১. উদ্দীপক
প্রয়োজনীয় উপকরণ (ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন) ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী দ্রব্য বা সেবা তৈরি করাকে উৎপাদন বলে।
উৎপাদনের মাধ্যমে সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয়। দেশে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার উৎপাদনের মাধ্যমে সম্ভব। একটি দেশে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সম্পদ আহরণ করে উৎপাদন কাজে ব্যবহার করা হয়। ফলে এসব সম্পদের সদ্ব্যবহার করা সম্ভব হয়।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টি করেছে।
দ্রব্যকে একরূপ হতে অন্যরূপে রূপান্তরের মাধ্যমে গ্রাহকের চাহিদা মোতাবেক যে বিশেষ উপযোগ সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। উৎপাদন সেই রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন- আম থেকে জুস তৈরি, লোহা দিয়ে যন্ত্রপাতি তৈরি, বাঁশ ও বেত দিয়ে ফার্নিচার তৈরি ইত্যাদি।
উদ্দীপকে মুহিত অর্গানিক প্রোডাক্টস লিমিটেড একটি নতুন ধরনের অরেঞ্জ জুস উৎপাদন করেছে, যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। এখানে দেখা যাচ্ছে, তিনি কাঁচামালের রূপ পরিবর্তন করে তা জুসে রূপান্তর করেন। তার এরূপ কাজের ফলে উপযোগ সৃষ্টি করতে পারে এমন পণ্য তৈরি হয়েছে। রূপ পরিবর্তনের বিষয়টি বিবেচনায় বলা যায়, জনাব মুহিতের প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টি করেছে।
মুহিত অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের ব্যবসায়িক সাফল্যের কারণ হলো স্থানগত উপযোগ সৃষ্টি।
কোনো দ্রব্য একস্থান থেকে অন্যস্থানে পৌছানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়।
উদ্দীপকে মুহিত অর্গানিক প্রোডাক্টস লিমিটেড একটি নতুন ধরনের অরেঞ্জ জুস উৎপাদন করেছে। জুসটির গুণগতমান এবং আকর্ষণীয় প্যাকেজিং এর কারণে এটি অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মুহিত তার নিজস্ব শোরুমের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করেন। সময়মতো মানসম্পন্ন পণ্য সরবরাহের ফলে তিনি ব্যবসায়িক জগতে সফলতা অর্জন করেন। এখানে তাদের সারাদেশে পণ্য সরবরাহের মাধ্যমে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি হয়।
যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে স্থানান্তর করে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জন করে।
২. উদ্দীপক
উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদিত হয় তার অনুপাতই হলো উৎপাদনশীলতা।
উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে উৎপাদনের সাথে সাথে আয়ও বৃদ্ধি পায়। যা কোনো দেশের মাথাপিছু আয় বৃদ্ধিতে সহায়ক। এছাড়া অন্য কোনো উপায়ে সহজে আয় বৃদ্ধি করা সম্ভব হয় না। অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির বিষয়টি প্রত্যক্ষভাবে জড়িত।
সুরমা লিমিটেডের ২০২৫ সালের মোট উৎপাদনশীলতা নির্ণয় করা হলো:
আমরা জানি,
মোট উৎপাদনশীলতা = মোট উৎপাদনমূল্য ÷ মোট উপকরণ ব্যয়
= মোট উৎপাদনমূল্য ÷ (কাঁচামাল + শ্রম + অন্যান্য ব্যয়)
= (৪০,০০০ × ১৫) ÷ [(৪০,০০০ × ৪) + (৪০,০০০ × ৫) + ১৬,০০০]
= ৬,০০,০০০ ÷ ৩,৭৬,০০০ ≈ ১.৬০।
সুরমা লিমিটেডের ২০২৫ সালের মোট উৎপাদনশীলতা ১.৬ টাকা।
সুরমা লিমিটেডের ২০২৪ সালের উৎপাদনশীলতার সাথে ২০২৫ সালের উৎপাদনশীলতার তুলনামূলক বিশ্লেষণ করা হলো।
উৎপাদন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। মোট উৎপাদনশীলতা নির্ধারণের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের মোট যে পরিমাণ টাকার পণ্য উৎপাদিত হয় তা থেকে উক্ত পণ্য উৎপাদনের সকল ব্যয়ের সমষ্টিকে ভাগ করা হয়। যার মাধ্যমে মোট উৎপাদনশীলতা নির্ণয় করা যায়।
উদ্দীপকের সুরমা লিমিটেডের ২০২৪ সালের মোট উৎপাদনশীলতা ছিল ২.৩ টাকা। 'গ' হতে আমরা দেখতে পাই ২০২৫ সালে তা হ্রাস পেয়ে ১.৬ টাকা হয়। উৎপাদনশীলতা হ্রাস পাওয়া একটি প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক নয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতার অবস্থা সন্তোষজনক নয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে দ্রুততম সময়ে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়াস চালাতে হবে।
