১. উদ্দীপক
সংযোজিত মূল্য ও রূপান্তর ব্যয়ের অনুপাতকে আর্থিক উৎপাদনশীলতা বলে।
আর্থিক উৎপাদনশীলতার মাধ্যমে সাধারণত প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার ধারণা পাওয়া যায়। মূলত বিক্রয়মূল্য থেকে কাঁচামালের ব্যয় বাদ দিলে সংযোজিত মূল্য পাওয়া যায়। আবার কাঁচামালকে প্রকৃত পণ্যে রূপান্তর করতে যে ব্যয় হয় তাকে রূপান্তর ব্যয় বলে। উক্ত সংযোজিত মূল্যকে রূপান্তর ব্যয় দিয়ে ভাগ করে আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করা যায়। আর্থিক উৎপাদনশীলতা = সংযোজিত মূল্য/রূপান্তর ব্যয়।
জনাব বাবুলের কার্যক্রম উৎপাদনের কৃষি খাতের অন্তর্ভুক্ত।
উৎপাদনের যে খাত আমাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শিল্পের কাঁচামাল সরবরাহ করে তাকে কৃষি খাত বলে। কৃষি খাত হলো উৎপাদনের সবচেয়ে প্রাচীন খাত। আবাদি জমি চাষ, ফসল উৎপাদন, বিভিন্ন পশুপাখির খামার ইত্যাদি কৃষি খাতের অন্তর্গত।
উদ্দীপকে জনাব বাবুল যশোরের গদখালীতে ক্রয়কৃত নিজস্ব ৫ একর জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করেন। তিনি উৎপাদিত ফুল বিভিন্ন দিবসে ব্যবহারের জন্য বিভিন্ন মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বিক্রির ব্যবস্থা করে লাভবান হন। এখানে দেখা যাচ্ছে, তার কর্মকাণ্ডের মূলে রয়েছে ফুল চাষ করা। উক্ত ফুল চাষ কৃষি খাতের অন্তর্গত।
জনাব বাবুলের সমস্যা সমাধানে আমার সুপারিশ হলো নিজস্ব পরিবহন ব্যবস্থা; যা স্থানগত উপযোগ সৃষ্টি করে।
পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়। এক্ষেত্রে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়।
উদ্দীপকে জনাব বাবুল যশোরের গদখালীতে ক্রয়কৃত নিজস্ব ৫ একর জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করেন এবং তা বিভিন্ন শহরে সরবরাহ করেন। চলতি বছরে ফুলের যথেষ্ট চাহিদা ও বাম্পার ফলন হলেও নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় তিনি যথাসময়ে ফুল বিক্রয় করতে ব্যর্থ হন। ফলে যথেষ্ট লোকসানের সম্মুখীন হন। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। এখানে দেখা যাচ্ছে, তার চিন্তার মূল কারণ হলো নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকা। তাই তার উচিত ভবিষ্যতে এ ধরনের সমস্যা মোকাবিলার জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা করা, যা স্থানগত উপযোগ সৃষ্টি করবে।
যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। উদ্দীপকেও একইভাবে জনাব বাবুল ফুলের চাহিদা পূরণের জন্য বিভিন্ন শহরে ফুল সরবরাহ করেন। তবে তার নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় বিষয়টি নিয়ে তিনি চিন্তিত। তাই আমার সুপারিশ হলো নিজস্ব পরিবহনের ব্যবস্থা করে স্থানগত উপযোগ সৃষ্টি করা। এতে সঠিক সময়ে ফুল সরবরাহ করে তিনি ব্যবসায়িক সফলতা অর্জন করতে পারবেন বলে আশা করা যায়। এর
২. উদ্দীপক
যে কোনো জিনিসের আকার-আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে।
এক্ষেত্রে দ্রব্যের রূপ পরিবর্তন ঘটে বিধায় একে রূপগত উপযোগ নামে অভিহিত করা হয়। কাঠ থেকে আসবাবপত্র, মাটি থেকে ইট, লোহা থেকে যন্ত্রপাতি- এভাবে হাজারো জিনিসের রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী করা হচ্ছে। সেবাদানকারী শিল্প ব্যতীত প্রস্তুত, নির্মাণ, নিষ্কাশন সব ধরনের শিল্পই এ ধরনের উপযোগ সৃষ্টি বা উৎপাদনের কাজে জড়িত থাকে।
২০২৪ সালের মীম গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা নির্ণয়:
আমরা জানি,
মোট উৎপাদনশীলতা = মোট উৎপাদন মূল্য ÷ মোট উপকরণ ব্যয়
= মোট উৎপাদন মূল্য ÷ (কাপড় ও কাঁচামাল + শ্রম + যন্ত্রপাতি + অন্যান্য ব্যয়)
= ১০,০০,০০,০০০ ÷ (৪,০০,০০,০০০ + ১,০০,০০,০০০ + ২,০০,০০,০০০ + ১,০০,০০,০০০)
= ১০,০০,০০,০০০ ÷ ৮,০০,০০,০০০ = ১.২৫।
'মীম গার্মেন্টস'-এর যন্ত্রপাতির উৎপাদনশীলতার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থার মূল্যায়নের জন্য যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করা হলো:
আমরা জানি,
যন্ত্রের উৎপাদনশীলতা = মোট উৎপাদন মূল্য ÷ মোট যন্ত্রপাতির ব্যয়
= ১০,০০,০০,০০০ ÷ ২,০০,০০,০০০ = ৫।
