যশোর বোর্ড ২০২৫

১. উদ্দীপক

'ক' একটি সংগঠনের সদস্য। এ সংগঠনটি জনমতের ওপর ভিত্তি করে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে চায়। অপরদিকে, 'খ' একটি সংগঠনের সদস্য। এ সংগঠনটির কাজ হলো সরকারের ওপর চাপ দিয়ে নিজস্ব স্বার্থ রক্ষা করা। 'ক'-এর সংগঠন জনগণের কথা ভাবে, 'খ'-এর সংগঠন জনগণের কথা ভাবে না।
উত্তর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি রাজনৈতিক দল।
উত্তর কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে। উপদল রাজনৈতিক দলের একটি খণ্ডিত রূপ। এর কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ।
উত্তর 'খ' এর সংগঠনটি হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ। স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী তাদের পছন্দের দল ও ব্যক্তিকে অর্থ দিয়ে বা অন্যভাবে সাহায্য-সহযোগিতা করে। এসব নেতা বা ব্যক্তি নির্বাচিত হয়ে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পক্ষে আইন প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
উদ্দীপকের 'খ' একটি সংগঠনের সদস্য। এই সংগঠনটির কাজ হলো সরকারের উপর চাপ দিয়ে নিজস্ব স্বার্থ রক্ষা করা। 'খ' এর সংগঠন জনগণের কথা ভাবে না। এরূপ বক্তব্যে স্পষ্টভাবে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পরিচয় ফুটে ওঠে। কেননা, একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠী সর্বদা নিজ গোষ্ঠীর স্বার্থের জন্য কাজ করে থাকে।
উত্তর

গণতান্ত্রিক ব্যবস্থায় 'ক' এর সংগঠন তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিহার্য।

উদ্দীপকে বলা হয়েছে, 'ক' একটি সংগঠনের সদস্য, যারা জনমতের ভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করতে চায়। এটি স্পষ্টতই একটি রাজনৈতিক দলের পরিচায়ক।

রাজনৈতিক দল হলো একটি সংগঠিত গোষ্ঠী, যারা নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে জনসমর্থন অর্জনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। গণতন্ত্রে রাজনৈতিক দল নাগরিকদের মতামতকে কেন্দ্র করে সরকার গঠনে সহায়তা করে। তারা নির্বাচন, প্রচার, রাজনৈতিক শিক্ষা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে গতিশীল রাখে।

গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা জনগণের মতামত সংগ্রহ করে, রাজনৈতিকভাবে জনগণকে সচেতন করে তোলে এবং প্রতিনিধিত্বমূলক শাসনের মাধ্যমে জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে। রাজনৈতিক দল সরকারের গঠন ও কার্যকারিতা নির্ধারণে মুখ্য ভূমিকা রাখে। তারা জনগণের স্বার্থ ও চাহিদাকে সরকারের নিকট উপস্থাপন করে, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ায় এবং সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখে। এছাড়া রাজনৈতিক দল সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদলে সহায়তা করে, যা রাজনৈতিক স্থিতিশীলতার পূর্বশর্ত। 'ক'-এর সংগঠনও এই ধারাবাহিকতায় জনগণের রায়কে ভিত্তি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, যা গণতন্ত্রের মূল নীতি। এভাবে রাজনৈতিক দল হিসেবে 'ক'-এর সংগঠন গণতান্ত্রিক শাসনকে কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করে তোলে। ফলে জনগণের শাসনের ধারণা বাস্তব রূপ পায়।

