১. উদ্দীপক
ব্যবসায়ের আয় থেকে ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলে।
ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মানুষ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়িক কার্যক্রমে জড়িত হয়। কিন্তু ব্যবসায়ে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। একজন ব্যবসায়ী তার ব্যবসায়ে ঝুঁকি গ্রহণের মাধ্যমে মূলধন বিনিয়োগ করে এবং ঝুঁকির প্রতিদানস্বরূপ সে মুনাফা অর্জন করে। যেখানে ঝুঁকির পরিমাণ বেশি সেখানে মুনাফার পরিমাণও বেশি। তাই মুনাফাকে ঝুঁকি গ্রহণের প্রতিদান বলা হয়।
উদ্দীপকের জনাব মুকুল উৎপাদন শিল্প স্থাপন করেছেন।
শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকেই উৎপাদন শিল্প বলে। তুলা থেকে কাপড় ও বস্ত্র উৎপাদন, গম থেকে আটা ও বিস্কুট তৈরি, খনি থেকে প্রাপ্ত লৌহ আকরিক ব্যবহার করে লৌহ ও ইস্পাত সামগ্রী উৎপাদন এর সবই এই শিল্পের অন্তর্ভুক্ত।
উদ্দীপকের জনাব মুকুল দিনাজপুরে একটি রাইস মিল স্থাপন করেন। তিনি তার এলাকার বিভিন্ন ডিলারের নিকট চাল বিক্রয় করেন। দীর্ঘ অভিজ্ঞতা এবং সততার কারণে তার ব্যবসায় প্রতিষ্ঠানটি সফলতার মুখ দেখছে। জনাব মুকুলের রাইস মিলটি উৎপাদন কাজের সাথে জড়িত, যা উৎপাদন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মুকুল উৎপাদন শিল্প স্থাপন করেন।
উদ্দীপকে জনাব মুকুলের সমস্যা সমাধানে ব্যাংক ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়।
উদ্দীপকের জনাব মুকুল দিনাজপুরে একটি রাইস মিল স্থাপন করেন। দীর্ঘ অভিজ্ঞতা এবং সততার কারণে তার ব্যবসায় প্রতিষ্ঠানটি সফলতার মুখ দেখছে। কিন্তু তিনি কাঙ্ক্ষিত মাত্রায় মুনাফা অর্জন করতে পারছেন না। এজন্য নতুন অটো রাইস মেশিন স্থাপনের বিকল্প নেই। কিন্তু অটো রাইস মিলের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা তার কাছে নেই।
অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে হলে অর্থের প্রয়োজন। ব্যবসায় পরিচালনা করার জন্যও অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব মুকুলের সমস্যা সমাধানে ব্যাংক ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২. উদ্দীপক
মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায়।
ব্যবসায় একটি স্বাধীন অর্থনৈতিক কার্যক্রম। এর মাধ্যমে মানুষ নিজস্ব বুদ্ধিমত্তা ও স্বকীয়তাকে কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপাদন করে অর্থ উপার্জন করতে পারে। এ প্রক্রিয়ার মাধ্যমে নিজের যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় তেমনিভাবে অন্যেরও কর্মের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে দেশের বেকার সমস্যার সমাধান হয়। আর ব্যবসায় এভাবেই বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্দীপকে মি. কামালের ঢাকায় আলু সরবরাহের কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত।
শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য ব্যবসায়ের বণ্টনকারী শাখা এবং ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় বিধায় বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়।
উদ্দীপকের মি. কামাল একজন আলু ব্যবসায়ী। তিনি দাউদকান্দির স্থানীয় কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করে নিজস্ব গাড়ির মাধ্যমে ঢাকায় সরবরাহ করেন। এতে তার ভালো মুনাফা হয়। উক্ত সরবরাহজনিত কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. কামালের ঢাকায় আলু সরবরাহের কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত।
উদ্দীপকে আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি করে।