**মন্তব্য: **উদ্দীপকে 'মীম গার্মেন্টস'-এর ২০২৩ সালের যন্ত্রপাতির উৎপাদনশীলতা ছিল ৬ টাকা। ২০২৪ সালে তা হ্রাস পেয়ে ৫ টাকা হয়; যা বিগত বছরের তুলনায় কম। প্রতিষ্ঠানটির যন্ত্রের উৎপাদনশীলতা হ্রাস পাওয়ায় বলা যায়, তাদের বর্তমান অবস্থা সন্তোষজনক নয়। এরূপ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে যন্ত্রপাতির উৎপানশীলতা বৃদ্ধি করার যথাযথ ব্যবস্থা গ্রহণ কর উচিত।
৩. উদ্দীপক
'মূলধন গঠন জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে'- উক্তিটি সঠিক ও যথার্থ।
মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে মূলধন গঠন বলে। মূলধন গঠনের মাধ্যমে সঞ্চিত অর্থকে পুঁজিতে রূপান্তর করা হয়। উক্ত পুঁজি বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়; যা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। দেশের অভ্যন্তরে ও বাইরে বিনিয়োগের মাধ্যমে মোট দেশজ উৎপাদন ও জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়; যা প্রকৃতপক্ষে জাতীয় আয় বৃদ্ধি করে। এভাবে মূলধন গঠন একটি দেশের জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে।
উদ্দীপকে উল্লিখিত জনাব আকাশের অর্থ জমা করা মূলধন গঠনের সঞ্চয় পর্যায়ের সাথে সম্পর্কযুক্ত।
কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সমাজ তার মূলধন সম্পদের যে পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয় তাকে মূলধন গঠন বলে। মানুষ যা আয় করে তা থেকে প্রথমে তার ভোগ ব্যয় নির্বাহ করে। উক্ত ভোগ ব্যয়ের পরে যদি কোনো অংশ অবশিষ্ট থাকে তাহলে তা সঞ্চয় সৃষ্টি করে।
উদ্দীপকে জনাব আকাশ কক্সবাজারে একটি ফার্মে চাকরি করেন। তিনি তার অর্জিত আয় থেকে প্রতিমাসে ১০,০০০ টাকা ব্যাংকে জমা করেন। তার জমাকৃত অর্থ এবং নিজের কিছু সম্পদ বিক্রয় করে ১০,০০,০০০ টাকা দিয়ে তিনি কক্সবাজারে একটি শুঁটকি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখানে দেখা যাচ্ছে, জনাব আকাশ তার আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট অংশ ব্যাংকে জমা করেন। উক্ত জমাকৃত অর্থ মূলধন গঠনের সঞ্চয় পর্যায়ের অন্তর্ভুক্ত।
জনাব আকাশের ব্যবসায়িক সাফল্যের কারণ হলো তার সাংগঠনিক দক্ষতা তথা উৎপাদনের সংগঠন উপাদান।
যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদন কার্য সম্পাদন করে। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদের কার্য বণ্টন ও কর্তৃত্ব অর্পণ করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনকে ত্বরান্বিত করতে সংগঠন প্রধান ভূমিকা পালন করে থাকে।
উদ্দীপকে জনাব আকাশ তার জমাকৃত অর্থ এবং নিজের কিছু সম্পদ বিক্রয় করে ১০,০০,০০০ টাকা দিয়ে কক্সবাজারে একটি শুঁটকি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি জেলেদের নিকট থেকে মাছ ক্রয় করে কিছু শ্রমিক নিয়োগ করে সূর্যের তাপে শুকিয়ে শুঁটকি তৈরি করেন। শুঁটকি প্রস্তুত ও বিক্রয়কার্য তিনি নিজেই তত্ত্বাবধান করেন। এতে অল্প সময়ের মধ্যে তিনি তার ব্যবসায়ে ব্যাপক সাফল্য অর্জন করেন। এখানে দেখা যাচ্ছে, জনাব আকাশ উৎপাদনের সকল উপাদানের সমন্বয় করেছেন। তিনি প্রথমে মূলধন বিনিয়োগ করেন। পরবর্তীতে শুঁটকি শুকানোর জন্য ভূমির ব্যবহার করেন। আবার শ্রমিক নিয়োগ দিয়ে সকল কাজ তত্ত্বাবধানও করেন। তার এ সকল কর্মকাণ্ড উৎপাদনের সংগঠন উপকরণকে নির্দেশ করে।
একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে শক্তিশালী সংগঠন কাঠামো অপরিহার্য। কারণ একটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে তার উপকরণগুলো সঠিক ব্যবহারের ওপর। সংগঠন হলো উৎপাদনের এমন একটি উপকরণ যার মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্রিত করে এদের মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়। এতে উৎপাদনের কাম্য ব্যবহার নিশ্চিত হয় এবং উপকরণসমূহের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। অনুরূপভাবে উদ্দীপকেও জনাব আকাশের তথা সংগঠন উপকরণের প্রভাবেই প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
৪. উদ্দীপক
শ্রমিকের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী তাদের কাজ ভাগ করে দেওয়াকে শ্রমবিভাগ বলে।
