১. উদ্দীপক
যে আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে তাকে ব্যাংক বলে।
যেকোনো দেশেই ব্যাংক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলে অবস্থান করে। দেশের জন্য নোট ও মুদ্রা ইস্যু ও প্রচলনের দায়িত্ব পালন করে ব্যাংক। দেশের জন্য বিনিময়ের মাধ্যম ব্যাংকগুলোই সৃষ্টি করে। এছাড়া জনগণের অর্থ জমা গ্রহণ, ঋণদানসহ দৈনন্দিন সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাংককে ঘিরেই আবর্তিত হয়। এজন্য ব্যাংককে আধুনিক অর্থনীতির জীবনীশক্তি বলা হয়।
উদ্দীপকের উল্লিখিত 'A' ব্যাংক লি. সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে একটি একক ব্যাংক।
যে ব্যাংকিং ব্যবস্থায় শুধু একটি অফিসের মধ্যে ব্যাংকের সকল কার্যক্রম সীমাবদ্ধ থাকে, তাকে একক ব্যাংক বলা হয়। একক ব্যাংকের কার্যক্রম একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে। এর কোনো শাখা অফিস থাকে না।
উদ্দীপকের 'A' ব্যাংক লি. একটিমাত্র অফিসের মাধ্যমে দেশের অভ্যন্তরে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। অর্থাৎ উক্ত ব্যাংকের দেশে একাধিক অফিস নেই। পাশাপাশি বিদেশেও কোনো শাখা অফিস নেই। শাখা অফিসের অস্তিত্বহীনতা একক ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য, যা 'A' ব্যাংকের মধ্যে বিদ্যমান। তাই বলা যায়, 'A' ব্যাংক লি. সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে একটি একক ব্যাংক।
উদ্দীপকের ব্যাংক দুটির মধ্যে 'B' ব্যাংক লি. শাখা ব্যাংক হওয়ায় ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভূমিকা পালন করে-এর সাথে আমি একমত।
যে ব্যাংকিং ব্যবস্থায় একটি অফিসের মাধ্যমে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে একক ব্যাংক বলে। পক্ষান্তরে, যে ব্যাংকিং ব্যবস্থায় অনেকগুলো শাখা প্রতিষ্ঠা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে শাখা ব্যাংক বলে।
উদ্দীপকে লক্ষণীয়, 'B' ব্যাংক লি. দেশে-বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সুতরাং 'B' ব্যাংক হলো শাখা ব্যাংক। অপরদিকে, 'A' ব্যাংক একটি অফিসের মাধ্যমে সকল কার্যক্রম দেশেই পরিচালনা করে। তাই বলা যায়, 'A' ব্যাংক হলো একক ব্যাংক।
একক ব্যাংক অধিক মূলধন গঠনে অসমর্থ। এছাড়া অধিক পরিমাণ তারল্য সংরক্ষণ করায় ঋণদান ও বিনিয়োগ সামর্থ্য হ্রাস পায়। পক্ষান্তরে, শাখা ব্যাংক বৃহদায়তন প্রতিষ্ঠান বিধায় অধিক মূলধন গঠন এবং মূলধনের গতিশীলতা বাড়াতে সক্ষম হয়। ফলে ঋণদান ও বিনিয়োগ কার্যক্রম অনেক বিস্তৃতি লাভ করে। এতে করে দেশে কর্মসংস্থান ও মোট জাতীয় আয় বাড়ে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। তাই বলা যায়, শাখা ব্যাংক হিসেবে 'B' ব্যাংক লি. দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভূমিকা পালন করে।
২. উদ্দীপক
জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানই হলো কেন্দ্রীয় ব্যাংক।
তালিকাভুক্ত ব্যাংকসমূহ যখন তারল্য সংকটে পড়ে কোনো উৎস থেকেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহকে ঋণ প্রদানে এগিয়ে আসে। দেশের সরকারও প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের এরূপ সহায়তা নেয়। এ ধরনের ভূমিকার কারণেই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়।
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য প্রথমে সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত ব্যাংক হার নীতি ব্যবহার করেছে।
যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাকে ব্যাংক হার বলে। কেন্দ্রীয় ব্যাংক উক্ত হারের হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে।