কোনো দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। বিপণনকারী উৎপাদকের উৎপাদিত পণ্য নিজ উদ্যোগে সংরক্ষণ বা গুদামজাতকরণ করে সময়গত উপযোগ সৃষ্টি করে। ফলে ভোক্তাদের চাহিদা অনুসারে সঠিক সময়ে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করা সম্ভব হয়।
উদ্দীপকের মি. কামাল একজন আলু ব্যবসায়ী। তিনি দাউদকান্দির স্থানীয় কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করে নিজস্ব গাড়ির মাধ্যমে ঢাকায় সরবরাহ করেন। এতে তার ভালো মুনাফা হয়। এছাড়াও তিনি শীতকালে কম দামে আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করেন। এভাবে তিনি তার ব্যবসায় সফলতা লাভ করে চলেছেন।
মি. কামাল সংরক্ষণমূলক ব্যবস্থাটি গুদামজাতকরণ কাজের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে আলু সংরক্ষণ করে রাখা যায়। ফলে 'জনগণের চাহিদা মোতাবেক আলু সরবরাহ করা যায়। এতে একদিকে যেমন প্রতিষ্ঠান লাভবান হয় অন্যদিকে জনগণেরও চাহিদা পূরণ হয়। তাই আমি মনে করি, মি. কামালের আলু সংরক্ষণের কাজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সময়গত উপযোগ সৃষ্টি করে।
৩. উদ্দীপক
কোনো দেশের বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশসংক্রান্ত আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে আইনগত পরিবেশ বলে।
আইনগত পরিবেশ ব্যবসায়কে ব্যাপকভাবে প্রভাবিত করে। কেননা যেকোনো দেশেই সাধারণ মানুষের মতো ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকেও রাষ্ট্রের তৈরি আইনের বিধিমালা মেনে চলতে হয়। তাই আইনগত বিধিনিষেধ ব্যবসায়িক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে থাকে। এই আইনের গণ্ডির মধ্যে থেকেই ব্যবসায়িগণ তাদের ব্যবসায়িক, কার্যক্রম পরিচালনা করে। এসব কারণেই আইনগত পরিবেশ ব্যবসায়ে গুরুত্বপূর্ণ।
প্রাকৃতিক পরিবেশের উপাদান বিবেচনায় জনাব সোহাগ দুবলার চরে ব্যবসায় শুরু করেন।
কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।
উদ্দীপকের জনাব সোহাগ বছরের ৩ মাস সুন্দরবনের দুবলার চরে অবস্থান করে মাছ শিকার করেন। অতঃপর তিনি 'সেই মাছ প্রক্রিয়াজাত করে শুঁটকিতে রূপান্তর করেন এবং সারাদেশে বাজারজাত করেন। সুন্দরবনের দুবলার চর প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশের উপাদান বিবেচনায় জনাব সোহাগ দুবলার চরে ব্যবসায় শুরু করেন।
ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব সোহাগ ব্যবসায়ের * পর্যায়িতকরণ কাজটি গ্রহণ করতে পারেন।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভকরে। প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়।
উদ্দীপকের জনাব সোহাগ বছরের ৩ মাস সুন্দরবনের দুবলার চরে অবস্থান করে মাছ শিকার করেন। অতঃপর তিনি সেই মাছ প্রক্রিয়াজাত করে শুঁটকিতে রূপান্তর করেন এবং সারাদেশে বাজারজাত করেন। বাজারে তার পণ্যের অনেক সুনাম রয়েছে। কিন্তু পণ্যগুলোর ওজন ও আকার সুনির্দিষ্ট না থাকায় ক্রেতারা মাঝে মধ্যে তারা পণ্য কিনতে সমস্যার সম্মুখীন হন।
ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে পণ্যসামগ্রীকে বিভিন্ন ভাগে (যেমন- ছোট, মাঝারি ও বড় ইত্যাদি) ভাগ করা হয় এবং এ ধরনের ভাগের পর পণ্যের মূল্য ভিন্ন ধরনের হয়ে থাকে। এর ফলে বাজারে অবস্থানরত বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য পণ্য ক্রয় করা সহজ হয়। এতে প্রতিষ্ঠানের বিক্রয় বেড়ে যায় এবং ক্রেতাসন্তুষ্টি অর্জিত হয়, যা ব্যবসায়ীকে সফল ব্যবসায়ীতে পরিণত করে। তাই আমি মনে করি, ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব সোহাগ ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজটি গ্রহণ করতে পারেন।
