১. উদ্দীপক
পণ্য বা সেবার প্রত্যক্ষ কার্যকারিতা সম্পর্কে ক্রেতার উপলব্ধির সঙ্গে পূর্বপ্রত্যাশা তুলনা করে যে সন্তুষ্টি বা অসন্তুষ্টির অনুভূতি সৃষ্টি হয় তাকে ক্রেতাসন্তুষ্টি বলে।
পণ্যের কার্যকারিতা সম্পর্কে উপলব্ধির সাথে ক্রেতার প্রত্যাশার মিল পর্যন্ত ক্রেতার সন্তুষ্টি বিস্তৃত। সাধারণত পূর্ব ক্রয়ের অভিজ্ঞতা, সহযোগী ও বন্ধুবান্ধবদের মন্তব্য এবং বিপণনকারীর তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে প্রত্যাশা গড়ে ওঠে। প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে তারা অসন্তুষ্ট হয়। পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হয়। আবার প্রত্যাশার তুলনায় কার্যকারিতা বেশি হলে অনুপ্রাণিত হয়।
সাজিয়া নাজনীন প্রাথমিক পর্যায়ে বিপণনের মৌলিক ধারণা প্রয়োজন, অভাব ও চাহিদার ওপর গুরুত্ব দিয়েছেন।
নিজেকে কোনোকিছু থেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে। উক্ত প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব ও সংস্কৃতিকে প্রভাবিত করে বাস্তবে রূপ নেয় তখন তা অভাবে পরিণত হয়। আবার অভাব যখন মানুষের ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে।
উদ্দীপকের সাজিয়া নাজনীন যশোরে 'লালপদ্ম' নামক শিশুদের পোশাকের একটি বিপণি প্রতিষ্ঠা করেন। তিনি সবসময় ক্রেতাদের প্রয়োজন, অভাব, চাহিদা, রুচি ও পছন্দের প্রতি দৃষ্টি রেখে মানসম্মত উপকরণ ব্যবহার করে শৈল্পিক ডিজাইনের পোশাক তৈরি ও বিক্রয় করেন। এক্ষেত্রে সাজিয়া নাজনীন ক্রেতাদের প্রয়োজন, অভাব ও চাহিদার প্রতি গুরুত্ব দেন। বিপণনকারী মূলত বাজার জরিপ ও গবেষণার মাধ্যমে ক্রেতাদের চাহিদাসংক্রান্ত তথ্য সংগ্রহ করে এবং সে অনুযায়ী বাজারে পণ্য, সেবা ও অভিজ্ঞতা অর্পণ করে। উদ্দীপকেও সাজিয়া নাজনীন বিপণনের মৌলিক ধারণা প্রয়োজন, অভাব ও চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নতমানের পোশাক সরবরাহ করেন এবং প্রত্যাশিত বিক্রয় অর্জনে সক্ষম হন।
সম্প্রতি সাজিয়া নাজনীনের প্রত্যাশিত বিক্রয় অর্জনের মূল কারণ হলো বিপণন ক্রমবিকাশের মোবাইল মার্কেটিং বা সামাজিক যোগাযোগ যুগ অনুসরণ।
সামাজিক যোগাযোগ বলতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করাকে বোঝায়। বর্তমানে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করছে। যেমন- Google, Facebook, Youtube ইত্যাদি।
উদ্দীপকের সাজিয়া নাজনীন যশোরে 'লালপদ্ম' নামক শিশুদের পোশাকের একটি বিপণি প্রতিষ্ঠা করেন। তিনি সবসময় মানসম্মত উপকরণ ব্যবহার করে শৈল্পিক ডিজাইনের পোশাক তৈরি ও বিক্রয় করেন। সম্প্রতি প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ফেসবুক পেজ-এর মাধ্যমে বিভিন্ন ক্রেতার সাথে সম্পর্ক স্থাপন করে তার তৈরি পোশাকের চাহিদা বৃদ্ধিতে সচেষ্ট থাকেন। এখানে ফেসবুক ব্যবহারের মাধ্যমে পোশাকের চাহিদা বৃদ্ধির কার্যক্রম মোবাইল মার্কেটিং যুগকে নির্দেশ করে।
বর্তমানে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পণ্য ও সেবার ব্যাপক প্রচার-প্রচারণার কাজ করা হচ্ছে। এর মাধ্যমে খুব সহজেই কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে তথ্য পৌঁছানো সম্ভব হচ্ছে। এছাড়া অনলাইনের মাধ্যমে পণ্যের অর্ডার নিয়ে সেগুলো ডেলিভারির ব্যবস্থাও করা হয়। ফলে স্বল্প খরচে এবং লাভজনকভাবে অধিক বিক্রয় নিশ্চিত হয়। একইভাবে উদ্দীপকের সাজিয়া নাজনীন ফেসবুক পেজ ব্যবহার করে পোশাকের চাহিদা বৃদ্ধিতে সচেষ্ট থাকেন। ফলে অল্প সময়ে তিনি প্রত্যাশিত বিক্রয় অর্জনে সক্ষম হন।
২. উদ্দীপক
ভোক্তা বলতে ঐ সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যারা পণ্য বা সেবাসামগ্রী ভোগ বা ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করে।
বিপণনের সব কাজ ভোক্তাদের কেন্দ্র করেই পরিচালিত হয়। পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভোক্তাদের রুচি, পছন্দ-অপছন্দ, ক্রয়ক্ষমতা প্রভৃতি বিবেচনা করা হয়। তাছাড়া ভোক্তাদের আকৃষ্ট করতে ব্যবসায় প্রতিষ্ঠান প্রসারমূলক কৌশল অবলম্বন করে থাকে। সুতরাং ভোক্তাদের উদ্দেশ্যে বিপণনের সব কাজ পরিচালিত হয়। তাই সহজেই বলা যায়-'ভোক্তাই বাজারের রাজা'।
উল্লিখিত উদ্দীপকে বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