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক সাম্প্রতিক বৈশ্বিক ঘটনা প্রবাহের কারণে মুদ্রাস্ফীতি দেখা দিলে তা নিয়ন্ত্রণ করতে চায়। এ উদ্দেশ্যে ব্যাংকটি তার সুদের হার ১% বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক পূর্বের চেয়ে ১% অধিক সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে। ফলে বাণিজ্যিক ব্যাংকের প্রদত্ত ঋণের সুদের হার বাড়বে। এ কারণে জনগণের মাঝে ঋণ গ্রহণে অনাগ্রহ সৃষ্টি হবে, যা ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত এ ধরনের পদক্ষেপ ঋণ নিয়ন্ত্রণে সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত ব্যাংক হার নীতির সাথে সম্পৃক্ত।
উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত সর্বশেষ পদক্ষেপটি হলো ঋণের বরাদ্দকরণ নীতি।
বিশেষ খাত চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণের পরিমাণ কমবেশি করার নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে। এরূপ নীতির ক্ষেত্রে যেসব খাতে ঋণ দেওয়া প্রয়োজন সেখানে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বরাদ্দের নির্দেশ দেয়। আর যেসব খাতে ঋণ কমানো উচিত সেক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে।
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়। তাই ব্যাংকটি প্রথমে ব্যাংক হার নীতি ব্যবহার করলেও মুদ্রাস্ফীতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না আসার পরবর্তীতে ঋণ সরবরাহের ক্ষেত্রে কিছু খাত নির্দিষ্ট করে দেয়। এটি ঋণের বরাদ্দকরণ নীতির ব্যবহার।
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ঋণের বরাদ্দকরণ নীতি প্রয়োগ করায় বাজারে স্থিতিশীলতা আসে। অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। কারণ ঋণের বরাদ্দকরণ নীতির আলোকে যে খাতে ঋণ সরবরাহ বাড়ানো উচিত কেন্দ্রীয় ব্যাংক সে খাতে ঋণের বরাদ্দ বাড়িয়ে দেয় আবার কমানোর প্রয়োজন হলে ঋণের বরাদ্দ কমিয়ে দেয়, যা দ্রুত ঋণ নিয়ন্ত্রণের কার্যকরী পদক্ষেপ। তাই বলা যায়, ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত সর্বশেষ ঋণের বরাদ্দকরণ নীতির প্রয়োগ যৌক্তিক হয়েছে।
৩. উদ্দীপক
খোলাবাজারে বিল, বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয়-বিক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কৌশল গ্রহণ করলে তাকে খোলাবাজার নীতি বলে।
কেন্দ্রীয় ব্যাংক এরূপ বিল, বন্ড, সিকিউরিটিজ বিক্রয় করলে বাজার বা বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যায়। এতে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য কমায় বাজারে ঋণের পরিমাণ হ্রাস পায়। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক এরূপ বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করলে বাজারে নগদ অর্থের সরবরাহ বাড়ে। যা প্রকারান্তরে বাজারে ঋণ সরবরাহ বৃদ্ধি করে।
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কক্ষ নিকাশ ঘরের কথা উল্লেখ করা হয়েছে।
আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তিস্থলই হলো নিকাশ ঘর। এটি তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রাত্যহিক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। কেন্দ্রীয় ব্যাংক এটি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে।
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ কক্ষ রয়েছে, যেখানে তালিকাভুক্ত ব্যাংকসমূহের পারস্পরিক দেনা-পাওনার নিষ্পত্তি হয়। এখানে বিশেষ কক্ষ বলতে নিকাশ ঘরকে বোঝানো হয়েছে। আন্তঃব্যাংকিং দেনা-পাওনা মূলত নিকাশ ঘরের মাধ্যমে নিষ্পত্তি হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগণ নিকাশ ঘরের সদস্য ব্যাংকগুলোর কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ কক্ষে বসে আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির ব্যবস্থা করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের নিকাশ ঘরের কথা উল্লেখ রয়েছে।
উদ্দীপকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গৃহীত ২য় ব্যবস্থা তথা জমার হার পরিবর্তন নীতি গ্রহণ সম্পূর্ণ যুক্তিযুক্ত বলে আমি মনে করি।