৪. উদ্দীপক
সমাজের মানুষের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, রীতিনীতি, আইন-কানুন, শিক্ষা-সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস প্রভৃতির ওপর ব্যবসায়ের উন্নতি ও অবনতি ব্যাপক প্রভাবিত হয় বিধায় ব্যবসায় প্রতিষ্ঠায় সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ।
সামাজিক পরিবেশের উপাদানগুলো মূলত মানুষের সৃষ্টি এবং মানুষের কার্যক্রম দ্বারা প্রবর্তিত হয়। একটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠান সেই দেশের অনুকূল সামাজিক পরিবেশের উপাদানগুলো ব্যবসায়-বাণিজ্যকে প্রভাবিত করে। প্রতিকূল সামাজিক পরিবেশে ব্যবসায় স্থাপন করে সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই ব্যবসায় প্রতিষ্ঠায় অনুকূল সামাজিক পরিবেশের প্রয়োজন হয়।
জনাব রাসেলের চা বাগান তৈরিতে ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ আকৃষ্ট করেছিল।
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।
উদ্দীপকের জনাব' রাসেল সিলেটে থাকেন। তিনি শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে জমি কিনে ৫টি চা বাগান প্রতিষ্ঠা করেন। জনাব রাসেল শ্রমিকের সহজলভ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে চা বাগান করেন, যা অর্থনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রাসেলের চা বাগান তৈরিতে ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ আকৃষ্ট করেছিল।
জনাব রাসেলের বৈদেশিক মুদ্রা অর্জনের পেছনে প্রযুক্তিগত পরিবেশ সহায়ক হিসেবে কাজ করেছে।
কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তির আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠেছে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্যসহ যাবতীয় কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে।
উদ্দীপকের জনাব রাসেল সিলেটে থাকেন। তিনি শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে জমি কিনে ৫টি চা বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয় পদ্ধতি ও পুরনো প্রযুক্তি ব্যবহারের কারণে তার চা এর মান ততটা ভালো হয় না। এতে মুনাফাও কম হয়। এমতাবস্থায় তিনি তার বন্ধুর পরামর্শে আধুনিক মেশিন স্থাপনের মাধ্যমে চা এর গুণগত মান বৃদ্ধি করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন।
শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করলে উৎপাদনে নতুনত্ব আনা যায় এবং উৎপাদিত পণ্যের মান ভালো হয়। উদ্দীপকের জনাব রাসেলও তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন বৃদ্ধি করছেন এবং উন্নতমানের পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। তাই আমি মনে করি, জনাব রাসেলের বৈদেশিক মুদ্রার্জনের পেছনে প্রযুক্তিগত পরিবেশ সহায়ক হিসেবে কাজ করেছে।
৫. উদ্দীপক
বিনিয়োগকৃত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় সৃষ্টি হওয়াকে অসীম দায় বলে।
একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম। ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি ক্ষেত্রবিশেষে দায়বদ্ধ থাকে। বিনিয়োগকৃত মূলধন দ্বারা দায় পরিশোধ না হলে মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে দেনা শোধ করতে হয়। একমালিকানা ব্যবসায়ে মালিক যেমন একা সমস্ত মুনাফা ভোগ 'করে ঠিক তেমনি সমস্ত দায় তাকেই বহন করতে হয়। তাই একমালিকানা ব্যবসায়ের দায় অসীম হয়।
উদ্দীপকের জনাব জসিম একমালিকানা ব্যবসায় সংগঠন পরিচালনা করছেন।
যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।