বিপণন কার্যক্রমে ব্যবস্থাপকীয় পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যবহৃত হয় বলে বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলে। অর্থাৎ বিপণনের প্রতিটি স্তরেই পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, কর্মী নিয়োগ, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে হয়। এসমস্ত কার্যক্রম ব্যবস্থাপকীয় কার্যক্রমের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে জনাব যুবায়ের একজন প্রতিষ্ঠিত বিপণনকারী। তিনি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিপণন কর্মকান্ড পরিচালনা করেন। তিনি তার প্রতিটি বিপণন কাজ সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের কাজ সংগঠিত করেন। জনাব যুবায়েরের উক্ত কাজগুলো বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উল্লিখিত উদ্দীপকে বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
"জনাব যুবায়েরের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে" - উক্তিটির সাথে আমি একমত।
বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা-সম্পর্ক গড়ে তোলে। বিপণন তার কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সার্বিক কল্যাণ ও মানুষের প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে।
উদ্দীপকের জনাব' যুবায়ের একজন প্রতিষ্ঠিত বিপণনকারী। তিনি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিপণন কর্মকান্ড পরিচালনা করেন। তিনি তার প্রতিটি বিপণন কাজ সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের কাজ সংগঠিত করেন। ফলশ্রুতিতে তিনি অল্প সময়ের মধ্যে সাফল্য অর্জন করেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
পণ্য উৎপাদনের পূর্বেই বিপণনকারী বিভিন্ন তথ্যমূলক কাজ সম্পাদন করেন। এরপর উৎপাদনকারীর নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্যসামগ্রী ক্রেতা-ভোগকারীর নিকট পৌঁছাতে বিপণন বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে থাকেন। এসমস্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাংক, বিমা, পরিবহন ইত্যাদি। এ সকল পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টির মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আমি মনে করি, জনাব যুবায়েরের এমন বিপণন কার্যক্রমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে।
৩. উদ্দীপক
মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে আবরণ লাগানোর কাজকে মোড়কিকরণ বলে।
পণ্যের গুণগত মান রক্ষা এবং পরিবহন ও পণ্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কিকরণের গুরুত্ব অপরিসীম। অনেক ধরনের পণ্য আছে যার উপযোগিতা ধরে রাখতে হলে মোড়কিকরণ প্রয়োজন। যেমন: বিস্কুট, চিপস, ঔষধ ইত্যাদি। মোড়কিকরণের মাধ্যমেই উক্ত পণ্যগুলোকে একটি আবরণের মাধ্যমে সংরক্ষিত রাখা হয়; যা পণ্যের গুণাগুণ ঠিক রাখে। উক্ত গুণগত মান রক্ষা ও পরিবহনের সুবিধার্থে পণ্যের মোড়কিকরণ করা হয়।
উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের গুরুত্বপূর্ণ কাজ ক্রয়ের কথা বলা হয়েছে।
অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে ক্রয় বলে। এর মাধ্যমে পণ্যের মালিকানাস্বত্ব বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়; যা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। ক্রয় বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কেননা পণ্যের বিক্রয় নির্ভর করে উত্তম ক্রয়ের ওপর।
উদ্দীপকের সুপার ইলেকট্রনিক্স লি. জাপান থেকে বিভিন্ন ধরনের উন্নতমানের হোমএপ্লায়েন্স আমদানি করে। পণ্য আমদানির ক্ষেত্রে তারা অর্থের বিনিময়ে পণ্যের মালিকান গ্রহণ করে। উক্ত মালিকানা গ্রহণের কাজটি বিপপনের ক্রয় কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সুপার ইলেকট্রনিক্স লি. প্রাথমিক পর্যায়ে বিপণনের ক্রয় কাজটি সম্পাদন করে।
উদ্দীপকের সুপার ইলেকট্রনিক্স লি. এর লাভবান হওয়ার কারণ হলো বিপণনের অন্যতম কাজ বিক্রয়োত্তর সেবা প্রদান।
পণ্য, সেবা বা ধারণা বিক্রয়ের পর ক্রেতাকে যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। যেমন: পণ্য ব্যবহারের নিয়ম, পণ্য বাসায় পৌঁছে দেওয়া, পণ্য স্থাপন করে দেওয়া, নষ্ট হয়ে গেলে পরিবর্তন বা মেরামত করে দেওয়া ইত্যাদি কার্য বিক্রয়োত্তর সেবা হিসেবে গণ্য হয়।
উদ্দীপকের সুপার ইলেকট্রনিক্স লি. জাপান থেকে বিভিন্ন ধরনের উন্নতমানের হোম এপ্লায়েন্স আমদানি করে। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি দৈনিক পত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে তথ্য প্রচার করে থাকে। কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় তারা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও পাঁচ বছরের ওয়ারেন্টি প্রদান করে। উক্ত গ্যারান্টি ও ওয়ারেন্টি পণ্য বিক্রয়ের পর ত্রুটিজনিত কারণে প্রদান করা হয়; যা বিক্রয়োত্তর সেবা হিসেবে বিবেচিত।
বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের যুগে অনেক প্রতিষ্ঠান বিক্রয়ের পর ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে, যা বিক্রয়োত্তর সেবা নামে পরিচিত। এরূপ সেবা প্রদানের মাধ্যমে বিপণনকারী গ্রাহকদের নিকট তার পণ্যের প্রতি আস্থা ও দুর্বলতা তৈরি করে। ফলে বিক্রয়ের পরিমাণ অনেক বেশি হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এমন সেবা প্রদানের মাধ্যমে তাদের বিক্রয় বৃদ্ধি করে সফলতা অর্জন করতে সক্ষম হয়। তাই আমি মনে করি, বিপণনের বিক্রয়োত্তর সেবা প্রদান কাজের মাধ্যমে উদ্দীপকের সুপার ইলেকট্রনিক্স লি, সাফল্য অর্জন করে।
৪. উদ্দীপক
"উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক" উক্তিটি সঠিক ও যথার্থ।
বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা গ্রহণের প্রক্রিয়াকে ক্রয় বলে। সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে ক্রয়কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয়কার্য অতিদ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয়কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।
ইমরান শেখ নিজস্ব গাড়ির সহায়তায় শাড়ি সরবরাহের মাধ্যমে বিপণনের পরিবহন কাজটি সম্পন্ন করছেন।
বিপণনের যে কাজের মাধ্যমে পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা হয় তাকে পরিবহন বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। একই ধরনের পণ্য সকল জায়গায় *উৎপাদিত হয় না। পণ্যের চাহিদা পূরণে স্থানান্তরের প্রয়োজন হয়। পরিবহনের মাধ্যমে পণ্য স্থানান্তর করে ক্রেতার চাহিদা পূরণ করা হয়।
উদ্দীপকের ইমরান শেখ দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নতমানের তাঁত ও সিল্কসহ দেশীয় বিভিন্ন ধরনের শাড়ি সংগ্রহ করেন। ঢাকার নিউমার্কেটে তার গুদামঘর ও 'রূপসী শাড়ি ঘর' নামে একটি শোরুম রয়েছে। তিনি নিজস্ব গাড়ির সহায়তায় ঢাকার বিভিন্ন শাড়ির দোকানে শাড়ি সরবরাহ করেন। গাড়ির মাধ্যমে বিভিন্ন স্থানে শাড়ি সরবরাহ বিপণনের পরিবহন কাজের অন্তর্ভুক্ত।
রূপসী শাড়ি ঘরের বিক্রয় বৃদ্ধির কারণ হলো পণ্যের পর্যায়িতকরণ করা।
নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ বিপণনের অন্যতম একটি কাজ। পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তা পর্যায়িতকরণ করা হয়। এটি মূলত প্রমিতকরণের বাস্তব রূপ।
উদ্দীপকের ইমরান শেখ দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নতমানের তাঁত ও সিল্কসহ দেশীয় বিভিন্ন ধরনের শাড়ি সংগ্রহ করেন। ঢাকার নিউমার্কেটে তার গুদামঘর ও 'রূপসী শাড়ি ঘর' নামে একটি শোরুম রয়েছে। তার শোরুমে শাড়ির প্রকৃতি, গুণগতমান, ডিজাইন ও মূল্যভেদে পৃথক পৃথক র্যাকে শাড়িগুলো সজ্জিত করেন। এতে করে ক্রেতারা সহজেই তাদের বাজেটের মধ্যে পছন্দের শাড়ি ক্রয় করে সন্তুষ্ট হন। এখানে দেখা যাচ্ছে, জনাব ইমরান তার শোরুমে শাড়িগুলো কতিপয় বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করে তা সজ্জিত করেন। তার এ কাজ বিপণনের পর্যায়িতকরণকে নির্দেশ করে।
নির্দিষ্ট গুণাগুণ ও মানদন্ডের ভিত্তিতে পণ্য পর্যায়িতকরণ করা হয়। এর ফলে উৎপাদক যেমন সহজে পণ্য বিক্রয় করতে পারে তেমনি ক্রেতা তার পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। বাজারে একই মানের বা একই দামে পণ্য প্রচলন হয় না। ভোক্তাদের পার্থক্যের কারণে একই প্রতিষ্ঠান বিভিন্ন মানের পণ্য বাজারে ছাড়ে। এ বিষয়টি বিবেচনা করে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণিবিভাগ করা হলে বাজারে বিদ্যমান সকল ধরনের ভোক্তা পণ্যসামগ্রী ক্রয় করতে সক্ষম হন। উদ্দীপকেও একইভাবে পর্যায়িতকরণ কাজ সম্পাদনের মাধ্যমে ইমরান শেখের শোরুমে বিক্রয় বৃদ্ধি পাচ্ছে এবং তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
৫. উদ্দীপক
সামগ্রিক বাজারকে ছোট ছোট বিভিন্ন অংশে ভাগ করে একটি বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে।
সাধারণত বাজারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বাজার বিভক্তিকরণ করা হয়। বাজার বিভক্তিকরণের অনেকগুলো ভিত্তি রয়েছে; এগুলো হলো- ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আচরণভিত্তিক বিভক্তিকরণ ইত্যাদি। বাজার বিভক্তকরণের ক্ষেত্রে সমগ্র বাজারকে কতিপয় ছোট ছোট ভাগে বিভক্ত করা এবং সমজাতীয় বৈশিষ্ট্য তথা ক্রেতাদের পছন্দ, রুচি, ক্রয় অভ্যাস ইত্যাদি বিবেচনা করা হয়।