২. উদ্দীপক

'ক' ও 'খ' এসএসসি পাস করার পর একই কলেজে একাদশ শ্রেণির মানবিক বিভাগে ভর্তি হয়েছে। তাদের দুইজনের দুটি আলাদা বিষয় আছে। মজার ব্যাপার হলো বিষয় দুটি আলাদা হলেও একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। 'ক'-এর বিষয়টি নাগরিকের অধিকার, কর্তব্য, আচার-আচরণ, আইন, স্বাধীনতা নিয়ে আলোচনা করে।
উত্তর 'Civitas' শব্দের অর্থ নগররাষ্ট্র।
উত্তর মূলগত অর্থে পৌরনীতি বলতে নগররাষ্ট্র এবং নাগরিকের আচরণ ও দায়িত্ব-কর্তব্যসংক্রান্ত বিজ্ঞানকে বোঝায়। কিন্তু বর্তমানকালে রাষ্ট্রের নাগরিক, নাগরিকতা ও আন্তর্জাতিক সংস্থার কার্যাদিসংক্রান্ত বিজ্ঞানকে বোঝায়। অর্থাৎ, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলি নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিকতা এবং উন্নত ও অগ্রসর নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞানদান করে তাকে পৌরনীতি বলে।
উত্তর 'ক' এর বিষয়টি আমার পঠিত পৌরনীতি ও সুশাসন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত।
পৌরনীতি ও সুশাসন হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যা রাষ্ট্র, সমাজ ও নাগরিকজীবনকে কেন্দ্র করে গঠিত। এটি নাগরিকদের অধিকার, কর্তব্য, মূল্যবোধ, আইন, নৈতিকতা, রাজনৈতিক প্রতিষ্ঠান ও শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত বিষয়সমূহ বিশ্লেষণ করে। নাগরিক সুশাসনের আলোকে কীভাবে সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে পারে-তা শেখানোই এ বিষয়ের মূল উদ্দেশ্য।
পৌরনীতি ও সুশাসনের পরিধি দিন দিন প্রসারিত হচ্ছে। এটি কেবল রাষ্ট্র ও সমাজের কাঠামো নিয়ে আলোচনা করে না, বরং নাগরিকতার উৎপত্তি, বিবর্তন ও ভবিষ্যৎ নিয়েও বিশ্লেষণ করে। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার, জাতি, সম্প্রদায়সহ সমাজের মৌলিক কাঠামোগুলোর বিষয়ও এর অন্তর্ভুক্ত। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নাগরিকের ভূমিকা, সংবিধান ও আইনের বিকাশ, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক ঘটনাবলি-সবই এর আলোচ্য বিষয়। একইসঙ্গে স্বাধীনতা, সাম্য ও ন্যায়ের মতো বিমূর্ত ধারণাগুলোর বিশ্লেষণ করে উত্তম নাগরিক জীবন গঠনের দিকনির্দেশনা প্রদান করে। সবমিলিয়ে নাগরিক জীবনকে স্পর্শ করে এমন প্রতিটি গুরুত্বপূর্ণ দিকই এর আলোচনার অংশ।
উত্তর উদ্দীপকে পৌরনীতি ও সুশাসন বিষয়টির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। আর পৌরনীতির উৎপত্তির ইতিহাস অনেক পুরোনো। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রকেন্দ্রিক ব্যবস্থা থেকে এ শাস্ত্রের উদ্ভব। সেই সময়ে পৌরনীতির ক্ষেত্র ছিল মূলত নগররাষ্ট্রে বসবাসকারী নাগরিক। সম্পর্কিত আলোচনাতেই সীমাবদ্ধ। কিন্তু বর্তমানে নাগরিকতার ধরন, বিস্তার ও মাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। নাগরিক অধিকার, কর্তব্য, সুনাগরিকতা এবং এর সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক দিকের সাথে সংশ্লিষ্ট স্থানীয় প্রতিষ্ঠান, যেমন- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ইত্যাদির গঠন, কার্যাবলি ও ভূমিকা পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। জাতীয় গৌরবময় ইতিহাস, আন্দোলন ও ব্যক্তিত্ব সম্পর্কেও জ্ঞানদান করে পৌরনীতি। বর্তমানকালের বৈশ্বিক বিস্তৃতি নাগরিকতার সাথে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান, যেমন- জাতিসংঘ, কমনওয়েলথ, সার্ক ইত্যাদির গঠন ও কার্যাবলি নিয়েও পৌরনীতি আলোচনা করে থাকে। একই সাথে অতীতে নাগরিক জীবন কেমন ছিল, রাষ্ট্রের দায়-দায়িত্ব কেমন ছিল, নাগরিকগণ কেমন সুযোগ-সুবিধা ভোগ করত তার স্বরূপ নিয়েও পৌরনীতি আলোচনা করে। অতীতের তুলনায় বর্তমানে এর প্রকৃতি কেমন এবং ভবিষ্যতে তা কেমন হতে পারে, তারও দিকনির্দেশনা পৌরনীতি হতে পাওয়া যায়। অতীতের শাসনব্যবস্থা, সংবিধান, শাসকশ্রেণি ইত্যাদির মধ্যে কোনটি সবচেয়ে ভালো ছিল যা ভবিষ্যতে গ্রহণ করা যেতে পারে পৌরনীতির আলোচনায় তা পাওয়া যায়।
আলোচনার পরিশেষে বলা যায়, পৌরনীতির উৎপত্তি হয়েছিল প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রের জীবনব্যবস্থার চিত্র বর্ণনা করার জন্য। সেই থেকে পৌরনীতি ক্রমবিকশিত হয়ে বর্তমান আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অবিচ্ছেদ্য জ্ঞানভাণ্ডার হিসেবে বিবেচিত হচ্ছে। নাগরিক জীবনের অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ সবকিছুই পৌরনীতি ও সুশাসনের পরিধির অন্তর্ভুক্ত। - তাই অতীত আর বর্তমানের মধ্যে সেতুবন্ধন সৃষ্টিতে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক।

৩. উদ্দীপক

রবিউলের কলেজের সামনে মারামারি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কলেজ থেকে বাড়ি ফেরার পথে রবিউলকে গ্রেফতার করে। তার অপরাধ কী এবং সে গ্রেফতারি পরোয়ানা দেখতে চায়? পুলিশ তাকে গ্রেফতারি পরোয়ানা' দেখাতে 'পারে না। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। তিনি বিচারককে বলেন, আমি আমার অপরাধ সম্পর্কে কিছুই জানি না। আমি এদেশের নাগরিক, এদেশে । আমার সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। তার কোনো অপরাধ না থাকায় বিচারক তাকে মুক্তির আদেশ প্রদান করেন।
উত্তর আইন ফারসি ভাষার শব্দ।
উত্তর নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি তথা মূল্যবোধের ওপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতিঘটিত বা নীতিসংক্রান্ত বিষয়, যা সুনীতি, সৎ নীতি বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা হলো সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করে।
উত্তর রবিউলের গ্রেফতারে আইনের শাসনের ব্যত্যয় ঘটেছে।
আইনের শাসন বলতে বোঝায় রাষ্ট্রে এমন একটি শাসনব্যবস্থা, যেখানে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান আইন দ্বারা পরিচালিত হয় এবং আইনের দৃষ্টিতে সবাই সমান। এই নীতি অনুযায়ী কোনো ব্যক্তিকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত দোষী বলা যায় না এবং যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই বিচার কার্য সম্পন্ন হতে হয়।
রবিউলের কলেজের সামনে সংঘটিত মারামারির ঘটনার পর পুলিশ সন্দেহের ভিত্তিতে তাকে বাড়ি ফেরার পথে গ্রেফতার করে এবং সে গ্রেফতারি পরোয়ানা দেখতে চাইলে পুলিশ তা দেখাতে ব্যর্থ হয়। এ ঘটনায় আইনের শাসনের গুরুতর ব্যত্যয় ঘটেছে। কারণ, কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে হলে আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা দেখানো বাধ্যতামূলক, যা রবিউলের ক্ষেত্রে মানা হয়নি। এতে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগও অস্বীকার করা হয়েছে। এভাবে বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করা ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন, যা আইনের শাসনের মূল চেতনার পরিপন্থী। সুতরাং, রবিউলের এই গ্রেফতার নাগরিক অধিকার ও ন্যায়বিচারের নীতিকে লঙ্ঘন করেছে।
উত্তর রবিউলের প্রতি আদালতের রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে।
আইনের শাসন ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। এটি এমন একটি নীতি, যেখানে প্রত্যেক নাগরিকের স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত হয়। কোনো ব্যক্তি অপরাধ না করলে তাকে দন্ড দেওয়া যায় না-এই নীতির মাধ্যমেই স্বচ্ছ ও সুশাসনমূলক সমাজ গড়ে ওঠে। আইনের শাসন ব্যক্তি-স্বাধীনতা রক্ষা করে এবং স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করে।
উদ্দীপকে দেখা যায়, রবিউলকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে তোলা হলে তিনি বলেন, তিনি জানেন না কেন তাকে আটক করা হয়েছে। এরপর বিচারক অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দেন। এই ঘটনাটি বিশ্লেষণ করলে বোঝা যায়, আইনের শাসনের মূলনীতি-বিনা অপরাধে কাউকে দণ্ড না দেওয়া, ন্যায়সংগত বিচার পাওয়ার অধিকার এবং বিচারপতির নিরপেক্ষতা-এসবই আদালত বজায় রেখেছে। রবিউল আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন, আদালত স্বাধীনভাবে বিচার বিশ্লেষণ করেছে এবং অভিযোগ না থাকায় তাকে অব্যাহতি দিয়েছে। এটি দেখায় যে, ক্ষমতাবান কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ খামখেয়ালিভাবে কাউকে দোষী প্রমাণ করতে পারে না, যদি না তা যথাযথ আইন ও প্রক্রিয়া অনুসরণ করে প্রমাণিত হয়। আদালতের এই রায় ব্যক্তি-স্বাধীনতার, সুরক্ষা, বিচার বিভাগের নিরপেক্ষতা এবং আইনের প্রাধান্যকে বাস্তবায়ন করেছে।
অতএব, রবিউলের মুক্তির আদেশ শুধু একটি ব্যক্তিগত বিজয় নয়, বরং রাষ্ট্রে আইনের শাসনের প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার একটি সফল দৃষ্টান্ত। এটি নাগরিক অধিকার রক্ষায় একটি শিক্ষণীয় উদাহরণ হিসেবেও বিবেচিত।