উদ্দীপকের জনাব জসিম অল্প পুঁজি নিয়ে মুড়ির ব্যবসায় শুরু করেন। তিনি গ্রামের বাজার থেকে চাল সংগ্রহ করে বাড়িতে মুড়ি তৈরি করে ভোক্তাদের কাছে সরবরাহ করেন। অল্প দিনেই তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন। উক্ত বৈশিষ্ট্যগুলো একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব জসিম একমালিকানা ব্যবসায় সংগঠন পরিচালনা করছেন।
একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যই উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ের সাফল্যের মূল কারণ।
একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ককে বোঝায়। একমালিকানা ব্যবসায়ের পরিসর ছোট হওয়ায় মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ক গড়ে উঠে। এতে ব্যবসায়ের সফলতার সম্ভাবনা বেশি থাকে।
উদ্দীপকের জনাব জসিম অল্প পুঁজি নিয়ে মুড়ির ব্যবসায় শুরু করেন। তিনি গ্রামের বাজার থেকে চাল সংগ্রহ করে বাড়িতে মুড়ি তৈরি করে ভোক্তাদের কাছে সরবরাহ করেন। অল্প দিনেই তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন। এতে তিনি অনুপ্রাণিত হয়ে ব্যবসায়টি সম্প্রসারণের চিন্তা করছেন।
একমালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায়। শুধু মালিকের ইচ্ছা এবং সামান্য পরিমাণ মূলধন থাকলেই এ ধরনের ব্যবসায় খুব সহজেই গঠন করা যায়। মালিক একা এই ব্যবসায় পরিচালনা করে বিধায় গ্রাহকের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এতে তিনি গ্রাহকদের সুবিধা অসুবিধা বিবেচনা করে ব্যবসায় 'পরিচালনা করতে -পারেন এবং সহজেই ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারেন। তাই আমি মনে করি, একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যই উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ের সাফল্যের মূল কারণ।
৬. উদ্দীপক
ব্যবসায়া গঠনে আইনগতভাবে এর নিবন্ধনের আবশ্যকতা না থাকায় অংশীদারি ব্যবসায়ের পৃথক সত্তা থাকে না।
পৃথক সত্তা বলতে আইনের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হওয়াকে বোঝায়। কিন্তু অংশীদারি ব্যবসায়ে পৃথক সত্তার সৃষ্টি হয় না। ফলে ব্যবসায় নিজ নামে পরিচিত ও. পরিচালিত হতে পারে না। এর সকল লেনদেন ও চুক্তি অংশীদারদের সাথে ব্যক্তিগতভাবে সম্পাদন করা হয়। এছাড়াও পৃথক সত্তার অনুপস্থিতির কারণে এ ব্যবসায়ের স্থায়িত্ব অংশীদারদের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল।
উদ্দীপকের ব্যবসায়ে রনি কর্মী অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। এ ধরনের অংশীদার মূলত নিজের শ্রম, মেধা ও দক্ষতাকে পুঁজি হিসেবে বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী এ ধরনের অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহন করে।
উদ্দীপকে সানি ও রনি সমঝোতার ভিত্তিতে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে এর নিবন্ধন করিয়ে নেন। শর্ত মোতাবেক রনি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবেন না। এক্ষেত্রে যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ না করেও শুধু তার শ্রম দেয় তাকে কর্মী অংশীদার বলে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়ে রনি কর্মী অংশীদার।
নিবন্ধন থাকার কারণে সানি ও রনি পাওনা আদায়ে সক্ষম হবে যেটি যৌক্তিক।
অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝায়। যদিও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম।