প্রতিষ্ঠানে নিয়োজিত সকল শ্রমিকের যোগ্যতা একই রকম থাকে না। তাই শ্রমবিভাগের মাধ্যমে শ্রমিকদের কাজ নির্দিষ্ট করা হয়। শ্রমবিভাগের ফলে একজন শ্রমিককে দিনের পর দিন একই কাজ করতে হয়। এক্ষেত্রে একজন শ্রমিক সরসময় একই কাজ করার কারণে উক্ত কাজটি একঘেয়ে এবং আনন্দহীন হয়ে পড়ে। তাই বলা হয়েছে, শ্রমবিভাগের ফলে শ্রমিকদের মধ্যে একঘেয়েমিত্ব সৃষ্টি হয়; যা সঠিক ও যথার্থ।
উল্লিখিত উদ্দীপকে ধান উৎপাদনে ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।
সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি।
উদ্দীপকে নওগাঁর মাটি ও জলবায়ু ধান চাষের উপযোগী হওয়ায় এ অঞ্চলে প্রচুর উন্নতজাতের ধান উৎপন্ন হয়। একারণে জনাব কামাল নিজস্ব জমিতে একটি রাইস মিল স্থাপন করেন। তিনি তার মিলে উৎপাদিত চাল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকেন। এখানে দেখা যাচ্ছে, জনাব কামাল ধান উৎপাদনে নওগাঁর ভূখণ্ড ও আবহাওয়াকে ব্যবহার করেছেন। উক্ত ভূখণ্ড প্রাকৃতিক দান, এর উৎপাদন ব্যয় নেই এবং মানুষ তা তৈরি বা সৃষ্টি করতে পারে না। এ সকল বৈশিষ্ট্য দ্বারা প্রতীয়মান হয় যে, উদ্দীপকের ধান উৎপাদনে উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।
জনাব কামালের চাল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তটি যৌক্তিক। এক্ষেত্রে তিনি উৎপাদনের মূলধন উপকরণ ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
যে সকল সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধনকে উৎপাদনের চালিকাশক্তি বা জীবনীশক্তিও বলা হয়। এটি উৎপাদনের উৎপাদিত উপাদান।
উদ্দীপকে জনাব কামাল প্রাথমিক পর্যায়ে উৎপাদনের ভূমি উপকরণ ব্যবহার করে ধান চাষ করেন। উৎপাদিত চালের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতিযোগিতার যুগে এই বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অটোরাইস মিল স্থাপনের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে তার পরিকল্পিত ঋণ মূলধন হিসেবে একটি সম্পদ হবে; যা পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করবে। উক্ত বৈশিষ্ট্যের কারণে বলা যায়, জনাব কামালের ঋণকৃত অর্থ মূলধনের অন্তর্গত।
প্রাকৃতিক সম্পদে মানুষ শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করে পণ্যদ্রব্য উৎপাদন করে এবং সেই পণ্যদ্রব্যগুলো যখন পুনরায় আয় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন তাকে মূলধন বলে। উদ্দীপকে চালের চাহিদার ওপর ভিত্তি করে জনাব কামাল ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেন। উক্ত ঋণকৃত অর্থ উৎপাদন কাজে বিনিয়োগ করলে পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়ক হবে; যা মূলধন হিসেবে বিবেচিত। উদ্দীপকে লক্ষণীয় যে, চালের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, প্রতিযোগিতা মোকাবিলা ও ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে ঋণ গ্রহণের মাধ্যমে জনাব কামালের চাল উৎপাদনের সিদ্ধান্তটি যৌক্তিক।
৫. উদ্দীপক
সঞ্চয়ের গতিশীলতা বলতে বোঝায় সঞ্চয়ের পরিমাণ ও ব্যবহারে পরিবর্তন বা চলনশীলতা।
মানুষের আয় থেকে ভোগ ব্যয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় বলে। একজন মানুষ বা পরিবার যখন আয় করে, তখন তারা প্রয়োজন মেটানোর পর কিছু টাকা সঞ্চয় করে। সময়ের সাথে সাথে সেই সঞ্চয়ের পরিমাণ বাড়তে পারে, আবার কমতেও পারে। কখনো তারা বেশি আয় করলে বেশি সঞ্চয় করতে পারে, আবার কোনো সময়ে খরচ বেড়ে গেলে সঞ্চয় কমে যেতে পারে। এছাড়া অর্থনৈতিক অবস্থা, চাহিদা, মূল্যস্ফীতি, বিনিয়োগের সুযোগ ইত্যাদিও সঞ্চয়ের গতিশীলতাকে প্রভাবিত করে।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে অংশীদারি ব্যবসায় সংগঠনের অন্তর্ভুক্ত।
দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। চুক্তি এ ব্যবসায়ের মূলভিত্তি। অংশীদারগণ চুক্তির বাইরে কোনো কার্যক্রম সম্পাদন করতে পারে না।
উদ্দীপকে জব্বার, আকবর ও সহিদ তিন বন্ধু মিলে লিখিত চুক্তি সম্পাদনের মাধ্যমে পাবনাতে একটি অটোরাইচ মিল স্থাপন করেন। এর থেকে অর্জিত মুনাফা তারা মূলধন অনুপাতে ভাগ করেন। উক্ত সংগঠনের বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম পর্যায়ের সংগঠনটি অংশীদারি ব্যবসায় সংগঠন।