৩. উদ্দীপক
উৎপাদনের উপকরণগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চূড়ান্ত পণ্য তৈরি করাকে উৎপাদন বলে।
উৎপাদনের মাধ্যমে রূপগত, স্বত্বগত, স্থানগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত ইত্যাদি উপাযোগ সৃষ্টি করা হয়। এসব উপযোগ সৃষ্টি করার মাধ্যমে উৎপাদক একদিকে যেমন তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে, অন্যদিকে বেকার জনগোষ্ঠীকে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। আবার পরোক্ষভাবে উৎপাদিত পণ্য বণ্টন, শিল্পোন্নয়ন ও সরকারের আয় বৃদ্ধিতে অবদান রাখার মাধ্যমেও উৎপাদন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
উল্লিখিত উদ্দীপকে জনাব নাসিমের ব্যবসায়িক কার্যক্রম উৎপাদনের কৃষি খাতের অন্তর্ভুক্ত।
উৎপাদনের যে খাত আমাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শিল্পের কাঁচামাল সরবরাহ করে তাকে কৃষিখাত বলে। কৃষিখাত হলো উৎপাদনের সবচেয়ে প্রাচীন খাত। ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান ১১.২০ শতাংশ ছিল। আবাদি জমি চাষ, ফসল উৎপাদন, বিভিন্ন পশুপাখির খামার ইত্যাদি কৃষিখাতের অন্তর্গত।
উদ্দীপকে জনাব নাসিম তার ফার্মে উন্নত জাতের গবাদিপশু পালন করেন। ফার্মে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের মান উন্নত হওয়ায় তা স্থানীয় বাজারে জনপ্রিয়তা পায়। এখানে দেখা যাচ্ছে, তার কর্মকান্ডের মূলে রয়েছে গবাদিপশু পালন করা। উক্ত পশুপালন কৃষিখাতের অন্তর্গত।
আমার মতে উদ্দীপকে জনাব নাসিমের সাফল্যের কারণ হলো স্থানগত উপযোগ সৃষ্টি।
কোনো দ্রব্য একস্থান থেকে অন্যস্থানে পৌঁছানোর ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়।
উদ্দীপকে জনাব নাসিম তার ফার্মে উন্নত জাতের গবাদিপশু পালন করেন। ফার্মে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের মান উন্নত হওয়ায় তা স্থানীয় বাজারে জনপ্রিয়তা পায়। পরবর্তীতে তিনি প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সরবরাহ শুরু করেন। এখানে জনাব নাসিমের ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পণ্য সরবরাহের মাধ্যমে উৎপাদনের স্থানগত উপযোগ সৃষ্টি হয়।
যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। উদ্দীপকের জনাব নাসিম একইভাবে তাদের উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্য বিভিন্ন স্থানে স্থানান্তর করে স্থানগত উপযোগ সৃষ্টি করেন। ফলে প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করার মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জন করে।
৪. উদ্দীপক
উৎপাদনের প্রধান চারটি উপকরণের মধ্যে একটি হলো শ্রম।
সাধারণ অর্থে, শ্রম বলতে মানুষের শারীরিক পরিশ্রমকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে শ্রমকে এত সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয় না। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে শ্রম বলতে উৎপাদনকার্যে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকেই বোঝায়, যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। শ্রমের ক্ষেত্রে একদিকে যেমন শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, অন্যদিকে তেমন মানসিক পরিশ্রমেরও প্রয়োজন হয়। শুধু শারীরিক শ্রম যেমন শ্রম হতে পারে না, তেমনি আবার শুধু মানসিক শ্রমও এককভাবে কোনোকিছু সৃষ্টিতে অসমর্থ।
উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে উৎপাদনে ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।
সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রকৃতির দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি।
উদ্দীপকে জনাব রাশেদ কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে থাইল্যান্ড থেকে ফেরার পথে কয়েকটি ড্রাগন ফলের চারা এনে গাজীপুরের বাগান বাড়িতে রোপণ করেন। এখানকার মাটি ড্রাগন চাষের জন্য উপযোগী হওয়ায় তিনি ড্রাগন চাষে আগ্রহী হন। এখানে দেখা যাচ্ছে, জনাব রাশেদের ড্রাগন চাষে আগ্রহ সৃষ্টির পেছনে গাজীপুরের মাটি বা ভূখণ্ডের প্রভাব রয়েছে। উক্ত ভূখণ্ড প্রকৃতির দান, এর উৎপাদন ব্যয় নেই এবং মানুষ তৈরি বা সৃষ্টি করতে পারে না। এসব বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় ড্রাগন ফল উৎপাদনে উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।