উদ্দীপকের সানি ও রনি সমঝোতার ভিত্তিতে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে এর নিবন্ধন করিয়ে নেন। শর্ত মোতাবেক রনি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবেন না। তাদের ব্যবসায়টি বেশ উন্নতি লাভ করলেও একজন দেনাদারের কাছ থেকে ৫,০০০ টাকা পাওনা আদায় করতে পারছে না। এমতাবস্থায় তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।
অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ে সুবিধা পেতে হলে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটির নিবন্ধন করা ছিল। তাই সানি ও রনি পাওনা আদায়ের জন্য আইনের আশ্রয় নিয়ে পাওনা টাকা আদায় করতে সক্ষম হবেন।
৭. উদ্দীপক
কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয় বিধায় কোম্পানিকে আইনসৃষ্ট প্রতিষ্ঠান বলা হয়।
আইনসৃষ্ট প্রতিষ্ঠান বলতে আইন মোতাবেক প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করে প্রতিষ্ঠান গঠনকে বোঝায়। 'বাংলাদেশে যৌথমূলধনি কোম্পানিসমূহ ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। উক্ত আইনের ২.১ (ঘ) ধারায় বলা হয়েছে যে, কোম্পানি বলতে এ আইনের অধীনে গঠিত, নিবন্ধিত অথবা কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝায়।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
যে সীমাবদ্ধ কোম্পানিতে কমপক্ষে সদস্যসংখ্যা ২ জন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়।
উদ্দীপকের মি. শাকিল তাঁর পাঁচ বন্ধুকে নিয়ে কুমিল্লায় 'বিডি ফার্নিচার' নামে একটি কারখানা গড়ে তোলেন। তাদের প্রাথমিক মূলধন ৮ কোটি টাকা। সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুত সফলতার মুখ দেখে। সদস্য বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
উদ্দীপকের কোম্পানিটির শেয়ার বিক্রির জন্য কোম্পানিটিকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা উচিত।
যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেলেও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে।
উদ্দীপকের মি. শাকিল তাঁর পাঁচ বন্ধুকে নিয়ে কুমিল্লায় 'বিডি ফার্নিচার' নামে একটি কারখানা গড়ে তোলেন। তাদের প্রাথমিক মূলধন ৮ কোটি টাকা। সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুত সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এজন্য তারা ব্যাংক ঋণ নেওয়ার পরিবর্তে জনগণের মাঝে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে চায়।
উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। শেয়ার বিক্রয় করতে হলে তাকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় বাজারে শেয়ার বিক্রয় করতে গিয়ে ঝামেলার সম্মুখীন হয়। এমতাবস্থায় আমি মনে করি, শেয়ার বিক্রয়ের ঝামেলা এড়ানোর জন্য উদ্দীপকের প্রাইভেট লিমিটেড কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা উচিত।
৮. উদ্দীপক
চুক্তি সম্পাদনের অযোগ্য বলে নাবালক অংশীদার হতে পারে না।
অংশীদারি আইনের ৩০(১) ধারা অনুযায়ী যার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি তাকে নাবালক অংশীদার বলে। এধরনের অংশীদার ব্যবসায়ের অংশীদার হতে পারে না। তবে সকল অংশীদার সম্মত থাকলে কিছু সময়ের জন্য নাবালক অংশীদারকে ব্যবসায়ের সুবিধা দেওয়া যেতে পারে। এরূপ অংশীদারকে সীমাবদ্ধ অংশীদার হিসেবে গণ্য করা হয়। তাই এরা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তবে ব্যবসায়ের হিসাব চাইতে পারে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়।
যে অংশীদারি ব্যবসায়ে কমপক্ষে একজন অংশীদারের দায় সীমিত থাকে এবং অন্য সকল অংশীদারের দায় সীমাহীন তাকে, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় সংগঠন বলে। অংশীদারি ব্যবসায়ে অনেক সময় মূলধনের প্রয়োজন হয়। এক্ষেত্রে নতুন সাধারণ অংশীদার গ্রহণে সম্ভাব্য পরিচালনাগত জটিলতা দেখা দেওয়ার ভয় থাকে। এমতাবস্থায় ব্যবসায়ে মূলধন বিনিয়োগের মাধ্যমে সীমাবদ্ধ অংশীদার গ্রহণ করা হয়।
