক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। আর একনায়কতান্ত্রিক সরকার ঠিক এর উল্টো। এখানে একজন শাসক রাষ্ট্রের সকল ক্ষমতা ভোগ ও নিয়ন্ত্রণ করে থাকে।
গণতান্ত্রিক সরকারব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার 'নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। এতে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তাছাড়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা থাকায় কোনো ধরনের বিদ্রোহ বা বিপ্লবের প্রয়োজন হয় না। অপরদিকে, একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থায় ক্ষমতা ব্যক্তি বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকে এবং কার্যকর দলীয় প্রতিযোগিতা সীমিত বা বন্ধ থাকতে পারে। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের সরকারব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষা পেশিশক্তিতে বেশি বিশ্বাস করে। জনগণের ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই থাকে না।
উপরের আলোচনা থেকে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষায় এবং জনকল্যাণে নিয়োজিত একটি শাসনব্যবস্থা। যেখানে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা সর্বত্র জনকল্যাণ বিঘ্নিত হয়। এ কারণে আমি মনে করি, গণতান্ত্রিক সরকারব্যবস্থা একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা থেকে উত্তম।
৯. উদ্দীপক
অপরের সমান অধিকার ক্ষুণ্ণ না করে যুক্তিসংগত ও আইনসম্মত সীমার মধ্যে নিজের ব্যক্তিত্ব বিকাশের সুযোগই স্বাধীনতা।
স্বাধীনতা ইচ্ছেমতো সব কাজ করা বা সব ধরনের নিয়ন্ত্রণের অনুপস্থিতি নয়। ন্যায়সংগত আইন অন্যের হস্তক্ষেপ ও স্বেচ্ছাচার থেকে ব্যক্তিকে রক্ষা করে এবং অধিকার ভোগের উপযোগী পরিবেশ সৃষ্টি করে।
উদ্দীপকে জনাব 'P' এর মাধ্যমে সম্মোহনী নেতৃত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্লুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ. কে. ফজলুল হক, মওলানা ভাসানী প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে।
উদ্দীপকের জনাব 'P' একটি দেশের জনপ্রিয় নেতা। তিনি জনগণকে সহজেই প্রভাবিত করতে পারেন। তার ব্যক্তিত্ব ও বক্তব্য জনগণকে উজ্জীবিত করে। চারিত্রিক দৃঢ়তা ও সাহসিকতার জন্য জনগণ তার প্রতি মুগ্ধ এবং তাকে অন্ধভাবে বিশ্বাসও করে। জনাব 'P'-এর এরূপ গুণাবলি স্পষ্টভাবে সম্মোহনী নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে। কেননা, কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে 'সম্মোহনী নেতৃত্ব' বা 'জাদুকরী নেতৃত্ব' বলা হয়। এ ধরনের নেতৃবৃন্দ তীব্র আকর্ষণ শক্তির অধিকারী এবং জনগণ তাদের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে। সম্মোহন বলতে কোনো ব্যক্তির বিশেষ ব্যক্তিত্ব ও গুণাবলিকে বোঝানো হয়। এ বিশেষ গুণাবলিই সম্মোহনী শক্তিসম্পন্ন নেতাকে সাধারণ জনগণের থেকে পৃথক করে।
উদ্দীপকে বর্ণিত নেতৃত্ব তথা সম্মোহনী নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আমি মনে করি।
যেকোনো সমাজব্যবস্থায় বা রাষ্ট্রব্যবস্থায় নেতৃত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ ধরনের নেতৃত্বে জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। শেখ মুজিবুর রহমান-এর প্রত্যক্ষ প্রমাণ। তিনি তার সম্মোহনী নেতৃত্বের গুণেই বাঙালি জাতিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেছিলেন। নেতৃত্ব এমন একটি গুণ, যা অন্যকে প্রভাবিত ও অনুপ্রাণিত করে। একজন নেতাই পারেন সাধারণ জনগণকে অভীষ্ট 'লক্ষ্য অর্জনে সহায়তা করতে। নেতৃত্বের গুণাবলিসম্পন্ন ব্যক্তিই হলেন জনগণের অভিভাবক, পরিচালক, উৎসাহ প্রদানকারী এবং পথপ্রদর্শক। নেতৃত্বের অনুপ্রেরণায় জনগণ উদ্বুদ্ধ হয়। এক আদর্শ ও ভাবনায় অনুপ্রাণিত' হয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনে তৎপর হয়। তার বিশিষ্ট গুণই তাকে জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। ফলে তিনি সাধারণ জনগণকে প্রভাবিত করে জাতি গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সুতরাং বলা যায়, জাতি গঠনে সম্মোহনী নেতৃত্বের ভূমিকা অত্যন্ত ব্যাপক।
১০. উদ্দীপক
সরকার তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ সরকারের তৃতীয় অঙ্গ। সরকারের যে বিভাগ আইন অনুযায়ী বিচারকার্য সম্পাদন করে তাকে বিচার বিভাগ বলে। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। এছাড়া প্রয়োজনে সংবিধানের ব্যাখ্যাদান করাও বিচার বিভাগের অন্যতম দায়িত্ব। সর্বোপরি দুষ্টের দমন আর শিষ্টের পালন এই মহান ব্রত নিয়ে সরকারের বিচার বিভাগ কাজ করে থাকে।