জনাব রাশেদের ড্রাগন ফল চাষের উদ্যোগটি বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারে। তিনি উৎপাদনের মূলধন উপকরণ ব্যবহার করে ড্রাগন চাষ শুরু করেন।
যেসব সম্পদ পরবর্তীতে অতিরিক্ত আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধনকে উৎপাদনের চালিকাশক্তি বা জীবনীশক্তিও বলা হয়। এটি উৎপাদনের উৎপাদিত উপাদান।
উদ্দীপকে জনাব রাশেদ কৃষি বিষয়ক প্রশিক্ষণ শেষে থাইল্যান্ড থেকে ফেরার পথে কয়েকটি ড্রাগন ফলের চারা এনে গাজীপুরের বাগান বাড়িতে রোপণ করেন। তিনি ব্যাংক থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়ে তিনি বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন চাষ শুরু করেন এবং অল্পদিনেই লাভবান হন। তার পরিকল্পিত ঋণ একটি সম্পদ যা পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করে। উক্ত বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, তার ঋণকৃত অর্থটি মূলধনের অন্তর্গত।
প্রাকৃতিক সম্পদে মানুষ শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করে পণ্যদ্রব্য উৎপাদন করে এবং সেই পণ্যদ্রব্যগুলো যখন পুনরায় আয় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন তাকে মূলধন বলে। উদ্দীপকে জনাব রাশেদ প্রাথমিক পর্যায়ে উৎপাদনের ভূমি উপকরণের প্রত্যক্ষ প্রভাবে ড্রাগন চাষে আগ্রহী হন। পরবর্তীতে তিনি মূলধন সংগ্রহ করে বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ শুরু করেন। তার এই উদ্যোগের মাধ্যমে দেশের মানুষ ড্রাগন ফল ভোগ করতে পারবে। আবার মোট উৎপাদন দেশের জিডিপিতে অন্তর্ভুক্ত হয়ে কৃষিভিত্তিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে।
৫. উদ্দীপক
১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্ববিশিষ্ট সংগঠনকে যৌথমূলধনি কোম্পানি বলা হয়।
কৃত্রিম ব্যক্তিসত্তা হচ্ছে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো ভূমিকা পালন করা। যৌথমূলধনি কোম্পানি নিজের নামে পরিচালিত হয়। এ ধরনের সংগঠন নিজস্ব নামে স্বাক্ষর দেওয়ার জন্য সিল ব্যবহার করে। আবার, কেউ মামলা করলে প্রতিষ্ঠানের নামে মামলা করে, এক্ষেত্রে কোনো ব্যক্তি দায়ী থাকে না। ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো এসব কাজ করার জন্য যৌথমূলধনি কোম্পানিকে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী বলা হয়।
আরাফাত ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত সংগঠনটি অংশীদারি ব্যবসায় সংগঠন।
দুই বা ততোধিক ব্যক্তি পরস্পর চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। চুক্তি এ ব্যবসায়ের মূলভিত্তি। ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী এই ব্যবসায় সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন সদস্য থাকতে পারে। তবে আর্থিক ও ব্যাংক ব্যবসার ক্ষেত্রে সদস্যের সর্বোচ্চ সীমা ১০ জন।
উদ্দীপকে আরাফাত, রুহি এবং নিশাত তিন বন্ধু মিলে সমানভাবে পুঁজি বিনিয়োগ করে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি চুক্তির ভিত্তিতে লাভ-লোকসান সমানভাবে বণ্টন করার শর্তে ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণন করছে। উক্ত সংগঠনের সকলের পুঁজি বিনিয়োগ, লাভ-লোকসান বণ্টন ও চুক্তিসংক্রান্ত বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের আরাফাত ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত সংগঠনটি অংশীদারি ব্যবসায় সংগঠন।
"জনাব হাসানের প্রতিষ্ঠানটি সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে”- উক্তিটির সাথে আমি একমত। তাদের গঠিত সংগঠনটি হলো সমবায় সংগঠন।