৪. উদ্দীপক

'ক' রাষ্ট্রের জনগণ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে বিদেশি শাসন থেকে মুক্ত হয়ে পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করেছে। এখন এ রাষ্ট্রের মানুষ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিজেদের জীবন উপভোগ করছে।
উত্তর "Man is born free, but everywhere he is in chains."- উক্তিটি ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশোর।
উত্তর আইন হলো কতকগুলো সুনির্দিষ্ট নিয়মের সমষ্টি যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রে আইন না থাকলে হানাহানি সৃষ্টি হতো। রাষ্ট্রে আইন আছে বলেই সবাই সুন্দরভাবে বসবাস করতে সক্ষম হয়। তাছাড়া সুশৃঙ্খল ও নিরাপদ রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য। আইন মানুষকে সভ্য, সুশৃঙ্খলা 'ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। এজন্য মানুষ আইন মান্য করে।
উত্তর 'ক' রাষ্ট্রের জনগণ জাতীয় স্বাধীনতা লাভ করেছে।
জাতীয় স্বাধীনতা হচ্ছে একটি জাতির আত্মনিয়ন্ত্রণের পূর্ণ অধিকার অর্জনের প্রক্রিয়া, যার মাধ্যমে তারা বিদেশি শাসন ও প্রভাব থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এটি রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামো পরিচালনায় নিজেদের ইচ্ছা ও মতামত বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করে। জাতীয় স্বাধীনতা অন্যান্য সকল স্বাধীনতার ভিত্তি হিসেবে কাজ করে।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, 'ক' রাষ্ট্রের জনগণ বিদেশি শাসন থেকে মুক্ত হয়ে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে সার্বভৌমত্ব অর্জন করেছে এবং এখন তারা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্বাভাবিক জীবনযাপন করছে। এ থেকে স্পষ্ট বোঝা যায়, তারা জাতীয় স্বাধীনতা লাভ করেছে। কারণ, বিদেশি কর্তৃত্বের অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই জাতীয় স্বাধীনতা অর্জিত হয়। এই স্বাধীনতার ফলে জনগণ নিজেদের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, যেমন: ভোটাধিকার প্রয়োগ, কর্মসংস্থান, সমানাধিকার ও সামাজিক নিরাপত্তা উপভোগ। অর্থাৎ জাতীয় স্বাধীনতা অর্জনের মাধ্যমে অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাধীনতাও কার্যকর হয়েছে, যা একটি স্বাধীন রাষ্ট্রে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করে।
উত্তর উদ্দীপকে বর্ণিত বিষয়টি তথা জাতীয় স্বাধীনতা নাগরিকের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্য স্বাধীনতার ভিত্তি হিসেবে কাজ করে।
স্বাধীনতা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনযাত্রার অন্যতম মৌলিক উপাদান। এটি মানুষকে চিন্তা, মত প্রকাশ, কর্মসংস্থান, ধর্মপালন, চলাফেরা, অংশগ্রহণ, সম্পত্তির মালিকানা প্রভৃতি ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয়। একটি স্বাধীন রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের জন্য এই স্বাধীনতাগুলো উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা দেয়।
উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্রের জনগণ জাতীয় স্বাধীনতা উপভোগ করছে। আর বাস্তবিক অর্থে জাতীয় স্বাধীনতা হলো সকল স্বাধীনতার ভিত্তি। একটি রাষ্ট্রের ওপর যখন অন্য রাষ্ট্রের কর্তৃত্ব থাকে, তখন রাজনৈতিক স্বাধীনতা যেমন ভোটাধিকার বা নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ থাকে না। একইভাবে সামাজিক নিয়মকানুন নির্ধারণের স্বাধীনতা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধাও সংকুচিত থাকে। কিন্তু জাতীয় স্বাধীনতা অর্জনের ফলে তারা নিজেদের জন্য সরকার গঠন করতে পারে, নিজেদের আইন তৈরি করতে পারে এবং সমাজ ও অর্থনীতিকে নিজেদের প্রয়োজন অনুযায়ী গড়ে তুলতে পারে। ফলে তারা সামাজিক মর্যাদা ও নিরাপত্তা লাভের পাশাপাশি রাজনৈতিক অধিকারে অংশ নিতে পারে এবং স্বাধীনভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারে।
সবশেষে বলা যায়, জাতীয় স্বাধীনতা অর্জন একটি জাতির জন্য অন্যান্য, স্বাধীনতার দরজা খুলে দেয়। এটি ব্যক্তির সামগ্রিক বিকাশ ও মর্যাদাপূর্ণ জীবনের ভিত্তি হিসেবে কাজ করে।