উদ্দীপকে উল্লিখিত তিন বন্ধু পরবর্তীতে অংশীদারি সংগঠনের পরিবর্তে যৌথমূলধনি সংগঠন গড়ে তোলেন। তাদের ব্যবসায়ের ধরন পরিবর্তনের এমন সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অন্যদিকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি দেশের প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী যে সংগঠন গড়ে তোলে তাকে যৌথমূলধনি সংগঠন বলে।
উদ্দীপকে জব্বার, আকবর ও সহিদ তিন বন্ধু মিলে লিখিত চুক্তি সম্পাদনের মাধ্যমে পাবনাতে একটি অংশীদারভিত্তিক অটোরাইচ মিল স্থাপন করেন। উক্ত অটো মিলে উৎপাদিত চালের মান ভালো হওয়ায় অল্প সময়ের মধ্যেই তারা ব্যাপক সাফল্য অর্জন করেন। বর্তমানে তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য মূলধন বাজার হতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আইন অনুযায়ী নিবন্ধিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাদের এ কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি যৌথমূলধনি কোম্পানিতে রূপান্তরিত হবে। কেননা একমাত্র যৌথমূলধনি কোম্পানি মূলধন বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমে অংশীদারি ব্যবসায় ছিল। কিন্তু অংশীদারি ব্যবসায়ের সীমিত মূলধন এবং স্থায়িত্বের অনিশ্চয়তা রয়েছে। তাই উদ্দীপকের তিন বন্ধু তাদের ব্যবসায়ের ধরন পরিবর্তন করে আইনসৃষ্ট ও সসীম দায়সম্পন্ন কোম্পানি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে তারা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন। তাছাড়া কোম্পানি আইনসৃষ্ট প্রতিষ্ঠান হওয়ায় সহজে এর বিলোপ হয় না। তাই তাদের প্রাথমিক সাফল্যের কথা বিবেচনায় উদ্দীপকে উল্লিখিত তিন বন্ধুর ব্যবসায়ের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করছি।
৬. উদ্দীপক
উৎপাদনশীলতার চ্যালেঞ্জ উৎপাদনশীলতার ওপর সৃষ্ট বাধাকে নির্দেশ করে।
উৎপাদন ও উৎপাদনের উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। মূলত ঝুঁকি ও অনিশ্চয়তা, ব্যয় বৃদ্ধি, বিক্রয়ের পরিমাণ হ্রাস, প্রযুক্তিগত দুর্বলতা ইত্যাদি কারণে উৎপাদনশীলতার ওপর বাধার সৃষ্টি হয়। উৎপাদনকারীকে উক্ত বাধা বা চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন বৃদ্ধির প্রয়াস চালাতে হয়। অন্যথায় উৎপাদনশীলতায় ঋণাত্মক প্রভাব দেখা দেয়।
জনাব নাঈম উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের শিল্প বিপ্লবের প্রাথমিক যুগের উৎপাদন ব্যবস্থাপক।
১৭৫০ সাল থেকে ১৮৫০ সালের সময়কালকে শিল্পবিপ্লবের প্রাথমিক যুগ বলা হয়। এ যুগে উৎপাদনে যন্ত্র প্রবর্তন হয় ও শ্রমবিভাগের আবির্ভাব ঘটে। এছাড়া শ্রমিকের দক্ষতা অনুযায়ী তাদের বেতন ও মজুরি নির্ধারণের ওপর বিভিন্ন মতবাদ প্রদান করা হয়। জেমস স্টুয়ার্ট, এডাম স্মিথ, চার্লস ব্যাবেজ প্রমুখ এ যুগে ব্যাপক অবদান রাখেন।
উদ্দীপকে জনাব নাঈম একটি প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপক হিসেবে যোগদান করার পর নতুন নতুন আবিষ্কৃত যন্ত্রপাতির ব্যবহার শুরু করেন এবং শ্রমবিভাগ পদ্ধতির প্রবর্তন করেন। ফলে প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান বেশ ভালো হয়। এখানে জনাব নাঈমের প্রতিষ্ঠানে নতুন যন্ত্রের ব্যবহার, শ্রমবিভাগ পদ্ধতি শিল্পবিপ্লবের প্রাথমিক যুগকে নির্দেশ করে।
জনাব রায়হানের ব্যবসায় সফতার কারণ হলো উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের আধুনিক যুগ অনুসরণ।
উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান সময়কালকে আধুনিক যুগ বলা হয়। ১৯৫০ সালের পর এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগে উৎপাদনে আধুনিক কৌশল, কম্পিউটারাইজড পদ্ধতি ও বিভিন্ন পরিসংখ্যানিক তত্ত্ব ব্যবহার করা হয়।
উদ্দীপকে জনাব নাঈম উৎপাদনের ক্ষেত্রে শিল্পবিপ্লবের প্রাথমিক যুগকে অনুসরণ করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হন। অন্যদিকে জনাব রায়হান উৎপাদন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, PERT, CPM ব্যবহার করে কার্যকর ও মানসম্মত পণ্য উৎপাদন ও বিক্রয় করেন। প্রতিষ্ঠানটির পণ্যের মান অধিকতর উন্নত হয় এবং উৎপাদন ব্যয় অনেকাংশে কমে যায়। ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক হারে মুনাফা অর্জনে সক্ষম হয়। এক্ষেত্রে জনাব রায়হানের কর্মকাণ্ড উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক যুগকে নির্দেশ করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব ও কৌশলে ব্যাপক অগ্রগতি হয়। এ সময় উৎপাদন ব্যবস্থাপনায় PERT, CPM, Linear Programming সহ বিভিন্ন পদ্ধতি চালু হয়। এরপর কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তোলে। উৎপাদনের সমস্যা সমাধানে আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল প্রয়োগ করা হয়। এ সকল ব্যবস্থাই হলো আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাপনা। অনুরূপভাবে উদ্দীপকেও আধুনিক যুগ অনুসরণ করে জনাব রায়হান অল্প সময়ে ব্যবসায়ে সাফল্য অর্জনে সক্ষম হন।