উদ্দীপকের অনি, জনি ও মনি মৌখিক চুক্তির ভিত্তিতে একটি অংশীদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। চুক্তি মোতাবেক তিন জনের মূলধনের পরিমাণ সমান। মুনাফাও সমান হারে ভোগ করেন। তবে চুক্তির শর্ত অনুযায়ী মনি শুধু মূলধনের পরিমাণ দায় বহন করবে। মনির দায় বিবেচনায় উদ্দীপকের ব্যবসায়টি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়।
নিবন্ধন না থাকার কারণে মনির মামলা আদালত খারিজ করে দেয় যেটি যৌক্তিক।
অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝায়। যদিও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম।
উদ্দীপকের অনি, জনি ও মনি মৌখিক চুক্তির ভিত্তিতে একটি অংশীদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। চুক্তি মোতাবেক তিন জনের মূলধনের পরিমাণ সমান। মুনাফাও সমান হারে ভোগ করেন। তবে চুক্তির শর্ত অনুযায়ী মনি শুধু মূলধনের পরিমাণ দায় বহন করবে। মনি দুই বছর কোনো মুনাফা না পাওয়ায় আদালতে মামলা করে। কিন্তু আদালত তার মামলা খারিজ করে দেয়।
অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ে সুবিধা পেতে হলে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায়। কিন্তু নিবন্ধন না থাকলে এমন সুবিধা পাওয়া যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি মৌখিক চুক্তিতে গঠিত হয়, যা নিবন্ধিত না হওয়ারই প্রমাণ। তাই আমি মনে করি, নিবন্ধন না থাকার কারণে মনির মামলা আদালত খারিজ করে দেয়।
৯. উদ্দীপক
কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্বকে বোঝায়।
কোম্পানি আইনের মাধ্যমে গঠিত হয়ে চিরদিন টিকে থাকে বলে একে চিরন্তন অস্তিত্বের অধিকারী বলে। আইনের দেওয়া কৃত্রিম ব্যক্তিসত্তা কোম্পানিকে চিরন্তন অস্তিত্বের অধিকারী করেছে। ফলে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে এর ক্রমাগত উত্তরাধিকার সত্তা বজায় ধাকে। তাই যে কেউ ইচ্ছা করলেই আইনের বিধান ছাড়া এর অস্তিত্ব বিলোপ করতে পারে না। এমনকি এর সকল সদস্যদের মৃত্যু ঘটলেও সংগঠনটি টিকে থাকে। এসব কারণেই কোম্পানি সংগঠনকে চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয়।
উদ্দীপকে স্বপ্না সাধারণ শেয়ারহোল্ডার।
যে শেয়ার মালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। এদের লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত এবং পরিবর্তনশীল। কোম্পানির মুনাফা না হলে এরা লভ্যাংশ পায় না।
উদ্দীপকের 'গোমতি লিমিটেড' একটি স্বনামধন্য কোম্পানি। স্বর্ণা ও স্বপ্না উভয়ে ঐ কোম্পানির শেয়ারহোল্ডার। এদের মধ্যে স্বপ্নার ২,০০,০০০ টাকার শেয়ার রয়েছে। কিন্তু তিনি স্বর্ণার পরে লভ্যাংশ পান এবং লভ্যাংশের হার প্রতিবছর সমান থাকে না। স্বপ্নার ক্রয়কৃত শেয়ারের বৈশিষ্ট্যটি সাধারণ শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে স্বপ্না সাধারণ শেয়ারহোল্ডার।
উদ্দীপকের কোম্পানি থেকে স্বর্ণা অগ্রাধিকার শেয়ার ক্রয় করেন, যে কারণে তিনি সভায় অংশগ্রহণ করতে পারেননি।
যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বণ্টন ও বিলোপসাধনকালীন মূলধন ফেরতে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে বেশি অগ্রাধিকার পেয়ে থাকে তাকেই অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে। এরূপ শেয়ারমালিকদের লভ্যাংশ সর্বপ্রথম দেওয়া হয় এবং কোম্পানির অবসান হলেও প্রথমে এদের মূলধন ফেরত দেওয়া হয়।