কেন্দ্রীয় ব্যাংক যে নীতির আলোকে ব্যাংক হার হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করে তাকে ব্যাংক হার নীতি বলে। অপরপক্ষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত বিদ্যমান জমার হারের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলে।
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রথমে তালিকাভুক্ত ব্যাংকসমূহের সুদের হার ৫% থেকে ৬% এ উন্নীত করে। এ ধরনের কৌশলকে ব্যাংক হার নীতি বলে। তবে এ কৌশল প্রয়োগে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ না হওয়ায় বাংলাদেশ ব্যাংক CRR বৃদ্ধির সিদ্ধান্ত নেয়, যা ঋণ নিয়ন্ত্রণের জমার হার পরিবর্তন নীতির সাথে সম্পৃক্ত।
ব্যাংক হার নীতি ও জমার হার পরিবর্তন নীতি উভয়ই ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতির অন্তর্ভুক্ত। ব্যাংকিং কর্মকাণ্ডে ব্যাংক হার নীতির প্রভাব পরোক্ষ। কারণ বাণিজ্যিক ব্যাংক ঋণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীল না হলে এ নীতি তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। অপরদিকে ব্যাংকিং কর্মকান্ডে জমার হার পরিবর্তন নীতির প্রভাব প্রত্যক্ষ। কারণ এ নীতি বাণিজ্যিক ব্যাংকের তহবিলকে প্রভাবিত করে এবং এটি বাধ্যতামূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। ফলে বাজারে অর্থ সরবরাহ হ্রাস করে দ্রুত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গৃহীত ২য় ব্যবস্থা তথা জমার হার পরিবর্তন নীতি গ্রহণ সম্পূর্ণ যুক্তিযুক্ত হয়েছে।
৪. উদ্দীপক
চলতি হিসাবের আমানতি অর্থ ব্যাংক বিনিয়োগ করতে পারে না বিধায় উক্ত হিসাবের গ্রাহকদের ব্যাংক মুনাফা দেয় না।
চলতি হিসাবের আমানতি অর্থ যেকোনো মুহূর্তে সংশ্লিষ্ট আমানতকারী উত্তোলন করতে পারে। তাই এ আমানতের ওপর কোনো বিনিয়োগ সুবিধা নেই বললেই চলে। এ কারণে চলতি হিসাবের গ্রাহকদের ব্যাংক মুনাফা প্রদান করে না।
উদ্দীপকে জনাব দেবাশীষ প্রথমে সঞ্চয়ী হিসাব খুলেছিলেন।
যে হিসাবে যতবার খুশি অর্থ জমা দেওয়া যায় কিন্তু সপ্তাহে দু'বার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলা হয়। অব্যবসায়ী নির্দিষ্ট আয়ের ব্যক্তিদের জন্য এ হিসাব অধিক উপযোগী।
উদ্দীপকে জনাব দেবাশীষ একজন শিক্ষক। তিনি তাঁর বেতনের অর্থ একটি ব্যাংক হিসাবে জমা করেন। মূলত সঞ্চয়ী হিসাবেই তাঁর বেতনের অর্থ জমা হয়। এ হিসাব থেকে তিনি তার প্রয়োজন অনুসারে নিয়মানুযায়ী জমাকৃত অর্থ উত্তোলন করতে পারবেন। তাঁর হিসাবে জমাকৃত অর্থের ওপর ব্যাংক থেকে স্বল্পহারে সুদও পাবেন, যা অতিরিক্ত আয়ের সৃষ্টি করবে। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব দেবাশীষ প্রথমে সঞ্চয়ী হিসাব খুলেছিলেন।
উদ্দীপকে জনাব দেবাশীষের দীর্ঘমেয়াদে স্থায়ী হিসাব খোলা যৌক্তিক হবে।
এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক উচ্চহারে সুদ বা মুনাফা দিয়ে থাকে।
উদ্দীপকে জনাব দেবাশীষ একজন শিক্ষক। তিনি তাঁর সঞ্চিত অর্থ দীর্ঘমেয়াদে বেশি মুনাফা দিবে এমন একটি হিসাব জমা রাখতে চান। তাই তিনি ব্যাংক ব্যবস্থাপকের সাথে পরামর্শ করেন। এক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপক তাকে স্থায়ী হিসাব খোলার পরামর্শ দেন।
স্থায়ী হিসাবে দীর্ঘমেয়াদের জন্য এককালীন অর্থ জমা রাখা যায়। এ হিসাবে জমাকৃত অর্থের ওপর ব্যাংক অন্যান্য হিসাব অপেক্ষা অধিক হারে মুনাফা দিয়ে থাকে। এছাড়া গ্রাহক প্রয়োজনে উক্ত হিসাবে জমার বিপরীতে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। তাই বৈশিষ্ট্য ও সুবিধা বিবেচনায় বলা যায়, জনাব দেবাশীষের উদ্দেশ্য পূরণে স্থায়ী হিসাব খোলা তাঁর জন্য যৌক্তিক হবে।
৫. উদ্দীপক
ব্যাংকের গ্রাহক নিজকে বা প্রাপককে পরিশোধের জন্য ব্যাংক বরাবর যে নির্দেশপত্র প্রস্তুত করে তাকে চেক বলে।