৫. উদ্দীপক

জামালের বয়স ৯ বছর। সে রফিক মিয়ার চায়ের দোকানে কাজ করে। রফিক মিয়া তাকে স্নেহ করেন। দোকানে চা খেতে আসা লোকদের গল্প শুনে জামালের লেখাপড়া করার ইচ্ছা জাগে। সে ভাবে, শিক্ষিত হলে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। একদিন সে রফিক মিয়াকে তার ইচ্ছার কথা বলে। রফিক মিয়া তাকে নৈশ বিদ্যালয়ে ভর্তি করে দেয়।
উত্তর অধিকার প্রধানত দুই প্রকার। যথা- ১. নৈতিক অধিকার ও ২. আইনগত অধিকার।
উত্তর অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তির সুযোগ ও সুবিধাকে অর্থনৈতিক অধিকার বলা হয়। অভাব; বেকারত্ব ও পুষ্টিহীনতার হাত হতে মুক্ত থাকার অধিকারকেই মূলত অর্থনৈতিক অধিকার বলা হয়। কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ যাপনের অধিকার, সামাজিক নিরাপত্তা লাভের অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকারের উদাহরণ। বাংলাদেশের সংবিধানের ৩৪ ও ৪২নং অনুচ্ছেদে এ অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
উত্তর জামালের ইচ্ছা বাস্তবায়িত হলে সমাজে জীবনধারণ ও শিক্ষা লাভের অধিকার প্রতিষ্ঠিত হবে।
জীবনধারণের অধিকার হচ্ছে এমন একটি সামাজিক অধিকার, যা মানুষের বেঁচে থাকা ও উন্নত জীবনযাপনের জন্য অত্যাবশ্যকীয়। এই অধিকারের মাধ্যমে নাগরিকরা খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক চাহিদা পূরণের সুযোগ পায়। রাষ্ট্রের দায়িত্ব হলো সকল নাগরিকের জন্য এই সুযোগ নিশ্চিত করা এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের ব্যবস্থা করা।
উদ্দীপকে দেখা যায়, ৯ বছর বয়সী জামাল রফিক মিয়ার চায়ের দোকানে কাজ করে। দোকানে আসা লোকদের গল্প শুনে তার লেখাপড়া করার ইচ্ছা জাগে, যেন সে ভবিষ্যতে ভালোভাবে জীবনযাপন করতে পারে। জামালের এই ইচ্ছা বাস্তবায়িত হলে সমাজে জীবনধারণের অধিকার প্রতিষ্ঠিত হবে। কারণ লেখাপড়া তার জীবন উন্নয়নের একটি উপায়। শিক্ষা পেলে সে জ্ঞান অর্জন করতে পারবে, ভবিষ্যতে ভালো কাজ করতে পারবে এবং নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে সম্মানজনকভাবে বাঁচতে পারবে। এটি কেবল জামালের জীবনেই নয়, সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে। একজন শিক্ষিত নাগরিক সমাজের উন্নয়ন ও সেবায় ভূমিকা রাখে। তাই জামালের শিক্ষা পাওয়ার সুযোগ নিশ্চিত করাই হবে তার জীবনধারণের অধিকার বাস্তবায়নের পথ।
উত্তর রফিক মিয়ার ভূমিকায় একাধিক মূল্যবোধ যথা- সামাজিক, নৈতিক ও নান্দনিক মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটেছে।
মানুষের জীবনযাপনে মূল্যবোধ একটি আদর্শিক ভিত্তি তৈরি করে। এটি মানুষের আচরণ, সিদ্ধান্ত ও পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করে। সামাজিক, নৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও নান্দনিক মূল্যবোধ মানুষের চারিত্রিক গুণাবলি গঠনে মুখ্য ভূমিকা পালন করে এবং সমাজে শান্তি, সহানুভূতি ও সৌহার্দ প্রতিষ্ঠা করে।
উদ্দীপকে বলা হয়েছে, ৯ বছর বয়সী জামাল চায়ের দোকানে কাজ করে এবং দোকানের মালিক রফিক মিয়া তাকে স্নেহ করেন। এই ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায়, রফিক মিয়ার আচরণে সামাজিক ও নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটেছে। শিশুশ্রম সমাজের একটি বাস্তব সমস্যা হলেও রফিক মিয়া জামালকে নিগৃহীত না করে তার প্রতি সদাচরণ করেছেন, যা সহানুভূতি ও সহমর্মিতার নিদর্শন। এক্ষেত্রে তিনি সামাজিক শিষ্টাচার ও মানবিকতার পরিচয় দিয়েছেন। নৈতিক মূল্যবোধের দিক থেকে বিচার করলে, রফিক মিয়া নিজের অবস্থান থেকে একটি শিশুর প্রতি ন্যায়সংগত আচরণ করেছেন। তার আচরণে নান্দনিক মূল্যবোধের প্রকাশও লক্ষণীয়, কারণ তিনি সামাজিক বাস্তবতাকে ইতিবাচক ও কোমলভাবে দেখছেন এবং একজন শিশুর প্রতি আবেগময় আচরণ করছেন। একই সঙ্গে তিনি সমাজে সহানুভূতিশীল আচরণের একটি শিক্ষণীয় উদাহরণ সৃষ্টি করেছেন, যা সমাজকে আরও মানবিক করে তুলতে সহায়ক।
সবশেষে বলা যায়, রফিক মিয়ার ব্যবহারে মূল্যবোধের একাধিক দিক প্রতিফলিত হয়েছে। তার এই ভূমিকা সমাজে মানবিকতা জাগিয়ে তোলে এবং শিশুদের প্রতি দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে।