একই শ্রেণির কতিপয় ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণ অর্জনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমঝোতার ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। সমবায় সংগঠন একই শ্রেণিভুক্ত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্দীপকের আরাফাত, রুহি এবং নিশাত তিন বন্ধু মিলে অংশীদারির ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠা করেন। অন্যদিকে জনাব হাসান তার গ্রামের ২৫ জন প্রতিবেশীকে নিয়ে একটি সংগঠন করেন। যার লক্ষ্য ও উদ্দেশ্য হলো উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত তাদের এ ব্যবসায়ের সাথে সমবায় ব্যবসায় সংগঠনের মিল রয়েছে।
সাধারণত সমাজের নিম্নবিত্ত শ্রেণির মানুষের কল্যাণের উদ্দেশ্যে সমবায় সমিতি গঠিত হয়ে থাকে। সমবায় সমিতির সদস্যসংখ্যা সর্বনিম্ন বিশজন হয়ে থাকে। এরূপ সমিতির মূল ভিত্তি হলো একতা, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা, পারস্পরিক কল্যাণসাধন, নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি। সমবায় সমিতির সুবিধা হলো এর দ্বারা স্বল্পআয়ের সমশ্রেণির লোকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়; যা উদ্দীপকের সমবায় সংগঠনে প্রতিফলিত হয়েছে। সুতরাং বলা যায়, সমতার ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষের গড়ে তোলা সংগঠন সমবায় সমিতি সমাজের নিম্নবিত্ত শ্রেণির মানুষের আর্থিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
৬. উদ্দীপক
**দৃশ্যকল্প-১: **মানিক মিয়া একজন কৃষক। তিনি খুলনায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি ঢাকায় এসে রাইড শেয়ারিং কোম্পানির একজন ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। এই পরিবর্তনের ফলে তিনি তার পরিবারের জন্য আরও ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সক্ষম হচ্ছেন।
**দৃশ্যকল্প-২: **জয়নাল আবেদিন নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করেন। সস্তা ও দক্ষ শ্রমিক পাওয়ার কারণে তার ব্যবসা প্রসার লাভ করে। পাশাপাশি বিদেশে পোশাক রপ্তানির অংশ হিসেবে তিনি আরও দুটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন।
শ্রমবিভাগ হলো কাজকে ভাগ করে প্রতিটি কাজে যোগ্যতার ও বিশেষজ্ঞতার ভিত্তিতে কর্মীদলের মধ্যে কাজ বণ্টন করা।
একই ব্যক্তির বা একই শ্রমিকের সকল ধরনের কার্য সম্পাদনের যোগ্যতা থাকে না। এক এক ব্যক্তি এক এক ধরনের কার্য সম্পাদনে পারদর্শী হয়। তাই শ্রম বিভাগের মাধ্যমে যে শ্রমিক যে কাজের জন্য যোগ্য তাকে সেই কাজে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ শ্রম বিভাগ যোগ্যতা অনুসারে কাজ বণ্টন করে।
দৃশ্যকল্প-১ অনুযায়ী মানিক মিঞার কর্মকান্ডের মাধ্যমে শ্রমের ভৌগোলিক ও পেশাগত গতিশীলতার সৃষ্টি হয়েছে।
শ্রমিক তার কাজের উদ্দেশ্যে একস্থান থেকে অন্যস্থানে গমন করলে তাকে শ্রমের ভৌগোলিক গতিশীলতা বলে। আবার একই উদ্দেশ্যে এক পেশা থেকে অন্য পেশায় গমন করাকে পেশাগত গতিশীলতা বলে। শ্রম একই স্থানে স্থির থাকে না। কাজের প্রয়োজনে স্থান, পেশা ও শিল্প পরিবর্তন করতে পারে।
উদ্দীপকে মানিক মিঞা একজন কৃষক। তিনি খুলনায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি ঢাকায় এসে রাইড শেয়ারিং কোম্পানির একজন ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। এই পরিবর্তনের ফলে তিনি তার পরিবারের জন্য আরও ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সক্ষম হচ্ছেন। এখানে দেখা যাচ্ছে, তিনি কাজের প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় গমন করেন; যা ভৌগোলিক গতিশীলতাকে নির্দেশ করে। আবার প্রাথমিক পর্যায়ে তিনি কৃষক হলেও পরে তিনি পেশা পরিবর্তন করে ড্রাইভার হিসেবে কাজ করেন; যা পেশাগত গতিশীলতাকে নির্দেশ করে। অর্থাৎ মানিক মিঞার কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমের ভৌগোলিক ও পেশাগত গতিশীলতার সৃষ্টি হয়েছে।
উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ জয়নাল আবেদিনের সার্বিক কার্যক্রম উৎপাদনের সংগঠন উপকরণ হিসেবে বিবেচিত; যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদনকার্য সম্পাদন করে। এছাড়া প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদের কার্য বণ্টন ও কর্তৃত্ব অর্পণ করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনকে ত্বরান্বিত করতে সংগঠন প্রধান ভূমিকা পালন করে।
উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ জয়নাল আবেদিন নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করেন। সস্তা ও দক্ষ শ্রমিক পাওয়ার কারণে তার ব্যবসা প্রসার লাভ করে। পাশাপাশি বিদেশে পোশাক রপ্তানির অংশ হিসেবে তিনি আরও দুটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন। এখানে তিনি নিজেই কারখানা স্থাপন করে শ্রমিক নিয়োগ দেন ও সকল সিদ্ধান্ত গ্রহণ করেন। তার কাজের মাধ্যমে উৎপাদনের সকল উপকরণের সঠিক সমন্বয় ঘটে; যা উৎপাদনের সংগঠন উপকরণকে নির্দেশ করে।
সংগঠন হলো উৎপাদনের এমন একটি উপকরণ যার মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্রিত করে এদের মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়। উদ্দীপকে জনাব জয়নাল আবেদিন তার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সফলভাবে কারখানা পরিচালনা করেন। তিনি তার কারখানায় শ্রমিক নিয়োগ দিয়ে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটান; যা সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে। আবার তার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তিনি রপ্তানিতে অগ্রসর হতে পারবেন; যা মোট জাতীয় আয় বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। তাই বলা যায়, জয়নাল আবেদিনের সার্বিক কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৭. উদ্দীপক
প্রকৃতিপ্রদত্ত উপাদানকে কাজে লাগিয়ে উৎপাদনকার্য পরিচালনার জন্য যে ব্যবস্থাপনার প্রয়োজন হয় তাকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। এক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন নিয়ন্ত্রণ করে থাকে।
উৎপাদন নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনার কাজের আওতাভুক্ত বিষয়। এ লক্ষ্যে উৎপাদন পরিকল্পনার সাথে সম্পাদিত কাজের তুলনা করে কোনো বিচ্যুতি হলে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। উৎপাদন ব্যবস্থাপনায় উক্ত কাজটি সম্পাদনের ক্ষেত্রে উৎপাদন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি যেমন- রুটিং, সিডিউলিং, ডিসপ্যাচিং, ফলোআপ ইত্যাদি প্রয়োগ করা হয়।
উদ্দীপকে উল্লিখিত পরিবহনটিতে প্রাথমিক পর্যায়ে সেবার পচনশীলতা বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
সেবাকে পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা যায় না, সেবার এরূপ বৈশিষ্ট্যকে পচনশীলতা বলে। উৎপাদক কর্তৃক প্রদত্ত এমন কিছু অদৃশ্য বিষয় যা আমাদের অভাব পূরণ করে তাই মূলত সেবা। সেবার স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যের কারণে তা দ্রব্য থেকে আলাদা। যেমন-অদৃশ্যমানতা, বৈশাদৃশ্যতা, পচনশীলতা ও অবিচ্ছিন্নতা।
উদ্দীপকে 'সেবা লাইন' পরিবহন নিয়মিতভাবে ঢাকা টু কক্সবাজার রুটে চলাচল করে। সম্প্রতি ঢাকা থেকে কক্সবাজার রুটে বিলাসবহুল ট্রেন চালু হওয়ায় বাসের যাত্রীসংখ্যা কমে যায় এবং প্রায় অর্ধেক সিট খালি থাকে। এ অবস্থায় পরিবহনটিতে লোকসানের আশঙ্কা দেখা দেয়। এখানে দেখা যাচ্ছে সেবা লাইন পরিবহন তাদের সকল যাত্রীকে যাত্রীসুবিধা প্রদান করার নিমিত্তে সেবা প্রদান করলেও অর্ধেক সিট খালি থেকে যাচ্ছে। উক্ত অবিক্রীত সেবাটি পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা যায় না; যা পচনশীল হিসেবে বিবেচিত। তাই বলা যায়, উল্লিখিত পরিবহনটিতে সেবার নশ্বরতা বা পচনশীলতা বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
'কাস্টমাইজেশনের প্রয়োগের মাধ্যমে বাস কর্তৃপক্ষ লোকসান এড়াতে সক্ষম হয়েছে'- উক্তিটির সাথে আমি একমত।
ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। ক্রেতাকেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতারা তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করতে পারে বলে ব্যবসায় সফলতা বৃদ্ধি পায়।
উদ্দীপকে 'সেবা লাইন' পরিবহন নিয়মিতভাবে ঢাকা টু কক্সবাজার রুটে চলাচল করে। সম্প্রতি ঢাকা থেকে কক্সবাজার রুটে বিলাসবহুল ট্রেন চালু হওয়ায় পরিবহনটিতে লোকসানের আশঙ্কা দেখা দেয়। তবে পরিস্থিতি সামাল দিতে বাস কর্তৃপক্ষ গাড়িতে বায়ো টয়লেট, নাস্তার ব্যবস্থা এবং স্লিপার কোচ যুক্ত করেন। এর ফলে যাত্রীদের বাস ভ্রমণে আগ্রহ বাড়ে এবং যাত্রীর সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য তাদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত যে সেবা প্রদান করে তা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতার অন্তর্গত।