৭. উদ্দীপক
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি উৎপাদনের সেবাখাতের সাথে জড়িত।
উৎপাদনের যে খাত কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন না করে এমন কিছু বিষয় উৎপাদন করে যা মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবাখাত বলে। মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে সেবাখাত অন্যতম। বর্তমান বিশ্বায়নের যুগে সেবাখাতের প্রবৃদ্ধি দ্রুত বাড়ছে। হাসপাতাল, পর্যটন হোটেল, শিক্ষালয়, সেলুন, পরিবহন, আইটি পার্ক ইত্যাদি সেবাখাতের অন্তর্গত।
উদ্দীপকে মিসেস সেবু গুলশানে একটি বিউটি পার্লার স্থাপন করেন। যেখানে ক্রেতাদের পছন্দ অনুযায়ী চুল কাটা, হেয়ার স্টাইল করা, ফেসিয়াল করা, কনে সাজানো ইত্যাদি কার্য সম্পাদন করা হয়। উল্লিখিত প্রতিষ্ঠানটি কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন করছে না, বরং এমনকিছু সুবিধা প্রদান করছে যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। তাই বলা যায়, মিসেস সেবুর প্রতিষ্ঠানটি উৎপাদনের সেবাখাতের অন্তর্গত।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হচ্ছে কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা।
ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা অর্জন ত্বরান্বিত হয়।
উদ্দীপকে মিসেস সেবু গুলশানে একটি বিউটি পার্লার স্থাপন করেন। এখানে তিনি ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন বিউটি সেবা প্রদান করেন। এছাড়া এখানে বিশেষ শ্রেণির গ্রাহকের জন্য থেরাপির অংশ হিসেবে মাথা মেসেজ ও বডি মেসেজ করে দেওয়া হয়। ফলে পার্লারটির ক্রেতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রেতাদের আস্থা ও নির্ভরশীলতার কারণে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে সফলতা লাভে সক্ষম হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিশেষ ক্রেতাদের জন্য তাদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত যে সেবা প্রদান করে তা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতার অন্তর্গত।
ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য রা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। অনুরূপভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিও ক্রেতাকেন্দ্রিকতাকে গুরুত্ব দেওয়ার কারণে ব্যাপক সফলতা অর্জন করে।
৮. উদ্দীপক
ক্রেতা আকৃষ্ট ও পণ্যকে সংরক্ষিত রাখার জন্য পণ্যের আবরণ ডিজাইন করাকে প্যাকিং ডিজাইন বলে।
বেশি পরিমাণে ক্রেতা আকর্ষণের মাধ্যমে বিক্রি বাড়ানো ও পণ্যকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে প্যাকিং ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যাকিং ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানের কোনো পরিবর্তন না করে আকর্ষণীয় মোড়ক ব্যবহার করা হয়। এছাড়াও পণ্যকে সুরক্ষিত রাখতে প্যাকিং ডিজাইন আবশ্যক। এছাড়া বিশেষ কিছু পণ্যের মান বজায় রাখতে মোড়কিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, 'প্যাকিং ডিজাইন পণ্যের গুণগত মান বজায় রাখতে সহায়তা করে'- উক্তিটি সঠিক ও যথার্থ।
উদ্দীপকে উল্লিখিত পণ্যটি ডিজাইনের ধারণা উন্নয়ন স্তরে আছে।
পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থিরকরণের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। ধারণা উন্নয়ন পণ্য ডিজাইনের দ্বিতীয় পর্যায়। পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উক্ত পণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্যের ধারণা উন্নয়ন করা হয়।