প্রাথমিক পর্যায়ে 'যশোর ফ্লাওয়ারস্' ভোক্তাবাজারে পণ্য বিক্রি করে।
যে সকল ক্রেতা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে। ভোক্তা বাজারের সদস্যসংখ্যা অত্যধিক। এ সকল ক্রেতা সকল স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। ভোক্তাবাজারের ক্রেতারা ঘন ঘন পণ্য ক্রয় করলেও ক্রয়ের ক্ষেত্রে তাদের কোনো চুক্তি সম্পাদন করতে হয় না।
উদ্দীপকের 'যশোর ফ্লাওয়ারস্' স্থানীয়ভাবে গম সংগ্রহপূর্বক নিজস্ব কারখানায় উৎপাদিত আটা, ময়দা ও সুজি ভোক্তাদের মাঝে বিক্রি করে আসছে। উল্লেখ্য, তারা ভোক্তাদের কাছে পণ্যসামগ্রী বিক্রয় করছে। এ সকল ভোক্তা শুধু ভোগের উদ্দেশ্যেই পণ্য ক্রয় করে থাকে। পুনরায় তা উৎপাদন বা বিক্রয়ের উদ্দেশ্য থাকে না। তাই বলা যায়, যশোর ফ্লাওয়ারস্ যে বাজারে পণ্য বিক্রয় করে আসছে তা ভোক্তাবাজারের অন্তর্গত।
'যশোর ফ্লাওয়ারস্' বর্তমানে শিল্পবাজারে পণ্য বিক্রয় করছে। উক্ত বাজারে একত্রে বিপুল পরিমাণ পণ্য বিক্রয় করে মুনাফা বৃদ্ধির মাধ্যমে লাভবান হওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক।
যেসব ক্রেতা উৎপাদন বা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে শিল্পবাজার বলে। শিল্প বাজারের সদস্য পণ্য ক্রয় করে তা ভোগ করে না; বরং তারা পণ্য উৎপাদন বা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে।
উদ্দীপকের 'যশোর ফ্লাওয়ারস্' স্থানীয়ভাবে গম সংগ্রহপূর্বক নিজস্ব কারখানায় উৎপাদিত আটা, ময়দা ও সুজি প্রাথমিকভাবে ভোক্তাবাজারে বিক্রয় করে আসলেও সম্প্রতি বিসিক শিল্প এলাকায় অবস্থিত তিনটি বেকারির সাথে তাদের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী তাদের উৎপাদিত পণ্য বেকারিগুলোতে সরবরাহ শুরু হয়েছে। উক্ত চুক্তিভিক্তিক ক্রয় শিল্পবাজারের অন্তর্ভুক্ত। কেননা শিল্পবাজারের ক্রেতারা পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয়চুক্তি সম্পাদন করে। তাছাড়া শিল্পবাজারের ক্রেতা একসাথে বিপুল পরিমাণ পণ্য ক্রয় করে।
ক্রয়ের উদ্দেশ্যের ভিত্তিতে বাজারকে ভোক্তা ও শিল্পবাজারে বিভক্ত করা হয়। শিল্পবাজারের ক্রেতা একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে। এ বাজারের ক্রেতা ঘন ঘন পণ্য ক্রয় করে না, তবে একবারে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে। ক্রেতারা ক্রয়ের ক্ষেত্রে চুক্তি সম্পাদন করে এবং এদের ক্রয়ক্ষমতা অধিক হয়। শিল্পবাজারে একসাথে অধিক পরিমাণে পণ্য বিক্রয় করার ফলে একক প্রতি বিক্রয়মূল্য হ্রাস পেলেও অতিরিক্ত পণ্য বিক্রয়ে অধিক মুনাফা অর্জন করা যায়। একইভাবে উদ্দীপকের যশোর ফ্লাওয়ারস্ চুক্তি অনুযায়ী তাদের উৎপাদিত পণ্য বেকারিগুলোতে সরবরাহ শুরু করেছে। তাছাড়া পাইকারি কারবারিদের নিকট পণ্য বিক্রি করা এবং খুচরা ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রি করার ফলে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি লাভবান হচ্ছে। তাই বলা যায়, যশোর ফ্লাওয়ার্সের শিল্পবাজারে পণ্য বিক্রয় করার সিদ্ধান্তটি যৌক্তিক।
৬. উদ্দীপক
বিপণন মিশ্রণের ৪টি উপাদান নিম্নোক্ত চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো:
চিত্রের কেন্দ্রে একটি ফাঁকা বৃত্ত। চার পাশের পণ্য, বণ্টন, ?, প্রসার—প্রতিটি ঘর থেকে তীর কেন্দ্রের বৃত্তের দিকে নির্দেশ করেছে।
"সরকারি বাজারের উদ্দেশ্য হলো জনগণের কল্যাণসাধন"-উক্তিটি সঠিক ও যথার্থ।
যেসব প্রতিষ্ঠান সরকারি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে থেকে পণ্য ও সেবাসামগ্রী ক্রয় করে তাকে সরকারি বাজার বলে।
সাধারণত সরকারি স্কুল, কলেজ, হাসপাতাল, চিড়িয়াখানা, কারাগার, অফিস-আদালত ইত্যাদি নিয়ে সরকারি বাজার গঠিত হয়। সরকারি বাজারের ক্রয় মূলত জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে হয়ে থাকে।
চিত্রের '?' চিহ্নিত বক্সের উপাদানটি হলো মূল্য।
কোনো পণ্য বা সেবা হতে প্রাপ্ত সুবিধার জন্য ভোক্তা যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে মূল্য বলে। অন্যভাবে বলা যায়, পণ্যের বিনিময়ে যে অর্থ ধার্য করা হয় তাই মূল্য। কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকে থাকা, মুনাফা সর্বোচ্চকরণ, পণ্য মানে নেতৃত্বদান, প্রতিযোগী মোকাবিলা ইত্যাদি উদ্দেশ্যগুলো মূল্যের মাধ্যমেই অর্জন করা হয়।