৬. উদ্দীপক

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের এক গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র গৃহীত হয়। যেখানে বলা হয়েছে যে, "অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সবসময় সেভাবেই থাকতে চায়।"
উত্তর ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতি মানুষের পালনীয় দায়িত্বসমূহকে কর্তব্য বলে।
উত্তর মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ব্যতীত কোনো সরকারই এ মৌলিক অধিকার খর্ব করতে পারে না। রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে এ মৌলিক অধিকার বিকাশ লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।
উত্তর ইঙ্গিতকৃত সনদটি হলো মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। এটি নানারকম বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত।
মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। এটি এমন একটি ঐতিহাসিক দলিল, যা বিশ্বের সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত। এ ঘোষণাপত্রে নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে, "অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে।" এখানে জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের কথা বলা হয়েছে যা, মানবাধিকারের মূল দর্শনের প্রতিফলন। এই ঘোষণাপত্রের প্রধান বৈশিষ্ট্য হলো-সব মানুষ জাতি, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম বা মত নির্বিশেষে সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মায়। এ দলিলে মতপ্রকাশ, ধর্মচর্চা, শিক্ষা, নিরাপ্তা, কাজের অধিকারসহ জীবনের সকল গুরুত্বপূর্ণ দিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কোনো বাধ্যবাধক দলিল না হলেও বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় এটি একটি নৈতিক ও আদর্শিক ভিত্তি হিসেবে কাজ করে। প্রতিটি রাষ্ট্র ও ব্যক্তি যেন অন্যের অধিকার সম্মান করে এবং নিজেদের অধিকার রক্ষায় সচেতন-থাকে-এই ঘোষণাপত্র সেই বার্তাই দেয়।
তাই বলা যায়, শিক্ষা উপযোগী এই দলিল বিশ্বমানবতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
উত্তর সুশাসন প্রতিষ্ঠায় জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র সনদের গুরুত্ব অত্যধিক।
জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দলিল, যা ১৯৪৮ সালে গৃহীত হয়। এই ঘোষণাপত্রে মানুষের মৌলিক অধিকার, মর্যাদা, স্বাধীনতা ও সাম্যের নিশ্চয়তার কথা বলা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ঘোষণাপত্র সরকার, প্রশাসন ও নাগরিকদের জন্য একটি আদর্শিক ভিত্তি ও নৈতিক দিকনির্দেশনা প্রদান করে।
উদ্দীপকে বর্ণিত জাতিসংঘ মানবাধিকার ঘোষণাপত্রের বক্তব্য, "অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সবসময় সেভাবেই থাকতে চায়।" ঘোষণাটি সুশাসনের ভিত্তি স্থাপনে এক মাইলফলক। কারণ এটি বিশ্বের প্রতিটি মানুষের স্বাধীনতা, মর্যাদা ও সমতার স্বীকৃতি দেয়। এই নীতিমালার ভিত্তিতে রাষ্ট্রগুলো নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণে বাধ্য হয়। যেমন-জীবনের অধিকার, শিক্ষার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার ইত্যাদি। এসব অধিকার নিশ্চিত হলে রাষ্ট্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা পায়, প্রশাসনিক স্বচ্ছতা বাড়ে এবং বৈষম্য হ্রাস পায়। ফলে সুশাসনের পথে, অগ্রগতি ঘটে। এ ঘোষণাপত্র রাষ্ট্রগুলোকে মানুষের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে, যা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়ক। ব্যক্তির অধিকার রক্ষার মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকে, যা সুশাসনের অপরিহার্য উপাদান। অতএব, জাতিসংঘ ঘোষিত এই সনদ সুশাসনের ভিত্তি নির্মাণে এক অনস্বীকার্য দলিল।

৭. উদ্দীপক

মহিবুল উচ্চশিক্ষার জন্য 'ক' রাষ্ট্রে গেছেন। এটি একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র। এদেশের জনগণ রাজনৈতিকভাবে সচেতন। রাজনৈতিক দলগুলো সুসংহত। এদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা রয়েছে। সময়মতো দলগুলোর সম্মেলন হয় এবং নির্বাচনের মাধ্যমে দলের নেতা নির্বাচিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বিদ্যমান রয়েছে। এতে করে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এদেশের নেতারা দেশপ্রেমিক, সৎ ও নিষ্ঠাবান।
উত্তর 'অধ্যাপক' বিশেষজ্ঞসুলভ নেতৃত্ব।
উত্তর কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্লুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশে শেরে বাংলা এ. কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে।
উত্তর 'ক' রাষ্ট্রের নেতৃত্ব গণতান্ত্রিক।
যে কোনো সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃত্ব হলো মানুষকে প্রভাবিত করার একটি কৌশল। সুযোগ্য নেতৃত্ব জাতীয় একাত্মতার সংকট কাটিয়ে তুলে জাতীয় সংহতি অর্জনে সাহায্য করে। নেতৃত্বের অনেক ধরন রয়েছে। এর মধ্যে একটি হলো গণতান্ত্রিক নেতৃত্ব।
উদ্দীপকের 'ক' একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র। এদেশের জনগণ রাজনৈতিকভাবে সচেতন। রাজনৈতিক দলগুলো সুসংহত হয়ে গণতন্ত্রের চর্চা করে। তারা সম্মেলন এবং নির্বাচনের মাধ্যমে দলের নেতা নির্বাচিত করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক থাকাই জাতীয় স্বার্থে দলগুলো একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এরূপ বর্ণনা সহজেই অনুমান করা যায় যে, ক রাষ্ট্রে গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এরূপ নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হলো গণতান্ত্রিক নেতৃত্ব জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার ওপর আস্থা স্থাপন করে। গণতান্ত্রিক নেতৃত্ব একজনের নিয়ন্ত্রণে না থেকে অনেক মানুষের নিয়ন্ত্রণে থাকে। এতে প্রত্যেক অংশগ্রহণকারী সংগঠনের একজন মূল্যবান সদস্য হিসেবে গুরুত্ব অনুধাবন করে। গণতন্ত্র চর্চা করে এমন দেশগুলোর নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্বের উদাহরণ। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি দেশের নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্বের প্রকৃষ্ঠ উদাহরণ।
উত্তর 'ক' রাষ্ট্রের নেতৃত্ব হলো গণতান্ত্রিক নেতৃত্ব। এর সাথে বাংলাদেশের নেতৃত্বের কিছুটা সামঞ্জস্য রয়েছে।
গণতান্ত্রিক নেতৃত্ব এমন একটি পদ্ধতি, যেখানে শাসন বা পরিচালনায় জনগণের সক্রিয় অংশগ্রহণ, মতামতের স্বাধীনতা এবং দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের নেতৃত্ব কর্তৃত্ববাদী নয়, বরং দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের ওপর নির্ভর করে। এতে নেতা একক ক্ষমতার অধিকারী নন, বরং জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
উদ্দীপকে উল্লেখিত 'ক' রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে রাজনৈতিক দলগুলো সুসংগঠিত এবং নিয়মিত সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। এসব বৈশিষ্ট্য গণতান্ত্রিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে গণতান্ত্রিক নেতৃত্ব গড়ে উঠলেও এখানকার রাজনৈতিক পরিবেশ এখনো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে জনগণের রাজনৈতিক অংশগ্রহণ রয়েছে, তবে অনেক ক্ষেত্রেই দলীয় গণতন্ত্র অনুপস্থিত। অনেক সময় নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব দেখা যায় এবং পারস্পরিক সহযোগিতার বদলে রাজনৈতিক বিভক্তি ও বিরোধিতা প্রধান হয়ে ওঠে। দলীয় নেতৃত্বে দেশপ্রেম ও সততার পরিবর্তে ক্ষমতা ও প্রভাব বিস্তারের প্রবণতা লক্ষ করা যায়। ফলে 'ক' রাষ্ট্রের তুলনায় বাংলাদেশের নেতৃত্বে গণতন্ত্রের চর্চা অপেক্ষাকৃত দুর্বল। তবে সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটলে বাংলাদেশেও গণতান্ত্রিক নেতৃত্ব শক্তিশালী হতে পারে।