অন্যদিকে প্রস্তুতকারী বা পাওনাদার তার দেনাদার বরাবর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পরে বা চাহিবামাত্র প্রদানের জন্য যে নির্দেশ দেয় তাঁকে বিনিময় বিল বলে। সাধারণত ব্যবসায়িক লেনদেনেই বিনিময় বিল ব্যবহৃত হয়। কিন্তু চেক সকল ধরনের লেনদেনে ব্যবহার করা যায়। এছাড়া এর প্রস্তুতপ্রণালি ও ব্যবহার সহজ। যে কারণে চেকের ব্যবহার সার্বজনীন।
উদ্দীপকে জনাব 'M' দাগকাটা চেক পেয়েছিলেন।
বাহক বা হুকুম চেকের বামপাশে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টেনে যে চেক প্রস্তুত করা হয় তাকে দাগকাটা চেক বলে। এ চেকের অর্থ প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয়।
উদ্দীপকে জনাব 'M' জনাব 'N' এর নিকট থেকে পণ্য বিক্রয় বাবদ একটি চেক পেয়েছিলেন। চেকটির বামে উপরের কোনায় আড়াআড়ি দুটি সরলরেখা টানা ছিল। এ ধরনের দাগ থাকায় বলা যায়, এটি একটি দাগকাটা চেক। এ চেকের অর্থ ব্যাংক নগদে পরিশোধ করে না। চেকে উল্লিখিত প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে এ ধরনের চেকের অর্থ উত্তোলন করতে হয়। সুতরাং বলা যায়, জনার 'M' যে চেকটি পেয়েছিলেন তা হলো দাগকাটা চেক।
উদ্দীপকের 'M' এর জমাকৃত দাগকাটা চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় ব্যাংক কর্তৃক চেকটি ফেরত দেওয়া যৌক্তিক হয়েছে।
চেকে উল্লিখিত তারিখ থেকে ছয় মাস সময়ের মধ্যে ব্যাংকে উপস্থাপন করা না হলে চেকটি বাসি চেকে পরিণত হয়। এ ধরনের চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়।
উদ্দীপকে জনাব 'M' জনাব 'N' এর নিকট থেকে একটি দাগকাটা চেক পেয়েছিলেন। চেকটি ইস্যুর তারিখ ছিল ২০-০১-২০২৪। তবে জনাব 'M' ২০-০৮-২০২৪ তারিখে চেকটি ব্যাংকে উপস্থাপন করে। তাই ৬ মাস অতিবাহিত হওয়ায় ব্যাংক চেকটি তাকে ফেরত দেয়।
বাসি চেকের অর্থ আইনত ব্যাংক গ্রাহককে পরিশোধে বাধ্য নয়। এ ধরনের চেক ব্যাংকে উপস্থাপন করা হলে ব্যাংক চেকটি অমর্যাদা করে। সেক্ষেত্রে গ্রাহকের পক্ষেও আইনত কিছু করার থাকে না। তাই বলা যায়, জনাব 'M' এর চেকটি বাসি চেক হওয়ায় ব্যাংক কর্তৃক চেকটি ফেরত দেওয়া যৌক্তিক হয়েছে।
৬. উদ্দীপক
মোবাইলের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকদের যে ব্যাংকিং সুবিধা প্রদান করে তাকে মোবাইল ব্যাংকিং বলে।
মোবাইল ব্যাংকিং এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে গ্রাহক অর্থ জমা, উত্তোলন, স্থানান্তর এবং বিল পরিশোধসহ অন্যান্য লেনদেন করতে পারে। ফলে গ্রাহক ব্যাংকে না গিয়ে যেকোনো স্থান থেকে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে। তাই মোবাইল ব্যাংকিং খুব জনপ্রিয়।
উদ্দীপকে হুমায়রার ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড।
ব্যাংক তার গ্রাহককে হিসাবের বিপরীতে যে চুম্বকীয় প্লাস্টিক কার্ড সরবরাহ করে তাকে ডেবিট কার্ড বলে। এ কার্ড দ্বারা গ্রাহক এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারেন।
উদ্দীপকের হুমায়রা ব্যাংকের একটি চুম্বকীয় কার্ড ব্যবহার করেন।কার্ডটি দিয়ে তিনি যেকোনো সময় ব্যাংক জমাকৃত টাকা উত্তোলন করতে পারেন। ব্যাংক হিসাবের বিপরীতে মূলত ডেবিট কার্ডই দেওয়া হয়। হিসাবে পর্যাপ্ত টাকা থাকাসাপেক্ষে গ্রাহক এ ধরনের কার্ড দ্বারা নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করতে পারেন। তাই বলা যায়, হুমায়রার ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড।
উদ্দীপকে উল্লিখিত ডেবিট ও ক্রেডিট কার্ড দুটির মধ্যে ক্রেডিট কার্ডটির সুবিধা তুলনামূল্ক বেশি।
ডেবিট ও ক্রেডিট কার্ড উভয়টির মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা এবং এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারেন। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে যা ডেবিট কার্ডে নেই।