উদ্দীপকের 'গোমতি লিমিটেড' একটি স্বনামধন্য কোম্পানি। স্বর্ণা ও স্বপ্না উভয়ে ঐ কোম্পানির শেয়ারহোল্ডার। এদের মধ্যে স্বর্ণার নিকট ৩,০০,০০০ টাকার শেয়ার রয়েছে। কিন্তু তিনি প্রতিবছর নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। বর্তমানে প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য একটি সভা আহ্বান করা হয়। উক্ত সভায় স্বর্ণার ইচ্ছা থাকা সত্ত্বেও অংশগ্রহণ করতে পারেননি।
অগ্রাধিকার 'শেয়ারমালিকগণের লভ্যাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের পূর্বে দেওয়া হলেও এরা মূলত কোম্পানির পাওনাদার। এরা কোম্পানির ভোটে প্রার্থী হতে পারে না, ভোট দিতে পারে না, সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে না, সভায় নিজের মতামত ব্যক্ত করতে পারে না। তাই আমি মনে করি, উদ্দীপকের কোম্পানি থেকে স্বর্ণা অগ্রাধিকার শেয়ার ক্রয় করায় সভায় অংশগ্রহণ করতে পারেননি।
১০. উদ্দীপক
কক্সবাজার সমুদ্র উপকূলের জেলেরা মাছের ন্যায্যমূল্যের জন্য একটি সমবায় সমিতি গঠন করে। ২০২৪ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল নিম্নরূপ:
| বছর | মুনাফা (টাকা) |
|---|---|
| ২০২১ | ৪০,০০০ |
| ২০২২ | ৫০,০০০ |
| ২০২৩ | ৬০,০০০ |
| ২০২৪ | ৭০,০০০ |
সমিতি বিধিবদ্ধ হারে সংরক্ষিত ও উন্নয়ন তহবিল সংরক্ষণ করে।তহবিলের টাকা হতে তারা ৫০,০০০ টাকা মূল্যের একটি নতুন ফ্রিজ ক্রয়ের জন্য চিন্তা করছে।
পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে।
সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিল সংরক্ষণ করতে হয়। অবশ্য সমবায়ের উপবিধিতে উল্লেখ থাকলে অন্যান্য উদ্দেশ্যে অর্জিত মুনাফার সর্বাধিক ১০% সংরক্ষণ করা যায়। বাকি অংশ সাধারণ সভায় সিদ্ধান্তক্রমে শেয়ারগ্রহীতাদের মধ্যে বণ্টন করা হয়।
হিসাবের শর্ত: সংরক্ষিত তহবিলে ন্যূনতম ১৫% ও উন্নয়ন তহবিলে ৩% রাখা হয়। এই উত্তরে সংরক্ষিত তহবিলের হার ন্যূনতম ধরা হয়েছে। সমিতির ক্ষেত্রে প্রযোজ্য পূর্ববর্তী লোকসান সমন্বয়, উপবিধির অন্য বরাদ্দ বা ঋণদানকারী সমিতির কুঋণ তহবিল থাকলে সেগুলোও বিবেচ্য। তাই শুধু ১৫% ও ৩% বাদ দিয়ে পাওয়া ৮২% সব সমিতির জন্য নিঃশর্ত বণ্টনযোগ্য মুনাফা নয়; এখানে অন্য প্রযোজ্য খাত উল্লেখ না থাকলে সরলীকৃত হিসাব প্রযোজ্য।
কক্সবাজার সমুদ্র উপকূলের জেলেরা উৎপাদক সমবায় সমিতি গঠন করেছে।
কতিপয় উৎপাদক তাদের উৎপাদন ও বিক্রয়কার্যকে ফলপ্রসূ করার জন্য যে সমবায় সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এর মাধ্যমে উৎপাদকরা মহাজন বা মধ্যস্থ ব্যবসায়ীদের হাত হতে রক্ষা পায়।
উদ্দীপকে বলা হয়েছে, কক্সবাজার সমুদ্র উপকূলের জেলেরা তাদের আর্থ-সামাজিক কল্যাণের উদ্দেশ্যে একটি সমবায় সমিতি গঠন করে। উক্ত সমিতিটি বৃহদায়তন উৎপাদন এবং ক্রয়-বিক্রয়সহ নানান সুবিধা পেতে গঠিত হয়। এছাড়াও জেলে, কামার, কুমার, তাঁতি, কৃষক যে সমিতি গঠন করে তা উৎপাদন সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, কক্সবাজার সমুদ্র উপকূলের জেলেরা উৎপাদক সমবায় সমিতি গঠন করেছে।
প্রদত্ত তথ্য ও ন্যূনতম সংরক্ষিত তহবিলের হিসাবে সমিতি ফ্রিজ/আইস বক্স কেনার সম্পূর্ণ অর্থ সংরক্ষিত তহবিল থেকে জোগাতে পারবে না।
চার বছরের মোট মুনাফা ৪০,০০০ + ৫০,০০০ + ৬০,০০০ + ৭০,০০০ = ২,২০,০০০ টাকা।
ন্যূনতম ১৫% হিসাবে সংরক্ষিত তহবিল = ২,২০,০০০ × ১৫% = ৩৩,০০০ টাকা। সমবায় সমিতি আইন, ২০০১-এর ৩৪(২) ধারা অনুযায়ী সংরক্ষিত তহবিলের অনধিক ৫০% সমিতির ব্যবসায়ে বিনিয়োগ করা যায়, প্রযোজ্য বিধি ও উপবিধির অনুমোদনপদ্ধতি সাপেক্ষে। ফলে এই উদ্দেশ্যে সর্বোচ্চ ব্যবহারযোগ্য অর্থ = ৩৩,০০০ × ৫০% = ১৬,৫০০ টাকা।