উদ্দীপকে জনাব লিটন একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি নতুন একটি পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে ভোক্তা জরিপ ও বাজার গবেষণা করেন এবং ক্রেতার রুচি ও পছন্দ, প্রতিযোগী প্রতিষ্ঠানসমূহের তৎপরতা ইত্যাদি বিষয় পর্যালোচনা করলেন। এখানে দেখা যাচ্ছে, জনাব লিটন যেসব কাজ সম্পাদন করেন তা ক্রেতা বা ভোক্তাকেন্দ্রিক। তিনি বিভিন্ন মাধ্যমে বাজার তথ্য সংগ্রহ ও ক্রেতাদের চাহিদা প্রাক্কলন করেন; যা ধারণা উন্নয়ন পর্যায়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ বলা যায়, জনাব লিটন পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে রয়েছেন।
জনাব লিটন পরীক্ষামূলকভাবে স্বল্প পরিমাণ পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন; যা চূড়ান্ত পণ্য উৎপাদনের জন্য একটি যৌক্তিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।
চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করার পূর্বে স্বল্প পরিমাণ পণ্য উৎপাদন করে পণ্যের গ্রহণযোগ্যতা যাচাই করার প্রক্রিয়াকে পরীক্ষামূলক উৎপাদন বলে। প্রতিষ্ঠানের নতুন ডিজাইনকৃত পণ্যটির যদি উৎপাদনের সামর্থ্য থাকে তবে স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে উৎপাদন করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে মূলত নতুন ডিজাইনকৃত পণ্য বা সেবা চূড়ান্ত উৎপাদন করা সম্ভব কিনা তা নির্ধারণ করা হয়।
উদ্দীপকে জনাব লিটন একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি নতুন একটি পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তিনি প্রথমে ভোক্তাকেন্দ্রিক ধারণা উন্নয়ন করেন। পরবর্তী পর্যায়ে তিনি দেখলেন নতুন পণ্যটি ক্রেতারা পছন্দ করবে তবে প্রয়োজনীয় কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মী নিয়োগ ও প্রযুক্তি ব্যবহারে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রতিযোগী পণ্যের সাথে প্রতিযোগিতার বাজারে নাও টিকতে পারে। তাই তিনি চূড়ান্তভাবে পণ্যটি উৎপাদনের পূর্বে স্বল্প পরিসরে পণ্যটি উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই স্বল্প পরিসরে পণ্য উৎপাদন পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ের অন্তর্ভুক্ত।
সাধারণত পরীক্ষামূলক উৎপাদন স্তরে নতুন ডিজাইন অনুযায়ী পণ্য স্বল্প পরিমাণে উৎপাদন করে বাজারে সরবরাহ করা হয়। এক্ষেত্রে পণ্যটি যদি ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলে এর সুবিধা-অসুবিধা বিবেচনা করে প্রতিষ্ঠানটি চূড়ান্ত উৎপাদনে যায়। এক্ষেত্রে চূড়ান্ত উৎপাদনের মাধ্যমেই একটি প্রতিষ্ঠান তার পণ্যের জন্য সার্বিকভাবে বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করে থাকে। এছাড়া পরীক্ষামূলক উৎপাদনের পরে চূড়ান্ত উৎপাদনের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের সুযোগ পেয়ে থাকে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে জনাব লিটন পণ্য ডিজাইনের যে পরীক্ষামূলক উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন তা যৌক্তিক ও যথার্থ।
৯. উদ্দীপক
পণ্য উৎপাদনের পূর্বে পণ্যের আকার-আকৃতি, গুণাগুণ, রং, ওজন, মান প্রভৃতি নির্ধারণ করাই হলো পণ্য ডিজাইন।
পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের চাহিদা পূরণ করা। ক্রেতারা কেমন পণ্য চায় তার ওপর ভিত্তি করে পণ্য ডিজাইন করা উচিত। কারণ ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যের উপযোগিতা না থাকলে তারা কেউ সেসব পণ্য গ্রহণ করবে না। তবে ক্রেতার চাহিদা সকল সময় একই রকম থাকে না। তাই উৎপাদনকারী ক্রেতার পরিবর্তিত চাহিদার কথা বিবেচনা করে পণ্য ডিজাইন করেন। সুতরাং বলা যায়, পণ্য ডিজাইনে ভোক্তাদের রুচির পরিবর্তন বিবেচনা করা হয়।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি নান্দনিক পণ্য ডিজাইন অনুসরণ করেছে।
ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়। যেমন একটি কাঠের তৈরি আসবাবপত্রের গুণাগুণ পরিবর্তন না করে শুধু এর বাইরের নকশা পরিবর্তন করা।
উদ্দীপকে মিস সুমা ফ্যাশন ডিজাইনের ওপর পড়ালেখা শেষ করে 'সুমা ফ্যাশন' নামক একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন। সারা বছর ধরে ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ী, আকর্ষণীয় বৈশিষ্ট্য সম্পন্ন পোশাকের ডিজাইন করেন। এখানে দেখা যাচ্ছে, সুমা ফ্যাশন পণ্য উৎপাদনে পণ্যের গুণাগুণের দিকে গুরুত্ব না দিয়ে এর বাহ্যিক দিক ডিজাইন করার ওপর গুরুত্ব প্রদান করে; যা নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনকে প্রকাশ করে।