উদ্দীপকের জনাব 'D' সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের সদস্য। তার বিভাগের প্রধান দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, আইনের ব্যাখ্যাপ্রদান ও নির্বাহী বিভাগকে পরামর্শ প্রদান। এরূপ বর্ণনায় সরকারের বিচার বিভাগকে উপস্থাপন করা হয়েছে। কেননা সরকারের এ অঙ্গটির মূল দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার রক্ষা করার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। সেই সাথে আইনের ব্যাখ্যাপ্রদান এবং শাসন বিভাগকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদানও করে থাকে।
সুতরাং বলা যায়, জনাব 'D'-এর মাধ্যমে সরকারের বিচার বিভাগকে উপস্থাপন করা হয়েছে।
উক্ত বিভাগের তথা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় নানা রকম করণীয় রয়েছে বলে আমি মনে করি।
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথমত, আমাকে এমন রাজনৈতিক ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করতে হবে, যেখানে বিচারপতিরা দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে পারেন। দ্বিতীয়ত, বিচারক নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক হয় তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য প্রচার-প্রচারণা চালাতে পারি। তৃতীয়ত, বিচারপতিদের সম্মানজনক বেতন, নিরাপত্তা, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের প্রয়োজনীয়তার পক্ষে মতামত জানাতে পারি, যাতে তারা প্রভাবমুক্ত থেকে ন্যায়বিচার করতে পারেন। চতুর্থত, বিচার বিভাগের অপব্যবহার বা রাজনৈতিক হস্তক্ষেপ দেখা দিলে আমি গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানাতে পারি এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করে সচেতনতা সৃষ্টি করতে পারি। তাছাড়া আদালতের কার্যক্রম সম্পর্কে দায়িত্বশীল আচরণ প্রদর্শন, রায়কে সম্মান জানানো এবং বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়াও একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য।
সুতরাং বলা যায়, বিচার বিভাগের স্বাধীনতা কেবল বিচারপতিদের ওপর নয়, বরং সচেতন ও নৈতিকভাবে দায়িত্ববান নাগরিকদের সক্রিয় ভূমিকার ওপরও নির্ভর করে। এ দায়িত্ব পালনের মাধ্যমেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে পারে।
১১. উদ্দীপক
জনাব 'A' এর রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।
যে শাসনব্যবস্থায় সরকারের নির্বাহী ক্ষমতা মন্ত্রিপরিষদের মাধ্যমে প্রয়োগ করা হয় এবং মন্ত্রিপরিষদ তার সব কাজ ও নীতির জন্য আইন পরিষদের কাজে দায়ী থাকে, তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বলে। মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিগণ ব্যক্তিগত ও যৌথভাবে আইন পরিষদের কাছে দায়ী থাকে। এরূপ বৈশিষ্ট্যের কারণে একে দায়িত্বশীল সরকারব্যবস্থাও বলা হয়।
উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'A' আইনসভার আস্থা অর্জন করলে রাষ্ট্রপ্রধান তাকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন। 'A' তার আস্থাভাজনদের মন্ত্রিপরিষদে নিয়োগ দিয়ে কেবিনেট গঠন করেন। 'A'-এর সরকারকে আইনসভায় জবাবদিহি করতে হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আইনসভার আস্থা ভোটে পরাজিত হয়ে 'A' এর সরকারের পতন ঘটে। জনাব 'A'-এর সরকারব্যবস্থার এরূপ বৈশিষ্ট্য স্পষ্টভাবে সংসদীয় সরকারব্যবস্থাকে তুলে ধরে। কারণ সংসদীয় সরকারপ্রধানকে সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নিয়োগদান করেন। এরপর সরকারপ্রধান তার আস্থাভাজনদের নিজের মন্ত্রিসভায় নিয়োগদান করেন। আর সংসদীয় সরকার তাদের কাজের জন্য আইনসভার প্রতি দায়বদ্ধ থাকে।
উদ্দীপকের A ও B সরকারের তুলনায় মন্ত্রিসভার সরাসরি আইনসভাগত জবাবদিহিতার কারণে আমি সংসদীয় পদ্ধতির পক্ষে মত দিতে পারি; তবে রাষ্ট্রপতিশাসিত পদ্ধতি সব ক্ষেত্রে নিকৃষ্ট—এমন সিদ্ধান্ত সঠিক নয়।
সংসদীয় পদ্ধতিতে মন্ত্রিসভা আইনসভার আস্থার ওপর নির্ভরশীল। প্রশ্ন, বিতর্ক ও অনাস্থার মতো উপায় নির্বাহীর জবাবদিহিতা বাড়াতে পারে। কিন্তু দলীয় সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার হলে এ ব্যবস্থাতেও ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটতে পারে।
রাষ্ট্রপতিশাসিত পদ্ধতিতে নির্বাহী ও আইনসভা পৃথক সাংবিধানিক ভিত্তিতে কাজ করে। আইনসভার অর্থ ও আইন প্রণয়নের ক্ষমতা, বিচারিক পর্যালোচনা এবং অন্যান্য সাংবিধানিক নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির ক্ষমতাকে সীমিত করতে পারে। তাই রাষ্ট্রপতি সর্বক্ষেত্রে অনিয়ন্ত্রিত একচ্ছত্র ক্ষমতার অধিকারী—এমন সাধারণীকরণ গ্রহণযোগ্য নয়।
অতএব উপযোগিতা বিচার করতে জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য, অধিকার সুরক্ষা ও বাস্তব প্রাতিষ্ঠানিক চর্চা দেখতে হবে। সংসদীয় পদ্ধতির পক্ষে যুক্তি থাকলেও কোনো একটি পদ্ধতি নামমাত্র গ্রহণ করলেই সুশাসন নিশ্চিত হয় না।