৮. উদ্দীপক

জনাব 'ক' এমন এক বিভাগে কাজ করেন, যার প্রধান দায়িত্ব হচ্ছে আইনের ব্যাখ্যা ও প্রয়োগ করা।
উত্তর আইন প্রধানত দুই প্রকার।
উত্তর আইনের সার্থকতা এর কার্যকারিতার মধ্যে নিহিত। যে বিধানকে মানুষ মানতে চায় না কিংবা সমাজ স্বীকৃতি দেয় না, তাকে আইন বলা যায় না। এরূপ আইন শুধু বোঝা ছাড়া আর কিছুই নয়। সুতরাং সামাজিক স্বীকৃতি পেতে হলে আইনকে অবশ্যই নৈতিকতার গুণে সমৃদ্ধ হতে হয়। নৈতিকতা আইনের সীমা নির্দেশ করে। অপরপক্ষে যে আইন মানুষের নীতিবোধকে আঘাত করে সে আইনকে কম মানুষই মান্য করে। তাই নৈতিকতার বিষয়টি মাথায় রেখেই যেকোনো আইন প্রণয়ন করা হয়। তাই বলা হয়, আইন ও নৈতিকতা পরস্পর নির্ভরশীল।
উত্তর জনাব 'ক' সরকারের বিচার বিভাগে কাজ করেন। বিচার বিভাগ নানা রকম কার্যাবলি সম্পাদন করে থাকে।
বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যার প্রধান দায়িত্ব হলো সংবিধান ও প্রচলিত আইনের যথাযথ ব্যাখ্যা ও প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা। এটি আইনসভা কর্তৃক প্রণীত আইন, সংবিধান এবং সামাজিক রীতিনীতির আলোকে বিভিন্ন মামলার নিষ্পত্তি করে। বিচার বিভাগ ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এবং সংবিধান বিরোধী আইন বা সরকারি সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা রাখে।
উদ্দীপকে জনাব 'ক' এমন এক বিভাগে কাজ করেন যার প্রধান দায়িত্ব আইনের ব্যাখ্যা ও প্রয়োগ করা। অর্থাৎ জনাব 'ক'-এর বিভাগটি বিচার বিভাগই, কারণ বিচার বিভাগই নাগরিকের অধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত থাকে। বিচার বিভাগ আইন অনুযায়ী অপরাধীর বিচার ও শান্তি নির্ধারণ করে এবং যেখানে প্রচলিত আইন অস্পষ্ট, সেখানে সুবিচারের লক্ষ্যে বিচারকগণ যুক্তি, ন্যায়নীতি ও বিবেকের ভিত্তিতে রায় প্রদান করেন। আদালত মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তা পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করে এবং সংবিধানের ব্যাখ্যা প্রদান ও বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে আইন ও প্রশাসনকে সংবিধানসঙ্গত রাখে। পরিশেষে বলা যায়, জনাব 'ক'-এর কর্মরত বিভাগ অর্থাৎ বিচার বিভাগ রাষ্ট্রের শাসন কাঠামোকে স্থিতিশীল ও গণতান্ত্রিক রাখতে মুখ্য ভূমিকা পালন করে।
উত্তর আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের তথা বিচার বিভাগের ভূমিকা ব্যাপক।
আইনের শাসন বলতে এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা বোঝায় যেখানে ব্যক্তি ও রাষ্ট্র-উভয়ই আইনের অধীন। এই শাসনব্যবস্থায় আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কাউকে বিনা বিচারে আটক বা বিনা অপরাধে গ্রেফতার করা যায় না। এটি নাগরিকের অধিকার রক্ষার অন্যতম ভিত্তি।
আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, এই বিভাগ ন্যায়বিচার নিশ্চিত করে, যেখানে পক্ষপাতহীনভাবে সকলের জন্য সমান আইন প্রয়োগ করা হয়। এর ফলে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা পায়। দ্বিতীয়ত, আইন স্পষ্ট না হলে বিচারকরা মামলার প্রেক্ষিতে তার ব্যাখ্যা দেন, যা অনেক সময় নতুন আইন সৃষ্টিতে ভূমিকা রাখে এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে।
তৃতীয়ত, নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিকগণ এই বিভাগের দ্বারস্থ হতে পারেন। কেননা, বিচার বিভাগ, রিটের মাধ্যমে এসব অধিকার রক্ষা করে। পাশাপাশি, কোনো নাগরিক যদি নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হন, তবে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন, যা ন্যায়বিচার নিশ্চিত করে। কখনো বিচার বিভাগ নিজের উদ্যোগে (সুয়োমোটো) রুল জারি করেও নাগরিকের অধিকার 'রক্ষা করে, যা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ।
সুতরাং বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় মৌলিক, ন্যায়নিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করে-যদিও প্রশাসনিক সীমাবদ্ধতা অনেক সময় তাদের কার্যক্ষমতাকে প্রভাবিত করে।