সুমা ফ্যাশন হাউজের সাফল্যের কারণ হলো বাংলাদেশের প্রেক্ষিতে বিশেষ দিবস উপলক্ষ্যে পণ্য ডিজাইন।
একটি পণ্য তৈরির পূর্বে পণ্যের আকার-আকৃতি, মান, রং, ওজন, মোড়কসহ বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে। বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপট তথা ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ দিবস, ঋতু, উপসংস্কৃতি ইত্যাদি অনুযায়ী পণ্য ডিজাইন করা হয়।
উদ্দীপকে মিস সুমা ফ্যাশন ডিজাইনের ওপর পড়ালেখা শেষ করে 'সুমা ফ্যাশন' নামক একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন। সারা বছর তিনি নান্দনিক ডিজাইনের পোশাক ডিজাইন করেও কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারেননি। তাই তিনি প্রতিবছর মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও অন্যান্য দিবস উপলক্ষ্যে দেশের ঐতিহ্য ও কৃষ্টি বিবেচনায় রেখে পোশাকের নতুন নতুন ডিজাইন করে থাকেন। এতে তার বিক্রয় উক্ত সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি পায় ও প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সক্ষম হয়। অর্থাৎ তার সফলতার মূল কারণ আমাদের দেশের বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে পণ্য ডিজাইন।
বিভিন্ন দেশের বিশেষ দিবস ও ধর্মীয় অনুভূতির ভিত্তিতে মানুষের রুচিবোধে পার্থক্য লক্ষ করা যায়। এ বিষয়টি নির্ভর করে ঐ এলাকা বা দেশের মানুষের সংস্কৃতির ওপর। একেক দেশের ধর্মীয় উৎসব ও বিশেষ দিবস ভিন্ন। তাই প্রত্যেক দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন পরিপ্রেক্ষিতে পণ্য ডিজাইন করা হয়। একইভাবে উদ্দীপকে মিস সুমা বাংলাদেশের বিভিন্ন দিবসের আলোকে পণ্য ডিজাইন করেন; যা তার সাফল্যের মূল কারণ।
১০. উদ্দীপক
বাজারে নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠানের পণ্য, সেবা ও প্রক্রিয়া পরিমাপের একটি ধারাবাহিক ও পদ্ধতিগত কৌশল হলো বেঞ্চমার্কিং।
বেঞ্চমার্কিং হলো পণ্যের মান উন্নয়নের একটি অন্যতম কৌশল। এর মাধ্যমে বাজারে নেতৃত্বপ্রদানকারী প্রতিষ্ঠানের কার্যাবলি মূল্যায়ন করে নিজেদের কাজে ধারাবাহিক উন্নয়ন করার চেষ্টা করে। এর সাহায্যে বাজারে প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের মানকে আদর্শ মান ধরে তার আলোকে নিজ প্রতিষ্ঠানের মান উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। ফলে পণ্যের মানের উন্নয়ন ঘটে।
উল্লিখিত উদ্দীপকে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত মূল্যায়ন ব্যয়ের কথা বলা হয়েছে।
একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য যে ব্যয় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। নিম্নমানের পণ্য পরীক্ষা করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিভিন্ন ব্যয় বহন করতে হয়। পরীক্ষণ, পরিদর্শন ও পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে জনাব জাকির রাজশাহীতে একটি আমের জুস কারখানা গড়ে তোলেন। তিনি নিজের বাগানের আম দিয়ে জুস তৈরি করেন এবং তা সারাদেশে বিক্রয় করেন। কিন্তু ক্রেতাদের নিকট থেকে অভিযোগ আসায় তার উৎপাদিত জুসের মান যাচাইয়ের জন্য ল্যাবরেটরিতে পরীক্ষা করান এবং উক্ত জুস নিম্নমানের বলে বিবেচিত হয়। ল্যাবরেটরিতে উক্ত পরীক্ষাসংক্রান্ত ব্যয় মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত।
মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় জনাব জাকিরের উৎপাদিত জুসের জনপ্রিয়তার কারণ হলো পণ্যের মান নিয়ন্ত্রণ।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা তদারকি করা এবং কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধনের ব্যবস্থা করাকে মান নিয়ন্ত্রণ বলে। মান ব্যবস্থাপনার প্রেক্ষাপটে মান নিয়ন্ত্রণ সর্বপ্রথম ধারণা। এক্ষেত্রে নির্ধারিত মানের সাথে উৎপাদিতব্য পণ্যের মান তুলনা করে পণ্যের মান নিশ্চিত করা হয়।