বিপণন মিশ্রণের সংক্ষিপ্ত রূপ হলো 4P। এটা হচ্ছে পণ্য, মূল্য, বণ্টন ও প্রসারের একটি কার্যকর সংমিশ্রণ। যার মাধ্যমে বিপণনকারী ভোক্তাদের সন্তুষ্টি বিধান করে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে চেষ্টা করে। উদ্দীপকে উক্ত মিশ্রণের চিত্র প্রদর্শন করা হয় যেখানে বিপণন মিশ্রণের অন্যান্য উপাদান দেওয়া থাকলেও মূল্য উপাদানটি অনুপস্থিত। তাই বলা যায়, উক্ত '?' চিহ্নিত স্থানে মূল্য উপাদানটি বসবে।
উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো ভোক্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। ভোক্তার সন্তুষ্টি বিধানে যা সম্পূর্ণ যৌক্তিক।
যারা পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে পণ্যের উপযোগ নিঃশেষ করে তাদেরকে ভোক্তা বলে। আবার বিপণন মিশ্রণ হচ্ছে ভোক্তা বা ক্রেতার প্রয়োজন ও অভাব মেটানোর উদ্দেশ্যে একসেট নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সংমিশ্রণ। উক্ত সংমিশ্রণ প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে বিপণনকারী ভোক্তার সন্তুষ্টি অর্জনের প্রয়াস চালায়।
উদ্দীপকে বিপণন মিশ্রণের চিত্র প্রদর্শিত হয়েছে। উক্ত চিত্রের চারটি উপাদান (পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার) এর সংমিশ্রণ ভোক্তাকে কেন্দ্র করেই সম্পাদিত হয়। কেননা পণ্যের গুণগত মান উন্নয়ন, মূল্য নির্ধারণ, বণ্টন ও প্রসার কার্যক্রম ভোক্তাকে সন্তুষ্ট করার জন্যই সম্পাদিত হয়। তাই বলা যায়, ভোক্তাকে কেন্দ্রে রেখেই বিপণন মিশ্রণ আবর্তিত হয়।
পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভোক্তাদের রুচি, পছন্দ-অপছন্দ প্রভৃতি বিবেচনা করে পণ্যের মান, নকশা, বৈশিষ্ট্য, মোড়ক উন্নয়ন করা হয়। তাছাড়া ভোক্তাদের আকৃষ্ট করতে ব্যবসায় প্রতিষ্ঠান প্রসারমূলক কৌশল অবলম্বন করে থাকে। মূল্য নির্ধারণ, মূল্যছাড়, পরিশোধের সময়, বাট্টা ইত্যাদি মূল্যসংক্রান্ত কার্যাবলিও ভোক্তাকে বিবেচনা করে করা হয়। আবার ভোক্তার ওপর ভিত্তি করেই বণ্টন ব্যবস্থা দীর্ঘায়িত হবে নাকি স্বল্প হবে তা নির্ধারণ করা হয়। সুতরাং, ভোক্তাদের উদ্দেশ্যে বিপণনের সব কাজ পরিচালিত হয়। যার ফলে ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়।
৭. উদ্দীপক
বিপণ্য ক্রয়ের পরিমাণের ওপর ভিত্তি করে পণ্যের ওপর যে বাট্টা প্রদান করা হয় তাকে পণ্যের বাট্টা বলে।
ক্রেতারা অধিক পরিমাণে পণ্য ক্রয় করলে তাদেরকে পণ্য বাট্টা প্রদান করা হয়। যেমন: ১০,০০০ টাকার পণ্য ক্রয় করলে ৫% হারে আবার ২০,০০০ টাকার পণ্য ক্রয় করলে ১০% হারে বাট্টা প্রদানের ঘোষণা দেয়। পণ্যের বিক্রয় বাড়ানোর জন্যই এ ধরনের বাট্টা প্রদান করা হয়। এর ফলে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির পাশাপাশি গ্রাহকরাও উপকৃত হয়।
উদ্দীপকের জনাব মাসুদ সুবিধা পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন।
সুবিধাজনক জায়গা হতে সহজে ক্রয় করা যায় এরূপ পণ্যকে সুবিধাজনক পণ্য বলে। এ ধরনের পণ্য ভোক্তারা নিয়মিত ক্রয় করে। কেনার জন্য তেমন কোনো পূর্বপরিকল্পনার প্রয়োজন হয় না। ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয়ে এরূপ পণ্য সংগ্রহ করতে চায়। উদ্দীপকের জনাব মাসুদের ধর্মতলা মোড়ে 'মাসুম স্টোর' নামে তার একটি মুদি দোকান আছে। দোকানে চাল, ডাল, আটা, লবণ, সাবানসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন। এসব পণ্য ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয়ে সুবিধাজনক জায়গা থেকে ক্রয় করতে পারছে; যা সুবিধা পণ্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব মাসুদ বিপণনের সুবিধা পণ্য নিয়ে তাদের ব্যবসায় পরিচালনা করেন।
জনাব মাসুদের বিক্রয়কৃত পণ্যের মূল্য নির্ধারণে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেন। সুবিধা পণ্যের ক্ষেত্রে উক্ত পদ্ধতিতে মূল্য নির্ধারণের সিদ্ধান্তটি যথার্থ।
পণ্য ব্যয়ের সাথে নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে যে মূল্য নির্ধারণ করা হয় তাকে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ বলে। এক্ষেত্রে ব্যয়কে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয় বলে একে ব্যয়ভিত্তিক বা মার্ক-আপ মূল্য নির্ধারণ বলে।