ক্রেতাকেন্দ্রিকতার, ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য বা সেবা অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। যার দরুন উদ্দীপকের প্রতিষ্ঠানটিও ব্যাপক সফলতা অর্জন করে। তাই নিঃসন্দেহে বলা যায়, কাস্টমাইজেশনের প্রয়োগের মাধ্যমে বাস কর্তৃপক্ষ লোকসান এড়াতে সক্ষম হয়েছে।
৮. উদ্দীপক
কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করার কার্যাবলির পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াই হলো উৎপাদন ব্যবস্থাপনা।
উৎপাদন ব্যবস্থাপনা হলো ক্রেতাকেন্দ্রিক। ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্য উৎপাদন করাই উৎপাদন ব্যবস্থাপনার মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে পণ্যের ডিজাইন প্রণয়ন, মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা উৎপাদন ব্যবস্থাপনার মূল কাজ হিসেবে গণ্য হয়। তাই বলা যায়, উৎপাদন ব্যবস্থাপনা ক্রেতাকেন্দ্রিক।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি দ্রব্য উৎপাদন করছে।
যা কিছু দেখা যায়, স্পর্শ করা যায় এবং মানুষের অভাব পূরণ করতে সক্ষম তাকে দ্রব্য বলে। দ্রব্য বস্তুগতরূপে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়। বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে দ্রব্য সেবা থেকে আলাদা। যেমন-দৃশ্যমানতা, সংরক্ষণযোগ্যতা, মালিকানা পরিবর্তনযোগ্যতা ইত্যাদি।
উদ্দীপকে এক্সপার্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি স্বনামধন্য ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতি ব্যবহার করে ঔষধ উৎপাদন করে। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি এমন একটি বস্তু উৎপাদন করে যা দৃশ্যমান, স্থান দখল করে ও বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে উপস্থাপিত হয়। এসব বৈশিষ্ট্য দ্বারা বলা যায়, প্রতিষ্ঠানটি দ্রব্য উৎপাদন করছে।
এক্সপার্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাফল্যের কারণ হলো উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিবর্তনের আধুনিক যুগ অনুসরণ।
উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান সময়কালকে আধুনিক যুগ বলা হয়। ১৯৫০ সালের পর এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগে উৎপাদনে আধুনিক কৌশল, কম্পিউটারাইজড পদ্ধতি ও বিভিন্ন পরিসংখ্যানিক তত্ত্ব ব্যবহার করা হয়।
উদ্দীপকে এক্সপার্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি স্বনামধন্য ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। পণ্যের নিরাপত্তা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতি ব্যবহার করে। গুণগত মানসম্পন্ন ঔষধ উৎপাদনের মাধ্যমে তারা রোগী, ডাক্তার ও ফার্মাসিস্টদের আস্থা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতি ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগকে নির্দেশ করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব ও কৌশলে ব্যাপক অগ্রগতি হয়। এ সময় উৎপাদন ব্যবস্থাপনায় PERT, CPM, Linear Programming সহ বিভিন্ন পদ্ধতি চালু হয়। এরপর কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তোলে। উৎপাদনের সমস্যা সমাধানে আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল প্রয়োগ করা হয়। এসব ব্যবস্থাই হলো আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাপনা। উদ্দীপকেও আধুনিক যুগ অনুসরণ করে এক্সপার্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডে অল্প সময়ে ব্যবসায়ে সাফল্য অর্জন সক্ষম হয়।
৯. উদ্দীপক
উৎপাদিতব্য পণ্যের আকার, ধরন, মান ইত্যাদি পণ্যটি উৎপাদনের পূর্বেই ঠিক করাকে পণ্য ডিজাইন বলে।