উদ্দীপকে জনাব জাকির রাজশাহীতে একটি আমের জুস কারখানা গড়ে তোলেন। ক্রেতাদের নিকট থেকে অভিযোগ আসায় তার উৎপাদিত জুসের মান যাচাইয়ের জন্য ল্যাবরেটরিতে পরীক্ষা করান এবং উক্ত জুস নিম্নমানের বলে বিবেচিত হয়। তাই তিনি উপযুক্তমান বজায় রাখার জন্য পূর্বনির্ধারিত মান অনুযায়ী জুস উৎপাদিত হচ্ছে কিনা তা যাচাই করেন এবং কোথাও সমস্যা বা ত্রুটি-বিচ্যুতি ঘটলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। উক্ত কার্যক্রম মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট মান নিয়ন্ত্রণকে নির্দেশ করে।
মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখা সম্ভব। এতে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি করে এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। উৎপাদনের প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মাধ্যমে ক্রেতাকে সন্তুষ্ট করা যায় এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন ক্রেতাকে আকৃষ্ট করা যায়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করায় বর্তমানে ক্রেতাদের নিকট তার কারখানার উৎপাদিত জুস দিনে দিনে জনপ্রিয় হচ্ছে।
১১. উদ্দীপক
মান ব্যবস্থাপনা হলো মানের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে ক্রেতাদের প্রত্যাশা সন্তুষ্টিসহ পূরণার্থে পণ্যের নকশাকরণ, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়করণ, উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে উন্নত জ্ঞান অর্জন, প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সকলকে সম্পৃক্ত করে উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ।
চটকদারি বিজ্ঞাপন ও মূল্য হ্রাসের কবলে পড়ে ক্রেতারা কোনো পণ্য ক্রয় করলেও তা যদি নিম্নমানের হয় বা ক্রেতাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে সেই পণ্য তারা আর ক্রয় করে না। তাই পণ্যের সঠিক মান ব্যবস্থাপনা করতে হয়। উৎপাদিত পণ্যের মান নির্ধারণ, নকশাকরণ, উপকরণ সংগ্রহ, ক্রেতাদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, উৎপাদনকার্য পরিচালনা, মান নিয়ন্ত্রণ ইত্যাদি কাজের জন্য মান ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে জনাব মোহন দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে মানসনদ সংগ্রহ করেছেন।
BSTI হলো এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। BSTI পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে।
উদ্দীপকে জনাব মোহন সিলেটে একটি আনারসের জুস ফ্যাক্টরি গড়ে তোলেন। তিনি জুসের গুণগত মান সম্পর্কে ভোক্তাদের নিশ্চিত করার লক্ষ্যে জুসের প্যাকেটের গায়ে বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম অঙ্কিত সিলমোহর সংযুক্ত করেন। যার ফলে স্বল্প সময়ের মধ্যে তার উৎপাদিত জুস ভোক্তাদের নিকট জনপ্রিয় হয়। এক্ষেত্রে যে সংস্থাটির নাম বলা হচ্ছে তা হলো BSTI। কেননা বাংলাদেশের একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা। উক্ত সংস্থা জাতীয় পর্যায়ে পণ্যের মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে এবং পণ্যে সিলমোহর প্রদান করে থাকে।
রপ্তানির জন্য প্রথমে গন্তব্য দেশের পণ্যনিরাপত্তা, লেবেলিং, আমদানি ও মানসংক্রান্ত শর্ত এবং ক্রেতার চাহিদা যাচাই করতে হবে। প্রযোজ্য মান অনুযায়ী উৎপাদন, নথি সংরক্ষণ, পরীক্ষণ ও ধারাবাহিক মান নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজন হলে স্বীকৃত স্বাধীন সনদদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনা-পদ্ধতির সনদ নিতে হবে।
ISO (International Organization for Standardization) আন্তর্জাতিক মান প্রণয়ন করে; ISO নিজে কোনো প্রতিষ্ঠানকে সনদ দেয় না। প্রযোজ্য মানের সঙ্গে সামঞ্জস্য যাচাই করে স্বাধীন সনদদানকারী প্রতিষ্ঠান সনদ দিতে পারে। ISO 9000 পরিবার মান ব্যবস্থাপনার ভিত্তি ও নির্দেশনা নিয়ে কাজ করে; ব্যবস্থাপনা-পদ্ধতির সনদ সাধারণত ISO 9001 অনুযায়ী দেওয়া হয়।
এ ধরনের মানব্যবস্থা ক্রেতার আস্থা ও বাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হতে পারে। তবে একটি ISO-সম্পর্কিত সনদ থাকলেই রপ্তানির সব অনুমতি পাওয়া যায় বা পণ্যের চাহিদা নিশ্চিত হয় না। উদ্দীপকের রপ্তানি পরিকল্পনাকে তাই মান, ব্যয়, বাজার ও প্রয়োজনীয় অনুমতির সমন্বয়ে বাস্তবায়ন করতে হবে।