উদ্দীপকে হুমায়রা তার কার্ডটি দিয়ে ব্যাংকে জমাকৃত টাকা তুলতে পারেন। সুতরাং তার কার্ডটি হলো ডেবিট কার্ড। অপরদিকে নাফিসা তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকার পরেও তার কার্ডটি দ্বারা সকল কেনাকাটা ও বিল পরিশোধ করতে পারেন। অর্থাৎ তার গৃহীত কার্ডে ঋণ সুবিধা রয়েছে। সুতরাং তার কার্ডটি হলো ক্রেডিট কার্ড।
ডেবিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকতে হয়। তবে ক্রেডিট কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। ডেবিট কার্ডে ঋণ সুবিধা নেই। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা থাকায় এ কার্ডের মাধ্যমে এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও বাকিতে কেনাকাটা করা যায়। এ প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ডেবিট ও ক্রেডিট কার্ড দুটির মধ্যে নাফিসার ক্রেডিট কার্ডটির সুবিধা তুলনামূলক বেশি।
৭. উদ্দীপক
কারো নিকট হস্তান্তরের উদ্দেশ্যে চেকের পিঠে স্বাক্ষর করাকে চেকের অনুমোদন বলে।
বাহক চেক শুধু অর্পণের দ্বারা হস্তান্তরযোগ্য হলেও হুকুম চেকে অনুমোদন অপরিহার্য। কারণ হুকুম চেকে নির্দিষ্ট প্রাপককে বা তার আদেশ অনুসারে অর্থ দিতে বলা হয়। এর উদ্দেশ্য হলো নির্দিষ্ট ব্যক্তি যেন অর্থ পেতে পারে এবং জালিয়াতির সম্ভাবনা না থাকে তা নিশ্চিত করা। এক্ষেত্রে প্রাপক যদি অনুমোদন স্বাক্ষর যথাযথভাবে না দিয়ে হস্তান্তর করে তবে অর্থ প্রদানে ঝুঁকি বাড়ে। সে কারণে চেকের অনুমোদন প্রয়োজন হয়।
উদ্দীপকে মি. গালিবের চেকটি হলো একটি বাহক চেক।
যে চেকে প্রাপকের নামের স্থানের পর 'অথবা বাহককে' শব্দদ্বয় লেখা থাকে, তাকে বাহক চেক বলে। এ চেকে প্রাপকের নাম লেখা না থাকলেও ব্যাংক এর বাহককে টাকা পরিশোধ করতে পারে।
উদ্দীপকে ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি বাবদ মি. করিম মি. গালিবকে ৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করলেন। চেকটিতে গ্রাহকের নাম হিসেবে মি. গালিবের পাশাপাশি 'অথবা বাহককে' শব্দদ্বয় উল্লেখ ছিল। যা বাহক চেকের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এ ধরনের চেক ব্যবহারে নগদ অর্থ লেনদেনের ঝামেলা থাকে না। সুতরাং বলা যায়, মি. গালিবের চেকটি একটি বাহক চেক।
উদ্দীপকে উল্লিখিত "মি. জাওয়াদের হুকুম চেকটি তুলনামূলকভাবে বেশি নিরাপদ”- এর সাথে আমি একমত।
বাহক চেকের অর্থ যে কেউ ব্যাংকে উপস্থাপনের মাধ্যমে নগদ অর্থ সংগ্রহ করতে পারে। অন্যদিকে হুকুম চেকের অর্থ চেকে উল্লিখিত প্রাপক বা অনুমোদনবলে প্রাপক ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না বিধায় তা অধিক নিরাপদ।
উদ্দীপকের মি. গালিব মি. করিমের নিকট থেকে ৫ লক্ষ টাকার একটি বাহক চেক পান। বাহক চেক হওয়ায় যে কেউ উক্ত চেকের অর্থ উত্তোলন করতে পারবেন। অন্যদিকে মি. জাওয়াদ গ্রামীণ ফ্যাশন লি. থেকে লভ্যাংশ বাবদ একটি চেক পান যেখানে লেখা ছিল "মি.জাওয়াদকে অথবা আদেশানুসারে ২,০০,০০০ টাকা প্রদান করুন।” সাধারণত হুকুম চেকের মাধ্যমে এ ধরনের আদেশ প্রদান করা হয়ে থাকে।
মি. জাওয়াদের চেকটি হুকুম চেক বিধায় তা মি. গালিবের বাহক চেক অপেক্ষা বেশি নিরাপদ। কারণ হুকুম চেকের অর্থ শুধু মি. জাওয়াদকে ব্যাংক প্রদান করবে। মি. জাওয়াদ অন্য কাউকে এরূপ চেক বৈধ অনুমোদন করলে সেক্ষেত্রে অনুমোদন বলে প্রাপক চেকটির অর্থ উত্তোলন করতে পারবেন। এই চেক হারিয়ে গেলে তাই অন্যকেউ অর্থ উত্তোলনের সুযোগ পাবেন না। তাই বলা যায়, মি. জাওয়াদের হুকুম চেকটি তুলনামূলকভাবে বেশি নিরাপদ।
৮. উদ্দীপক
অতীত পরিসংখ্যানের আলোকে নির্দিষ্ট বয়সসীমায় হাজার প্রতি মৃত্যুর সম্ভাবনা যে সারণিতে প্রস্তুত করা হয় তাকে মৃত্যুহারপঞ্জি বলে।
সম্ভাব্য মৃত্যুর হার বের করা না গেলে কোন বয়সে ঝুঁকির মাত্রা কত তা নিরূপণ করা যায় না। ফলে কোন বয়সের বিমাগ্রহীতার নির্দিষ্ট বয়সে ও নির্দিষ্ট বিমাকৃত অর্থে প্রিমিয়ামের হার কত হবে তা নির্দিষ্ট করা অসম্ভব হয়। তাই জীবন বিমায় মৃত্যুহারপঞ্জি গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে জনাব এস কে বড়ুয়া মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন।
যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এবং মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলা হয়। অর্থাৎ এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে।
উদ্দীপকে জনাব এস কে বড়ুয়া ১২ বছর মেয়াদি ১৫ লক্ষ টাকার একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। তিনি কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করছেন। মূলত নির্দিষ্ট সময়ের জন্য মেয়াদি বিমাপত্র করা হয়ে থাকে। এ ধরনের বিমায় কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করা যায়। এ বিমায় নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হয়। আর বিমাগ্রহীতা বেঁচে থাকলে মেয়াদ শেষে তাকে বিমাদাবি পরিশোধ করা হয়। সুতরাং বলা যায়, জনাব এস কে বড়ুয়া মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন।
উদ্দীপকে জনাব এস কে বড়ুয়া বিমা কোম্পানি থেকে আবেদনের প্রেক্ষিতে প্রিমিয়ামের অংশবিশেষ সমর্পণ মূল্য পাবেন।
বিমাপত্র সমর্পণ করলে বিমা প্রতিষ্ঠান থেকে যে অর্থ পাওয়া যায় তাকে সমর্পণ মূল্য বলে। কমপক্ষে দুই বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে সমর্পণ মূল্য প্রদান করা হয়।
উদ্দীপকে জনাব এস কে বড়ুয়া ১২ বছরের জন্য ১৫ লক্ষ টাকার একটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। তিনি ৫ বছর পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করেন। পরবর্তীতে প্রিমিয়াম পরিশোধে অপারগ হলে তিনি বিমাপত্রটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে বিমা কোম্পানিকে জানান। তিনি বিমা কোম্পানির নিকট প্রিমিয়ামের কিছু অর্থ ফেরত পাবার জন্য আবেদন করেন। এক্ষেত্রে তিনি সমর্পণ মূল্য পাবেন।
বিমাগ্রহীতা প্রিমিয়াম পরিশোধে অপারগ হলে সেক্ষেত্রে বিমা পলিসিটি বন্ধ করে দিতে পারে। তবে পরিশোধিত প্রিমিয়াম ফেরত পাবেন না। কারণ চুক্তির শর্তানুসারে বিমা প্রিমিয়াম অফেরতযোগ্য। মেয়াদি ও আজীবন বিমায় বিমাগ্রহীতা কমপক্ষে দুই বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে সেক্ষেত্রে প্রিমিয়ামের অংশবিশেষ সমর্পণ মূল্য পেয়ে থাকেন। তাই জনাব এস কে বড়ুয়া ৫ বছর অর্থাৎ ২ বছরের অধিক সময় নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করায় বিমা কোম্পানি জনাব এস কে বড়ুয়াকে প্রিমিয়ামের অংশবিশেষ সমর্পণ মূল্য প্রদান করবে।
৯. উদ্দীপক
একটি নির্দিষ্ট মেয়াদের জন্য কিস্তিতে প্রিমিয়াম পরিশোধের শর্তে সাধারণত মেয়াদি জীবন বিমাপত্র খোলা হয়।
মেয়াদি জীবন বিমাপত্র একদিকে নিরাপত্তা ও অন্যদিকে সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা প্রদান করে। এক্ষেত্রে মেয়াদের মধ্যে ব্যক্তি মারা গেলে তার মনোনীত ব্যক্তি অথবা মেয়াদপূর্তিতে বোনাসসহ পুরো টাকা তিনি নিজে পায়। প্রিমিয়াম কিস্তিতে প্রদত্ত হয় বিধায় তা ব্যক্তিকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে। প্রয়োজনে পলিসির বিপক্ষে ঋণ নেওয়া যায়। এসব কারণে মেয়াদি জীবন বিমাপত্র অধিক জনপ্রিয়।
উদ্দীপকে জনাব আলম আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন।
যে বিমাচুক্তিপত্রের মাধ্যমে প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বিমা কোম্পানি, বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করে তাকে আজীবন বিমাপত্র বলে। এরূপ বিমাপত্রের কোনো নির্দিষ্ট মেয়াদকাল থাকে না।
উদ্দীপকের জনাব আলম পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেছেন। এক্ষেত্রে চুক্তির শর্তানুসারে তাকে মৃত্যুর পূর্ব পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হবে। মৃত্যুর পরই বিমা কোম্পানি বিমাদাবি তার মনোনীত ব্যক্তিকে পরিশোধ করবে। অর্থাৎ জীবদ্দশায় তিনি কোনো বিমাদাবির অর্থ পাবেন না। কারণ বিমাপত্রটির কোনো নির্দিষ্ট মেয়াদকালের জন্য করা হয়নি। তাই বলা যায়, জনাব আলম আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন।