উদ্দীপকের জনাব মাসুদের ধর্মতলা মোড়ে 'মাসুম স্টোর' নামে তার একটি মুদি দোকান আছে। দোকানে চাল, ডাল, আটা, লবণ, সাবানসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন। জনাব মাসুদ তার দোকানে পণ্যের ক্রয়মূল্যের ওপর ৩০% মুনাফা যোগ করে বিক্রয়মূল্য ধার্য করেন। এতে তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন। এখানে দেখা যাচ্ছে, তারা পণ্য অর্জন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করে যা ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণকে নির্দেশ করে।
মার্ক-আপ বা ব্যয়ভিত্তিক পদ্ধতি অত্যন্ত প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি। এ পদ্ধতিতে উৎপাদক তার একক পণ্য উৎপাদন করতে যে ব্যয় হয় তার সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। উক্ত পদ্ধতিতে ব্যয়কে সবচেয়ে গুরুত্ব প্রদান করা হয়। প্রথমে পণ্যের অর্জন ব্যয় নির্ধারণ করতে হয় এবং উক্ত ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়। ফলে ক্রেতারা সঠিক ও ন্যায্য দামে পণ্য ক্রয় করতে পারে এবং পণ্যের বিক্রয় অব্যাহত থাকে। উদ্দীপকের জনাব মাসুদ উক্ত পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেন বলেই অল্প সময়ের মধ্যে তিনি ব্যাপক সাফল্য অর্জনে সক্ষম হন।
৮. উদ্দীপক
যে বাজারের ক্রেতারা নিজেদের ভোেগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য না ক্রয় করে উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গড়ে ওঠে তাকে শিল্পবাজার বলে।
শিল্পবাজারে উৎপাদন বা ব্যবসায়িক ব্যবহারের জন্য উপকরণ কেনা হয়; অপরিবর্তিত অবস্থায় আবার বিক্রয়ের জন্য কেনা পৃথক পুনঃবিক্রেতার বাজারের উদাহরণ। সাধারণ চূড়ান্ত ভোক্তার তুলনায় সাংগঠনিক উৎপাদক-ক্রেতার সংখ্যা কম এবং প্রতিটি ক্রয়ের পরিমাণ সাধারণত বড়। তাই শিল্পবাজারে সদস্যসংখ্যা তুলনামূলকভাবে কম।
উদ্দীপকের ছাতা একটি জরুরি পণ্য।
যেসব পণ্য ক্রেতারা আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় ক্রয় করে সেগুলোকে জরুরি পণ্য বলে। এরূপ পণ্য ক্রেতারা বিশেষ পরিস্থিতিতে ক্রয় করে বিধায় তাদের কাছে অর্থের তুলনায় এর প্রয়োজন পূরণ অধিক গুরুত্ব পায়। যেমন: বৃষ্টির দিনে ছাতা, অসুস্থ হলে ওষুধ, গাড়ির টায়ার নষ্ট হলে গাড়ির টায়ার ক্রয় ইত্যাদি।
উদ্দীপকের জনাব রুমি তার বাড়ির জন্য একটি নির্দিষ্ট ব্রান্ডের ফ্রিজ ক্রয়ের উদ্দেশ্যে রওনা হন। অবিরাম বৃষ্টির কারণে পথিমধ্যে একটি দোকানে অবস্থান করেন। সেখান থেকে জনাব রুমি ছাতা ক্রয় করে যশোর নিউমার্কেটে যান। এখানে তিনি একটি আকস্মিক পরিস্থিতিতে পড়ে উক্ত ছাতা ক্রয়ের সিদ্ধান্ত নেন। তাছাড়া এ পণ্য ক্রয়ে তার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। এসব বৈশিষ্ট্য জরুরি পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রুমির ছাতা একটি জরুরি পণ্য।
শপিং পণ্যের ভিত্তিতে জনাব রুমির ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত পরিবর্তনের যৌক্তিকতা রয়েছে।
যেসব পণ্য ক্রেতারা দীর্ঘ পরিকল্পনা অনুযায়ী পণ্যের আকার-আকৃতি, রং, গুণাগুণ, মূল্য ইত্যাদি বিবেচনা করে ক্রয় করে তাকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা অতিরিক্ত সময় প্রদান করতে কুণ্ঠাবোধ করে না। বিভিন্ন দোকান ঘুরে সকল বিষয় বিবেচনা করে এ ধরনের পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
উদ্দীপকের জনাব রুমি তার বাড়ির জন্য একটি নির্দিষ্ট ব্রান্ডের ফ্রিজ ক্রয়ের উদ্দেশ্যে রওনা হন। অবিরাম বৃষ্টির কারণে পথিমধ্যে একটি দোকানে অবস্থান করেন। সেখান থেকে জনাব রুমি ছাতা ক্রয় করে যশোর নিউমার্কেটে যান। সেখানে বিভিন্ন কোম্পানির ফ্রিজের সাইজ, মূল্য, বিক্রয়োত্তর সেবা পর্যবেক্ষণ করে তার নির্দিষ্ট ব্র্যান্ডের ফ্রিজের পরিবর্তে অন্য কোম্পানির ফ্রিজ ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন। উল্লেখ্য উদ্দীপকের ফ্রিজ এমন একটি পণ্য যা তিনি দীর্ঘ পরিকল্পনা করে, সকল বৈশিষ্ট্য বিবেচনা করে ও সময় অতিবাহিত করে ক্রয় করেন; যা শপিং পণ্য হিসেবে বিবেচিত।
শপিং পণ্যের ক্ষেত্রে ক্রেতা সকল বৈশিষ্ট্য বিবেচনা করে চূড়ান্ত ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে পণ্যের বৈশিষ্ট্য, গুণাগুণ, মূল্য, বিক্রয় পরবর্তী সেবা ইত্যাদি বিবেচনায় ভোক্তা তার ক্রয় সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারেন। তাছাড়া বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের যুগে অনেক প্রতিষ্ঠান পণ্যের গুণগত মান উন্নয়নসহ বিক্রয়ের পর ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে, যা বিক্রয়োত্তর সেবা নামে পরিচিত। এরূপ সেবা প্রদানের মাধ্যমে বিপণনকারী গ্রাহকদের নিকট তার পণ্যের প্রতি আস্থা ও দুর্বলতা তৈরি করে। উদ্দীপকের জনাব রুমিও পণ্যের সাইজ, মূল্য, বিক্রয়োত্তর সেবা পর্যবেক্ষণ করে তার ক্রয় সিদ্ধান্ত পরিবর্তন করেন; যা শপিং পণ্যের ক্ষেত্রে সঠিক ও যথার্থ সিদ্ধান্ত বলে আমি মনে করি।