৯. উদ্দীপক

মন্টেস্কুর মতে, সরকারের তিন ধরনের ক্ষমতা অবশ্যই পৃথক হবে এবং বিভিন্ন ব্যক্তিদের দ্বারা এমনভাবে ব্যবহৃত হবে যেন একটি অপরটির সাথে নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষা করে।
উত্তর 'Natio' এবং 'Natus' শব্দের অর্থ জন্ম বা বংশ বা রক্তের সম্পর্ক।
উত্তর রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং অন্যান্য মাধ্যমে যেসব অধিকারকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাকে আইনগত স্বাধীনতা বলে। জরুরি অবস্থা ছাড়া রাষ্ট্র কর্তৃক এসব অধিকারকে সংরক্ষণ করা হয়। যেমন- রাষ্ট্র কর্তৃক ঘোষিত মৌলিক অধিকারসমূহ।
উত্তর উদ্দীপকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের ধারণা, যার মাধ্যমে সরকারের ক্ষমতা তিনটি পৃথক বিভাগ-আইন, শাসন ও বিচার-এর মধ্যে 'ভাগ করে দেওয়া হয়। এ নীতি অনুযায়ী, প্রতিটি বিভাগ তার নিজ নিজ কাজ পরিচালনা করে এবং অন্য বিভাগের কার্যক্রমে হস্তক্ষেপ করে না।
উদ্দীপকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রতিফলন ঘটেছে। কেননা এই নীতির প্রবর্তক হলেন মন্টেস্কু। এই নীতির প্রথম বৈশিষ্ট্য, হলো ক্ষমতার বিভাজন-সরকারি ক্ষমতা তিনটি পৃথক ও স্বতন্ত্র বিভাগে ভাগ করা হয়। দ্বিতীয়ত, এটি ব্যক্তিস্বাধীনতার রক্ষা নিশ্চিত করে, কারণ একক হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত না থাকায় স্বেচ্ছাচারিতা রোধ হয়। তৃতীয়ত, এটি সরকারি বিভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখে এবং বিভাগগুলোর পারস্পরিক নিয়ন্ত্রণের সুযোগ কমিয়ে দেয়। চতুর্থত, এটি গণতন্ত্রের বিকাশে সহায়ক, কারণ জনগণ নিশ্চিত থাকে যে শাসনব্যবস্থা আইনগত সীমার মধ্যে পরিচালিত হচ্ছে। পঞ্চমত, এই নীতি আইনের শাসন প্রতিষ্ঠা করে, কারণ আইন প্রণয়ন, প্রয়োগ ও ব্যাখ্যা স্বতন্ত্রভাবে সম্পন্ন হয়। এভাবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটি সুশাসনের ভিত্তি হিসেবে কাজ করে এবং সরকারকে জবাবদিহিমূলক ও জনগণের অধিকার রক্ষায় কার্যকর রাখে।
উত্তর কার্যকরি গণতন্ত্র প্রতিষ্ঠায় ইঙ্গিতকৃত তথ্যের তথা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ভূমিকা অত্যন্ত কার্যকর।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় অপরিহার্য। এই নীতির মাধ্যমে সরকারের আইন প্রণয়ন, শাসন ও বিচার-তিনটি ক্ষমতা পৃথক বিভাগে ভাগ করা হয়। এর ফলে কোনো একটি বিভাগ কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে না এবং ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত থাকে।
উদ্দীপকে উল্লেখ আছে, সরকারের ক্ষমতা তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা হলে এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে না। এই নীতির ফলে প্রত্যেক বিভাগ নিজস্ব দায়িত্ব পালনে স্বাধীনতা পায় এবং একক-শাসনের সম্ভাবনা রোধ হয়। অ্যারিস্টটল এই নীতির সূচনা করেন, আর মন্টেঙ্কু এর সুনির্দিষ্ট ব্যাখ্যা দেন। মন্টেস্কু বলেন, যদি আইন প্রণয়ন ও শাসন ক্ষমতা একই হাতে থাকে, তবে তা স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কার্যকর গণতন্ত্রে জনগণের অধিকার ও স্বাধীনতা সুরক্ষা পায় তখনই, 'যখন বিচার বিভাগ সরকারের অন্য বিভাগের প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারে। একইভাবে, আইন বিভাগ স্বাধীনভাবে নীতি নির্ধারণ করে এবং শাসন বিভাগ তা কার্যকর করে। এই পারস্পরিক ভারসাম্য রাষ্ট্রে জবাবদিহি প্রতিষ্ঠা করে এবং স্বৈরতান্ত্রিক প্রবণতাকে দমন করে। তাই, গণতান্ত্রিক রাষ্ট্রে এই নীতি গণইচ্ছা ও শাসনব্যবস্থার মধ্যে ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা রাখে।
সুতরাং, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটি অপরিহার্য রক্ষাকবচ হিসেবে কাজ করে।

১০. উদ্দীপক

‘?’ থেকে নির্দেশিত বিষয়সমূহ:

  • রাষ্ট্রের শাসননীতি নির্ধারণ ও কার্যকর করে
  • সরকারের রাজনৈতিক অংশ
  • শাসন কাজ পরিচালনা করে
উত্তর বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।
উত্তর রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়।
উত্তর উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত (?) স্থানে সরকারের শাসন বিভাগকে নির্দেশ করে।
রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে, শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়।
উদ্দীপকের (?) চিহ্নিত অংশের তথ্যগুলো হলো- রাষ্ট্রের শাসননীতি নির্ধারণ ও কার্যকর করে, সরকারের রাজনৈতিক অংশ এবং শাসন কাজ পরিচালনা করে। এ তথ্যগুলো স্পষ্টভাবে সরকারের শাসন বিভাগকে নির্দেশ করে। গঠন ও কার্যাবলির ভিত্তিতে শাসন বিভাগ দুই ভাগে বিভক্ত। যথা- ১. রাজনৈতিক শাসক এবং ২. অ-রাজনৈতিক শাসক। শাসন বিভাগের রাজনৈতিক অংশ নির্দিষ্ট সময়ের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হন। তারা তাদের সম্পাদিত কার্যাবলির জন্য জনগণের নিকট দায়ী থাকেন। আর প্রশাসনিক দায়িত্ব পালনকারী স্থায়ী, বেতনভোগী কর্মচারীরা হলো শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশ। তারা রাজনৈতিক শাসকদের নির্দেশনা অনুযায়ী সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রশাসনিক কর্মকাণ্ড সম্পাদন করেন।
উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের (?) চিহ্নিত স্থানে ইঙ্গিতকৃত বিভাগ অর্থাৎ শাসন বিভাগের ক্ষমতা বা কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

শাসন বিভাগ হলো রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যার মাধ্যমে নীতিনির্ধারিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা হয়। এটি প্রশাসনিক কাজ পরিচালনা করে এবং রাষ্ট্রের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে। আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এই বিভাগের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আইনসভায় অনেক সময় অদক্ষ ও অযোগ্য সদস্য নির্বাচিত হন, যারা আইন প্রণয়নের জটিলতা সামাল দিতে পারেন না।