প্রয়োজন ৫০,০০০ টাকা, কিন্তু সর্বোচ্চ ব্যবহারযোগ্য ১৬,৫০০ টাকা। ঘাটতি = ৫০,০০০ − ১৬,৫০০ = ৩৩,৫০০ টাকা। তাই অন্য কোনো অর্থের উৎস না থাকলে সম্পূর্ণ ক্রয়মূল্য এই তহবিল থেকে দেওয়া সম্ভব নয়।
উদ্দীপকে উন্নয়ন তহবিলের উল্লেখও আছে; তা সংরক্ষিত তহবিলের সঙ্গে ইচ্ছামতো যোগ করে ফ্রিজ কেনার অর্থ ধরা যাবে না।
হিসাবের শর্ত: উৎসের ন্যূনতম ১৫% হারে তহবিল সংরক্ষণ, কোনো পূর্ববর্তী অতিরিক্ত উদ্বৃত্ত না থাকা ধরা হয়েছে; বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য বিধি ও উপবিধির অনুমোদনপদ্ধতি অনুসরণ করতে হবে।
১১. উদ্দীপক
শব্দ, বায়ু, পানি, মাটি ইত্যাদির দূষণ থেকে পরিবেশ সুরক্ষাকেই পরিবেশ সংরক্ষণ বলে।
পরিবেশ এবং ব্যবসায় পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত। সুষ্ঠু পরিবেশ ছাড়া ব্যবসায় প্রতিষ্ঠা ও উন্নতি লাভ করা যায় না। নানা কারণে পরিবেশ দূষিত হতে পারে। শিল্পের বর্জ্য নদনদীতে মিশে পানি দূষিত করছে। ফলে পানি বিষাক্ত হয়ে পড়ছে। শিল্প স্থাপনের জন্য গাছ ও পাহাড় কেটে পরিবেশকে দূষিত করা হচ্ছে। তাছাড়া খালবিল ভরাট,নদীভাঙন, যানবাহনের কালো ধোঁয়া, যানবাহন ও যন্ত্রপাতির বিকট আওয়াজ শব্দ দূষণ বাড়াচ্ছে। এরূপ দূষণের হাত হতে পরিবেশ রক্ষা করাকে পরিবেশ সংরক্ষণ বলা যেতে পারে।
উদ্দীপকের মি. সুমন তার প্রথম পর্যায়ের কাজগুলোর মাধ্যমে সমাজের শ্রমিক-কর্মীদের প্রতি দায়িত্ব পালন করছেন।
ব্যবসায়ে শ্রমিক কর্মচারীরা যে শ্রম দিয়ে থাকে তার বিপরীতে শ্রমিকদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে শ্রমিক-কর্মচারীদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ব্যবসায়ের অন্যতম উপাদান হলো শ্রমিক ও কর্মীবৃন্দ। এদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া ব্যবসায় পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব।
উদ্দীপকের মি. সুমন একজন ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারীদের যথাসময়ে বেতন প্রদান করেন। এছাড়াও বিভিন্ন উৎসবে বোনাস প্রদান ও বার্ষিক বনভোজনের আয়োজন করেন। তার এই কার্যক্রমগুলো ব্যবসায়ীদের শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব পালনের মধ্যে পড়ে। তাই বলা যায়, মি. সুমন তার প্রথম পর্যায়ের কাজগুলোর মাধ্যমে সমাজের শ্রমিক-কর্মীদের প্রতি দায়িত্ব পালন করছেন।
মি. সুমন তার দ্বিতীয় পর্যায়ের কাজ অর্থাৎ সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে ব্যবসায়ে সুবিধা পেতে পারেন।
ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। এই দায়িত্বগুলোর মধ্যে রয়েছে- জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো; এলাকায় স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাস স্থাপন; গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট সুবিধা প্রদান ইত্যাদি।
উদ্দীপকের মি. সুমন একজন ব্যবসায়ী। তিনি শীতকালে শীতার্তদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনুষ্ঠানে আর্থিক সাহায্য প্রদান করে থাকেন। মি. সুমনের এসব কর্মকাণ্ড সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের মধ্যে পড়ে।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই বর্তমানে মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর প্রতিও দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকের মি. সুমনও তাই মুনাফা অর্জনের পাশাপাশি সাধারণ সম্প্রদায়ের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এতে করে সমাজের নিকট তার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে এবং তিনি ব্যবসায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।