৯. উদ্দীপক
আবেগের বশবর্তী হয়ে যেসব পণ্য ক্রেতারা ক্রয় করে তাকে লোভনীয় পণ্য বলে।
লোভনীয় পণ্য ক্রয়ের জন্য ক্রেতারা কোনো পূর্বপরিকল্পনা গ্রহণ করে না। চলার পথে দৃষ্টি আকর্ষণপূর্বক হঠাৎ করেই এ ধরনের পণ্য ক্রয়ের ইচ্ছা জাগ্রত হয় অথবা বিজ্ঞাপন দেখে ক্রেতাকে উক্ত পণ্য ক্রয়ে আকৃষ্ট করা হয়। যেমন: ম্যাগাজিন, পোস্টার, শিশুখেলনা, আইসক্রিম, চটপটি, বেলুন, ফুলদানি ইত্যাদি।
উদ্দীপকে জনাব সেলিমের ব্যবসায়ে বিক্রয় প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার মাধ্যমটি ব্যবহার করা হয়েছে।
ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এরূপ প্রসারমূলক পন্থা ব্যবহার করা হয়।
উদ্দীপকে জনাব সেলিম একটি সাবান কোম্পানির মালিক। তিনি তার কারখানায় বিভিন্ন ধরনের সাবান উৎপাদন করে তা বিপণন করেন। তিনি তার উৎপাদিত পণ্যের ওপর মূল্যছাড়, কুপন ও মেলায় ক্রেতা আকর্ষণের জন্য প্রচেষ্টা চালান। ভোক্তাদের মনে ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে ধর্মীয় বা সামাজিক উৎসবে শুভেচ্ছা জ্ঞাপন পদ্ধতি অবলম্বন করেন। প্রতিষ্ঠানটির এমন কার্যক্রম ভোক্তামুখী বিক্রয় প্রসার হাতিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সেলিম বিক্রয় প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার মাধ্যমটি ব্যবহার করেছেন।
সাবান বিক্রি বৃদ্ধির জন্য জনাব সেলিমের সিদ্ধান্তের সাথে আমি একমত। তিনি বিক্রয় প্রসারের উপহার কৌশলটি ব্যবহার করেছেন।
ক্রেতাদের মনে পণ্য সম্পর্কে অনুকূল মনোভাব সৃষ্টির জন্য তাদেরকে বিভিন্ন ধরনের উপহার প্রদান করা হয়। এটি এমন একটি বিক্রয় প্রসার কৌশল যার মাধ্যমে স্বল্পব্যয় এবং কম সময়ে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। এরূপ উপহারের গায়ে উৎপাদক প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা মুদ্রিত থাকে। যেমন: ক্যালেন্ডার, কলম, চাবির রিং ইত্যাদি।
উদ্দীপকে বলা হয়েছে, জনাব সেলিম একটি সাবান কোম্পানির মালিক। তিনি তার কারখানায় বিভিন্ন ধরনের সাবান উৎপাদন করে তা বিপণন করেন। প্রাথমিক পর্যায়ে তিনি ভোক্তামুখী বিভিন্ন বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করেন। বর্তমানে তিনি কোম্পানি সম্পর্কে ভোক্তার অনুকূল ধারণা সৃষ্টির জন্য ডায়েরি, ক্যালেন্ডার, কলম ইত্যাদি উপহার দিচ্ছেন। ফলে বাজারে তার উৎপাদিত পণ্যের চাহিদা বাড়ছে এবং পণ্যের বিক্রিও দিন দিন বাড়ছে। উক্ত প্রসার কার্যক্রমটি বিক্রয় প্রসারের উপহার কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ।
লক্ষ্যস্থিত ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন এবং পণ্যের গুণাবলি তুলে ধরে ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহী করার প্রক্রিয়া হলো প্রসার; যা বিপণন মিশ্রণের অন্যতম একটি হাতিয়ার। তন্মধ্যে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম হচ্ছে বিক্রয় প্রসার। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, অনুগত ক্রেতাদেরকে পুরস্কৃত করা, প্রতিযোগিতা মোকাবিলা, ক্রেতা আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন উপহার প্রদান করে। ফলে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি হয়। তাই বলা যায়, জনাব সেলিমের উপহার প্রদানের সিদ্ধান্তটি বিক্রয় বৃদ্ধিতে সহায়ক।
১০. উদ্দীপক
পণ্য বা প্রতিষ্ঠানসংক্রান্ত তথ্য ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানোর পদ্ধতিকে বিপণন প্রসার বলে।
একটি পণ্য উৎপাদন করলেই সে সম্পর্কে ক্রেতা জানতে পারে না। এমতাবস্থায় ক্রেতাকে অবহিত করার জন্য বিপণনকারী বিভিন্ন পন্থা অবলম্বন করে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ ইত্যাদি হাতিয়ার ব্যবহার করে পণ্য বা প্রতিষ্ঠানের তথ্য ক্রেতার নিকট পৌঁছানো হয়। বিপণনকারীর এ সকল কর্মকান্ডকেই বিপণন প্রসার বলে।
টপ-টক লি. ক্রেতাদের অবহিত করার জন্য প্রসার মিশ্রণের বিজ্ঞাপন হাতিয়ার ব্যবহার করেছে।
নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা।