ফলে অনেক ক্ষেত্রেই আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব শাসন বিভাগের ওপর বর্তায়। দ্বিতীয়ত, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনকল্যাণমূলক কার্যক্রম যেমন-স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোতে তৎপরতা বাড়ায় শাসন বিভাগের কার্যক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। তৃতীয়ত, আইনসভা বছরজুড়ে স্বল্প - সময়ের জন্য অধিবেশন বসায় এবং আইনের খুঁটিনাটি দিক নিয়ে কাজ করার যথেষ্ট সময় তাদের থাকে না। এতে আইন প্রণয়নের দায়িত্ব প্রায়শই শাসন বিভাগকে অর্পণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক সংকট, জরুরি অবস্থা, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে প্রশাসনিক দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বেড়েছে, যা শাসন বিভাগের ভূমিকাকে আরও দৃঢ় ও প্রসারিত করেছে। জনগণও শাসন বিভাগের সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হওয়ায় তাদের ওপর নির্ভরতা বাড়ছে।

আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, আধুনিক রাষ্ট্রের জটিলতা, জনগণের চাহিদা এবং প্রশাসনিক দক্ষতার প্রয়োজনীয়তা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যক্রম বৃদ্ধির অন্যতম কারণ। তাই বর্তমান সময়ে শাসন বিভাগের ভূমিকা ক্রমেই কেন্দ্রীভূত ও প্রভাবশালী হয়ে উঠছে।

১১. উদ্দীপক

জনাব 'ক' একজন সচেতন মানুষ। তিনি বিদেশি পণ্য ব্যবহার করেন না। তিনি সবসময় দেশের মঙ্গল কামনা করেন। দেশের উন্নয়ন ও দেশরক্ষার জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত। দেশের ক্ষতি হয় এমন কাজ তিনি করেন না। নিজের মাতৃভূমি নিয়ে তিনি গর্বিত। তিনি মাতৃভূমিকে ভালোবাসতে অন্যদের উৎসাহ দেয়।
উত্তর রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে সাধারণত রাষ্ট্র বলা হয়।
উত্তর জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমষ্টির রাষ্ট্রগুলোকে জাতিরাষ্ট্র বলা হয়। জাতীয়তার উপাদানগুলোর মাধ্যমে সংগঠিত ও স্বাধীন হয়ে এরূপ রাষ্ট্র গঠিত হয়। জাতিরাষ্ট্র ধারণার প্রবক্তা ম্যাকিয়াভেলি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইত্যাদি জাতিরাষ্ট্র।
উত্তর জনাব 'ক' এর কর্মকাণ্ডে দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে।
নিজ মাতৃভূমির প্রতি মমত্ববোধ, আবেগ ও অনুভূতির নাম হলো দেশাত্ববোধ, 'স্বদেশপ্রেম বা দেশপ্রেম। তাই দেশের মাটি ও মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিই দেশপ্রেম। এটি জন্মভূমির জন্য মানুষের একধরনের অনুরাগময় ভাবাবেগ। ইংরেজি Patriotism কে দেশপ্রেমের প্রতিশব্দ হিসেবে ধরা হয়। ইংরেজিতে এ শব্দটি সম্পর্কে যে ধারণা দেওয়া হয় তা হলো দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করতে শত্রু বা অনিষ্টকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা.।
বর্তমানে দেশে প্রচলিত আইনকানুন মেনে চলা, দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া, জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয়রোধ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা ইত্যাদি দেশপ্রেমের অন্তর্ভুক্ত বিষয় বলে বিবেচিত হয়।
উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'ক' একজন সচেতন মানুষ। তিনি বিদেশি পণ্য ব্যবহার করেন না। তিনি সবসময় দেশের মঙ্গল কামনা করেন। দেশের উন্নয়ন ও দেশরক্ষার জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত। দেশের ক্ষতি হয় এমন কাজ তিনি করেন না। নিজের মাতৃভূমি নিয়ে তিনি গর্বিত। তিনি মাতৃভূমিকে ভালবাসতে অন্যদের উৎসাহ দেন। তার এরূপ কর্মকাণ্ডে দেশপ্রেম প্রকাশ পেয়েছে তা সহজেই অনুমান করা যায়। কারণ দেশকে গভীরভাবে ভালোবাসা এবং দেশের কল্যাণে আত্মদান করার মনোবাসনা গভীর দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ।
উত্তর জাতি গঠনে 'ক' এর কর্মকাণ্ডের তথা দেশপ্রেমের গুরুত্ব অত্যধিক।
জাতি বলতে বোঝায় এমন একটি জনগোষ্ঠী যারা ভাষা, সংস্কৃতি, ইতিহাস, রীতিনীতি ও ভূখণ্ডগত সংযোগের মাধ্যমে ঐক্যবদ্ধ। এই ঐক্যবোধ জাতির ভিত্তি গড়ে তোলে, আর জাতিকে সুসংহত ও সচেতন করে তোলে একটি আদর্শ রাষ্ট্র গঠনের লক্ষ্যে। জাতি গঠনের প্রক্রিয়ায় দেশপ্রেম একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে।
উদ্দীপকের 'ক' এর কর্মকাণ্ডে দেশপ্রেম প্রকাশ পেয়েছে যা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কারণ, দেশপ্রেম মানুষকে ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করে, যার ফলে তারা জাতীয় স্বার্থে ব্যক্তি বা দলীয় স্বার্থ ভুলে যেতে প্রস্তুত থাকে। দেশের স্বাধীনতা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য জাতির সদস্যদের মধ্যে মনোভাবগত ঐক্য অপরিহার্য, যা দেশপ্রেম থেকেই জন্ম নেয়। ইতিহাস সাক্ষ্য দেয়, যেখানে জাতির সদস্যরা দেশকে ভালোবেসে ঐক্যবদ্ধ হন, সেখানেই সফলতা আসে। ভাষা, ধর্ম বা ঐতিহ্য-যেটিই হোক না কেন, তা কেবল বাহ্যিক উপাদান; কিন্তু জাতি গঠনে মূল চালিকাশক্তি হলো অভ্যন্তরীণ দেশপ্রেম। এই প্রেমই মানুষকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখায় এবং দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত করে তোলে।
সুতরাং বলা যায়, দেশপ্রেম ছাড়া জাতি গঠন কখনোই সম্ভব নয়; এটি একটি জাতিকে ঐক্য, আত্মনিয়ন্ত্রণ ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়।