পণ্যের ডিজাইন ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে। ফ্যাশন, আয়, জীবনযাত্রার মান, সংস্কৃতি ইত্যাদি দ্বারা ক্রেতাদের ক্রয় অভ্যাসের পরিবর্তন হয়। তারা নানান ধরনের এবং নানান ডিজাইনের পণ্য ক্রয় করতে চায়। তাই তাদের এ চাহিদাকে বিবেচনা করেই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পণ্যের ডিজাইন করে থাকে। ক্রেতাদের চাহিদা পরিবর্তনশীল। তাই পরিবর্তিত চাহিদার ওপর ভিত্তি করে পণ্য ডিজাইন করতে হয় বিধায় পণ্য ডিজাইন নমনীয় হওয়া আবশ্যক।
উদ্দীপকে প্যাকিং ডিজাইনের কথা বলা হয়েছে।
পণ্যের আবরণকে আকৃষ্ট করার জন্য যে ডিজাইন করা হয় তাকে প্যাকিং ডিজাইন বলে। প্যাকিং ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাকে আকৃষ্ট করা। এছাড়া পণ্যের স্থায়িত্ব ও মান রক্ষার জন্যও প্যাকিং ডিজাইন করা হয়।
উদ্দীপকে নিউ ভীষণ লিমিটেড তাদের জনপ্রিয় চকলেট বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে চকলেটের আকৃতি, রং, গুণগতমান অপরিবর্তিত রেখে শুধু পণ্যের প্যাকেট আকর্ষণীয় করার সিদ্ধান্ত নেন। এখানে দেখা যাচ্ছে, তিনি তার পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের বাহ্যিক আকৃতি বা মানের দিকে গুরুত্ব না দিয়ে শুধু আবরণকে বেশি গুরুত্ব দেন; যা প্যাকিং ডিজাইনকে নির্দেশ করে। উক্ত ডিজাইন ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে এবং পণ্যকে বিভিন্ন ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করে।
উদ্দীপকে নিউ ভিষণ লি. পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায় অনুসরণ করে। সঠিক পণ্য ডিজাইনে উক্ত স্তর অনুসরণ করা যৌক্তিক বলে আমি মনে করি।
পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থিরকরণের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। ধারণা উন্নয়ন পণ্য ডিজাইনের দ্বিতীয় পর্যায়। পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উক্ত পণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্যের ধারণা উন্নয়ন করা হয়।
উদ্দীপকে নিউ ভিষণ লিমিটেড একটি নতুন প্যাকেট ডিজাইন করার সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন প্যাকেটটি কেমন হবে তা নির্ধারণের জন্যে প্রতিষ্ঠানটির একদল কর্মী ভোক্তা জরিপ ও আয়ের স্তর লক্ষ করেন এবং প্রতিযোগী কোম্পানির প্যাকেট বিশ্লেষণসহ বিপণন কৌশল ঠিক করেন। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি যেসব কাজ সম্পাদন করে তা ক্রেতা বা ভোক্তাকেন্দ্রিক। তারা বিভিন্ন মাধ্যমে বাজার তথ্য সংগ্রহ ও ক্রেতাদের চাহিদা প্রাক্কলন করেন; যা ধারণা উন্নয়ন পর্যায়ের অন্তর্ভুক্ত।
প্যাকিং ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতা আকর্ষণ। তাই ক্রেতা কোন ধরনের ডিজাইন পছন্দ করবে তা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে ক্রেতাকেন্দ্রিক তথ্য সংগ্রহ করা হয়। এই স্তরে ভোক্তা বা ক্রেতা কোন ধরনের পণ্য ক্রয় করতে চায় তা পূর্বানুমানের জন্য বাজার জরিপ, বাজার তথ্য সংগ্রহ, প্রতিযোগীর পণ্য বিশ্লেষণ ইত্যাদি কাজ সম্পাদন করা হয়। ফলে ক্রেতার চাহিদামতো পণ্য ডিজাইন করে সফলতা অর্জন করা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের প্যাকেট ডিজাইনের জন্য ধারণা উন্নয়ন স্তর অনুসরণ করে; যা সম্পূর্ণ যথার্থ বলে আমি মনে করি।
১০. উদ্দীপক
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা তদারকি করা এবং কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধনের ব্যবস্থা করাকে মান নিয়ন্ত্রণ বলে।
মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখা সম্ভব। এতে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি করে এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। উৎপাদনের প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
উদ্দীপকের কোম্পানিটি যে ধরনের ব্যয়ের সম্মুখীন হয় তা বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত।
কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করার পর কোনো ত্রুটি দেখা দিলে তা সমাধান বাবদ যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। পণ্যে এ ধরনের ত্রুটি থাকলে তা ক্রেতা ও ভোক্তাদের অসন্তুষ্ট করে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হয়।