উদ্দীপকে আলমের ছেলের বিমাপত্রে উল্লিখিত মনোনীত ব্যক্তি নয় বিধায় বিমা কোম্পানি কর্তৃক তার বিমাদাবি প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে।
আজীবন বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতার মৃত্যু ঘটলে তখন রিমাপত্রে উল্লিখিত মনোনীত ব্যক্তিকে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করে। মনোনীত ব্যক্তি না হলে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধে অপারগতা প্রকাশ করে।
উদ্দীপকের জনাব আলম, একটি আজীবন বিমাপত্র খুলেছিলেন। মনোনীত ব্যক্তি হিসেবে চুক্তিতে তার স্ত্রীর নাম দেন। ছয়টি নিয়মিত কিস্তি পরিশোধের পর তিনি মারা গেলে তার স্ত্রী ও ছেলে পৃথকভাবে বিমাদাবি করলে বিমা কোম্পানি তার স্ত্রীকে বিমাদাবি পরিশোধ করে কিন্তু তার ছেলের বিমাদাবি প্রত্যাখ্যান করে, যা যৌক্তিক।
আজীবন বিমাচুক্তি সম্পাদনকালে বিমাগ্রহীতা জনাব আলম তার স্ত্রীর নাম চুক্তিতে উল্লেখ করেছিলেন। তাই চুক্তিতে উল্লিখিত ব্যক্তি ছাড়া বিমা কোম্পানি তার মৃত্যুতে অন্যকাউকে, বিমাদাবি পরিশোধে আইনত বাধ্য নয়।জনাব আলম চুক্তি সম্পাদনকালে তার ছেলেকে মনোনীত না করায় চুক্তিতে তার ছেলের নাম উল্লেখ নেই। তাই তার ছেলের বিমাদাবি বিমা কোম্পানি কর্তৃক প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে।
১০. উদ্দীপক
মানুষের জীবনসংশ্লিষ্ট বিপদের ঝুঁকির বিপক্ষে সম্পাদিত বিমাচুক্তিই হলো জীবন বিমা।
মানুষের জীবন সর্বদাই ঝুঁকির সম্মুখীন। মৃত্যু কখন আসবে কেউ জানে না। অসুস্থতা, দুর্ঘটনা, পঙ্গুত্ব ইত্যাদিও স্বাভাবিক বিষয়। এ অবস্থায় জীবন বিমা আর্থিক প্রতিরক্ষা দেয়। মৃত্যুতে নমিনি বা উত্তরাধিকারিগণ অর্থ পায়। অসুস্থতা, পঙ্গুত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবন বিমা পাশে দাঁড়ায়। মেয়াদি বিমাপত্র গ্রহীতাগণ ঋণ সুবিধা পায়। প্রয়োজনে সমর্পণ মূল্য পেতে পারে। বোনাস পেয়ে উপকৃত হয়। তাই বলা হয়, জীবন বিমা মানুষের প্রাত্যহিক জীবনের আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাস্বরূপ।
উদ্দীপকে মি. 'X' গোষ্ঠী বিমাচুক্তি সম্পাদন করেছেন।
যে বিমাব্যবস্থায় একটা বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের অধীনে বিমা করা হয় তাকে গোষ্ঠী বিমা বলে। নিয়োগকর্তা এ ধরনের বিমা করে কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারে।
উদ্দীপকে মি. 'X' তার কোম্পানিতে কর্মরত কর্মীদের নিরাপত্তার জন্য একক বিমাপত্রের অধীনে জনতা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটি বিমাচুক্তি করেন। মূলত একক বিমাপত্রের অধীনে একই গোষ্ঠীভুক্ত অনেক ব্যক্তির জীবনের জন্য নিয়োগকর্তা গোষ্ঠী বিমাচুক্তি করেন। মি. 'X' এর গৃহীত বিমাপত্র গোষ্ঠী বিমার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মি. 'X' গোষ্ঠী বিমাচুক্তি সম্পাদন করেছেন।
উদ্দীপকে 'মেরিন সিটি বিমা কোম্পানি' কর্তৃক 'পোর্ট সিটি বিমা কোম্পানির' সাথে সম্পাদিত পুনর্বিমা চুক্তি তাদের ঝুঁকি হ্রাস করবে- এর সাথে আমি একমত।
বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশবিশেষ পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোনো বিমা কোম্পানির ওপর ন্যস্ত করলে তাকে পুনর্বিমা বলে। এরূপ চুক্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই থাকে বিমা কোম্পানি।
উদ্দীপকের মি. 'X' মেরিন সিটি বিমা কোম্পানির সাথে একটি গোষ্ঠী বিমাচুক্তি করেন। পরবর্তীতে ঝুঁকির মাত্রা বিবেচনায় জনতা 'মেরিন সিটি বিমা কোম্পানি' আবার একই বিমার বিষয়বস্তু পোর্ট সিটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করে। পুনরায় একই বিষয়বস্তু বিমা করায় এবং বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই বিমা কোম্পানি হওয়ায় বলা যায়, মেরিন সিটি বিমা কোম্পানি পুনর্বিমা চুক্তি সম্পাদন করে।