উদ্দীপকের টপ-টক লি. মোবাইল হ্যান্ডসেটের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি প্রতিনিয়ত তাদের মোবাইল সেটের নিত্যনতুন ডিজাইন বাজারে ছাড়ে। সম্প্রতি তারা পণ্যের প্রচারের লক্ষ্যে কয়েকটি নৈর্ব্যক্তিক উপস্থাপনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। উক্ত তথ্য প্রচার কাজটি বিপণনের বিজ্ঞাপন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা এখানে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনা বিদ্যমান, আবার একটি নির্দিষ্ট উদ্যোক্তা অর্থ প্রদানের জন্য চুক্তি সম্পাদন করেন। তাই বলা যায়, টপ-টক লি. ক্রেতাদের অবহিত করার জন্য প্রসার মিশ্রণের বিজ্ঞাপন হাতিয়ার ব্যবহার করেছে।
বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে টপ-টক কোং বিক্রয় প্রসারের যে হাতিয়ার ব্যবহার করেছে তার সাথে আমি একমত। তারা বিক্রয় প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করে।
ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এরূপ প্রসারমূলক পন্থা ব্যবহার করা হয়।
উদ্দীপকের টপ-টক লি. মোবাইল হ্যান্ডসেটের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি প্রতিনিয়ত তাদের মোবাইল 'সেটের নিত্যনতুন ডিজাইন বাজারে ছাড়ে। প্রতিষ্ঠানটি পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য লটারির মাধ্যমে পুরস্কার ঘোষণা, মূল্যছাড়, নমুনা বিতরণ, কুপন ইত্যাদি কার্যক্রম গ্রহণ করেন। তাদের এরূপ কার্যক্রম ভোক্তামুখী বিক্রয় প্রসার হাতিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। উক্ত হাতিয়ার ভোক্তকে স্বল্প সময়ে পণ্য ক্রয়ের জন্য উদ্বুদ্ধ করে।
ব্যক্তিক বিক্রয় অথবা বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধিতে ভোক্তামুখী বিক্রয় প্রসার অত্যন্ত গতিশীল মার্কেটিং প্রমোশন পন্থা। নতুন পণ্য প্রবর্তন অথবা চাহিদা কমে যাওয়ায় পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই বিক্রয় প্রসার কার্যক্রমটি গ্রহণ করে তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার প্রয়াস চালাচ্ছে। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞাপনের পাশাপাশি ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করা যৌক্তিক ও যথার্থ।
১১. উদ্দীপক
অর্থ প্রদান ব্যতীত জনসমক্ষে পণ্য, সেবা বা ধারণার উপস্থাপন বা প্রতিষ্ঠানের পরিচিতি বা সুনাম তুলে ধরার জন্য গণমাধ্যমগুলোর সাহায্যে নৈর্ব্যক্তিক সংবাদ উপস্থাপনই হলো প্রচার।
বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় ও বিক্রয় প্রসারের ন্যায় প্রচারও বিপণন প্রসারের অন্যতম হাতিয়ার। পণ্য বা প্রতিষ্ঠানের তথ্যাদি প্রচারের জন্য প্রচারকারী মাধ্যমকে কোনো প্রকার অর্থ প্রদান করতে হয় না। প্রচার হলো অর্থবিহীন সংবাদ উপস্থাপন প্রক্রিয়া। এটি অর্থপ্রদত্ত নয় বলেই বলা হয়- 'প্রচার হলো অ-অর্থপ্রদত্ত প্রসার কৌশল।'
জনাব হাসানের ব্যবসায়ে বিক্রয় প্রসারের মূল্যছাড় মোড়কিকরণ কৌশলটি ব্যবহার করা হয়েছে।
স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য বিপণনকারী যেসব কৌশল বা পন্থা ব্যবহার করে তাকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসার একটি অনিয়মিত কাজ। পণ্যের বিক্রয় বৃদ্ধি ও দ্রুত ক্রেতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কৌশল অবলম্বন করা হয়। মূল্যছাড় মোড়কিকরণ বিক্রয় প্রসারের অন্যতম একটি হাতিয়ার। এক্ষেত্রে পণ্যের মোড়কে মূল্যছাড়ের বিষয়টি উল্লেখ থাকে।
উদ্দীপকের জনাব হাসান একটি সাবান কারখানার মালিক। তিনি তার কারখানায় বিভিন্ন ফ্লেভারের সাবান উৎপাদন করেন। ক্রেতা আকর্ষণের জন্য তিনি তার পণ্যের মূল্যছাড় দেওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি পণ্যের মোড়কে 'মূল্যছাড়' কথাটি স্পষ্ট অক্ষরে উল্লেখ করেন। মোড়কের গায়ে উক্ত মূল্যছাড় কথাটি ব্যবহার বিক্রয় প্রসারের মূল্যছাড় মোড়কিকরণ কৌশলকে নির্দেশ করে।
বিভিন্ন জেলায় ডিলার নিয়োগ করলে পণ্যের বিতরণ বিস্তৃত হতে পারে এবং স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ সহজ হয়। এই কারণে বাজার সম্প্রসারণের সিদ্ধান্তটি যুক্তিসংগত হতে পারে, যদি ডিলার নির্বাচন, সরবরাহব্যয় ও চাহিদা যাচাই করা হয়।
তবে ডিলার নিয়োগ নিজে বণ্টন বা চ্যানেল গঠনের কাজ; একে সরাসরি স্বল্পমেয়াদি বিক্রয় প্রসার বলা ঠিক নয়। উদ্দীপকে ডিলারদের ক্রয়ভাতা, গিফট ও বিক্রয় প্রতিযোগিতা দেওয়া হয়েছে—এগুলো মধ্যস্থ ব্যবসায়ীমুখী কারবার প্রসারের হাতিয়ার। ডিলার নিয়োগ এবং ডিলারকে প্রণোদনা দেওয়া পরস্পর সহায়ক হলেও আলাদা কাজ।