উদ্দীপকে ডেলটা কোম্পানি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক সামগ্রী সুনামের সাথে বিক্রয় করে আসছে। প্রতিষ্ঠানটি ফ্রিজের ক্ষেত্রে ৫ বছর ও AC এর ক্ষেত্রে ১০ বছরের ওয়ারেন্টি প্রদান করে। তবে গত বছর তাদের পণ্যগুলোতে ত্রুটি ধরা পড়ায় কিছু ক্রেতা ক্ষতিপূরণ দাবি করে। এতে কোম্পানির ব্যয় বেড়ে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। উক্ত ব্যয় পণ্য বিক্রয়ের পর ওয়ারেন্টি বাবদ সংঘটিত হয়; যা বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের অন্তর্ভুক্ত।
"সার্বিক মান ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ না করার কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়"- উক্তিটি সঠিক ও যথার্থ।
যে ব্যবস্থাপনায় ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করা হয় তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনার নীতি ৩টি। ক্রেতাসন্তুষ্টি, কর্মী সম্পৃক্ততা ও ধারাবাহিক মান উন্নয়ন। মান ব্যবস্থাপনায় তিনটি কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে ডেলটা কোম্পানি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক সামগ্রী সুনামের সাথে বিক্রয় করে আসছে। প্রতিষ্ঠানটি ফ্রিজের ক্ষেত্রে ৫ বছর ও AC এর ক্ষেত্রে ১০ বছরের ওয়ারেন্টি প্রদান করে। তবে গত বছর তাদের পণ্যগুলোতে ত্রুটি ধরা পড়ে যে কারণে প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানটির উচিত দক্ষ ও যোগ্য কর্মীদের উৎপাদন কাজে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে AC ও ফ্রিজের গুণগত মান বৃদ্ধি করা। এসব কার্য মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট সার্বিক মান ব্যবস্থাপনাকে নির্দেশ করে।
সার্বিক মান ব্যবস্থাপনা পণ্যের মানের নিশ্চয়তা প্রদান করে। পণ্যের মানের মধ্যে পণ্যের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা সার্বিক মান ব্যবস্থাপনা তা প্রতিষ্ঠান ও কর্মীদের সমন্বয়ে নিশ্চিত করে। তবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ না করার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তাই বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানটির উচিত সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করে পণ্যের গুণগত মান উন্নয়ন করা।
১১. উদ্দীপক
অভাব পূরণে পণ্যের সক্ষমতাই মান।
বর্তমান বহুল প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে উন্নতমানের পণ্যের বিকল্প নেই। পণ্য মানের উন্নয়নের জন্য উন্নত প্রযুক্তি, কারিগরি দক্ষতা ও উন্নত কাঁচামালের প্রয়োজনীয়তা ব্যাপক। তবে কারিগরি দক্ষতা ও প্রযুক্তির তুলনায় কাঁচামাল উন্নত হওয়া বেশি দরকার। কাঁচামাল উন্নত হলে পণ্যের মান ভালো হয় অন্যথায় নিম্নমানের হয়। তাই বলা যায়, কাঁচামালের ওপর পণ্যের মান নির্ভর করে।
গ্রীন ড্রিংকস লিমিটেড দেশীয় কোনো সংস্থা থেকে মানসনদ গ্রহণ করেছে।
BSTI এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। BSTI পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে।
উদ্দীপকের গ্রীন ড্রিংকস লিমিটেড একটি স্বনামধন্য পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা দেশীয় তাজা আম থেকে ম্যাংগো জুস উৎপাদন করে। গুণগত মান বজায় রাখতে প্রতিষ্ঠানটি দেশীয় মানসংস্থা থেকে মানসনদ অর্জন করায় জুসের চাহিদা বেড়েই চলেছে। এখানে যে প্রতিষ্ঠানের মান সনদের কথা উল্লেখ করা হয়েছে তা হলো BSTI। কেননা বাংলাদেশে একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা; যে সংস্থা জাতীয় পর্যায়ে সঠিক মানসম্মত পণ্যের মানসনদ ও সিলমোহর প্রদান করে থাকে।
উদ্দীপকে আন্তর্জাতিক মান অনুসরণের মাধ্যমে বিদেশি ক্রেতার আস্থা অর্জনের কথা বোঝানো হয়েছে। ISO আন্তর্জাতিক মান প্রণয়ন করে; ISO নিজে সনদ দেয় না। প্রযোজ্য মান অনুসরণের সনদ স্বাধীন সার্টিফিকেশন সংস্থা দেয়।
মানসম্মত উৎপাদন ও উপযুক্ত সনদ ব্যবস্থাপনা উন্নত করা, ত্রুটি কমানো ও বাজারের নির্দিষ্ট শর্ত পূরণে সহায়তা করতে পারে। তবে সব পণ্য বা রপ্তানির জন্য একই ISO সনদ বাধ্যতামূলক নয়। পণ্যের ধরন, গন্তব্য বাজারের বিধান, নিরাপত্তা ও ক্রেতার চাহিদা বিবেচনা করতে হবে; সনদ একাই বিক্রয় বা মানের সব দিক নিশ্চিত করে না।