বিমা প্রতিষ্ঠান তার গৃহীত নির্দিষ্ট পরিমাণ অঙ্কের অতিরিক্ত ঝুঁকির জন্য অন্যকোনো বিমা কোম্পানির সাথে পুনর্বিমা করতে পারে। মেরিন সিটি বিমা কোম্পানি এ ধরনের বিমা করায় ঝুঁকির বোঝা প্রথম থেকেই বণ্টিত হবে ও হ্রাস পাবে। তাছাড়া মেরিন সিটি বিমা কোম্পানির পক্ষে অধিকসংখ্যক ঝুঁকির বিপক্ষে বিমা গ্রহণ করা সম্ভব হবে। ফলে ব্যবসায় সম্প্রসারিত হবে এবং ঝুঁকি হ্রাস পাবে। সুতরাং বলা যায়, মেরিন সিটি বিমা কোম্পানি কর্তৃক পোর্ট সিটি বিমা কোম্পানির সাথে পুনর্বিমা চুক্তি তাদের ঝুঁকি হ্রাস করবে।
১১. উদ্দীপক
বিমা হলো একই ধরনের ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি বণ্টনের একটা যৌথ ব্যবস্থা।
মানুষের জীবন ও সম্পত্তি সবসময়ই ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত। তাই মানুষ এই ঝুঁকি হ্রাসের বিষয়টি নিয়ে প্রথম থেকেই ভেবেছেন। সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তা হ্রাসের চেষ্টা করেছেন। এরই এক পর্যায়ে বিমা ব্যবসায় গড়ে উঠে। এক্ষেত্রে ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের নিকট থেকে প্রিমিয়াম নিয়ে যাদের প্রকৃতই ক্ষতি ঘটে তাদেরকে কার্যত অর্থ প্রদান করা হয়। তাই বিমাকে ঝুঁকি বণ্টনের যৌথ ব্যবস্থা বলা হয়।
উদ্দীপকে বিমায়োগ্য স্বার্থের নীতির কারণে জনাব মি. 'P' এর প্রস্তাবে বিমা প্রতিষ্ঠান বাড়িটি বিমা করতে সম্মত হয়নি।
বিমাযোগ্য স্বার্থ বলতে বিমাগ্রহীতার মালিকানাস্বত্ব বা আর্থিক স্বার্থকে বোঝায়। সুতরাং বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে বিমাগ্রহীতার আর্থিক ক্ষতির বিষয়টি জড়িত থাকে। বিমাযোগ্য স্বার্থ ছাড়া বিমাচুক্তি করা যায় না।
উদ্দীপকে মি. 'P' যে বাড়িতে থাকেন বাড়িটি তার বাবার নামে ছিল। সুতরাং বাড়িটির প্রকৃত মালিক তার বাবা। ভূমিকম্পজনিত ঝুঁকির কথা বিবেচনা করে বিমা কোম্পানির কাছে মি. 'P' বাড়িটি বিমা করতে চায়। এ বাড়িতে মি. 'P' এর আর্থিক স্বার্থ নেই, কারণ বাড়িটি তার বাবার। এজন্য বিমা কোম্পানি বিমা করতে অস্বীকৃতি জানায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বিমাযোগ্য স্বার্থের নীতির কারণে মি. 'P' এর প্রস্তাবে বিমা প্রতিষ্ঠান বাড়িটি বিমা করতে সম্মত হয়নি।
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতিটি লঙ্ঘিত হওয়ায় জনাব 'P' এর বাবা বিমাদাবি পাওয়ার যোগ্য নন।
বিমায় সদ্বিশ্বাসের সম্পর্ক বলতে বিমা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে উপস্থাপনে উভয়পক্ষের বাধ্যবাধকতা বোঝায়। যে কারণে চুক্তিভুক্ত প্রত্যেকে একে অন্যের কাছে চুক্তির বিষয়ে আবশ্যকীয় সকল তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে প্রকাশে বাধ্য থাকে।
উদ্দীপকে জনাব 'P' এর বাবা তার মালিকানাধীন বাড়িটি বিমা করেন। পরবর্তীতে জনাব 'P' এর বাবা বিমা প্রতিষ্ঠানকে না জানিয়ে বাড়িটির দ্বিতীয় তলার কাজ শেষ শেষ করতে গেলে বাড়িটি একপাশে হেলে যায়। মূলত তথ্য গোপন করে বিমা প্রতিষ্ঠানকে না জানিয়ে বাড়িটির কাজ করায় বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতির লঙ্ঘন হয়েছে।
বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতির আলোকে বিমা কোম্পানি এবং বিমাগ্রহীতা একে অপরকে গুরুত্বপূর্ণ সকল তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে বাধ্য থাকে। এ তথ্য গোপনে পরবর্তীতে দু'পক্ষের মধ্যে ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়, যে কারণে বিমাচুক্তি বাতিল হতে পারে। উদ্দীপকে জনাব 'P' এর বাবা বিমাকৃত বাড়িটির দ্বিতীয় তলার কাজ শুরুর ব্যাপারে বিমা প্রতিষ্ঠানকে অবগত করেননি, যা বিমাচুক্তির সদ্বিশ্বাসের সম্পর্কের নীতির লঙ্ঘন। তাই জনাব 'P' এর বাবা বিমাদাবি পাওয়ার যোগ্য নন।